সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
তরুণদের মধ্যে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়াবেটিসের ঝুঁকি | স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ
ডায়াবেটিস এখন আর বয়স্কদের মধ্যে সীমাবদ্ধ নেই, উদ্বেগজনকভাবে তরুণ প্রজন্মের মধ্যেও ছড়িয়ে পড়ছে অসংক্রামক এই রোগ। সাম্প্রতিক স্বাস্থ্য পর্যবেক্ষণে দেখা গেছে, ৩০ থেকে ৩৫ বছর বয়সী তরুণদের মাঝে ধূমপান ও তামাক ব্যবহারের কারণে ডায়াবেটিসসহ একাধিক জটিল রোগের ঝুঁকি দিন দিন বাড়ছে। যে বয়সে একজন মানুষের কর্মক্ষমতা ও সৃজনশীলতা সর্বোচ্চ পর্যায়ে থাকার কথা, সে বয়সেই এমন অসুস্থতা জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে।
আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের প্রকাশিত তথ্যানুযায়ী, বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা বর্তমানে ১ কোটি ৩৯ লাখ ছাড়িয়েছে। সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো, এদের প্রায় অর্ধেকই জানেন না যে তারা এই রোগে আক্রান্ত। ফলে একটি বিশাল জনগোষ্ঠী প্রাথমিক সনাক্তকরণ ও চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত থাকছে। গবেষণায় দেখা গেছে, তামাক বা ধূমপানে আসক্ত ব্যক্তিদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অধূমপায়ীদের তুলনায় কয়েকগুণ বেশি।
বিশেষজ্ঞদের মতে, কেবল ধূমপানই নয়, অনিয়ন্ত্রিত জীবনযাপন, ফাস্টফুড ও অতিরিক্ত চর্বিযুক্ত খাবার গ্রহণ, শারীরিক পরিশ্রমের অভাব এবং পেটে মেদ জমে যাওয়া তরুণদের ডায়াবেটিসের মূল কারণ। বিশেষ করে শহর অঞ্চলে খেলার মাঠের অভাব, দীর্ঘক্ষণ বসে কাজ করা এবং অনিয়মিত খাদ্যাভ্যাস পরিস্থিতিকে আরও ঘনীভূত করছে। ধোঁয়াহীন তামাক সেবনও এই ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।
চিকিৎসকরা সতর্ক করে বলছেন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস পরবর্তীতে হৃদরোগ, স্ট্রোক, কিডনি বিকল, অন্ধত্ব ও অঙ্গহানির মতো মারাত্মক পরিণতি ডেকে আনে। এ ছাড়া মাড়ি ও দাঁতের বিভিন্ন সমস্যা ডায়াবেটিসের অন্যতম পূর্বলক্ষণ হিসেবে দেখা দিতে পারে, যা অবহেলা করা অনুচিত।
ডায়াবেটিস প্রতিরোধে জীবনযাত্রায় পরিবর্তন আনার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ধূমপান ও তামাক বর্জন, সুষম খাদ্যাভ্যাস, প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা বা শারীরিক কসরত এবং ওজন নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। পাশাপাশি যাদের পরিবারে ডায়াবেটিসের ইতিহাস রয়েছে, তাদের নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করানো উচিত। প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র ও উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবা, ইনসুলিন ও ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করার পাশাপাশি সর্বস্তরে গণসচেতনতা বাড়াতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেয়া হচ্ছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
অর্থনৈতিক বাধার কারণে কোনো নারী যেন ক্যান্সার চিকিৎসাবঞ্চিত না হন
১০ ঘন্টা আগে
খাবার চিবানোর সময় চোখ দিয়ে পানি পড়ে? চিকিৎসাবিজ্ঞানের ‘কুম্ভীরাশ্রু’র কারণ ও প্রতিকার
২ দিন আগে
স্বাস্থ্য খাতে পরীক্ষা-নিরীক্ষার আড়ালে বছরে হাজার কোটি টাকার কমিশন বাণিজ্যের শঙ্কা
৩ দিন আগে