সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
সন্ত্রাস ও গুম-খুনের রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিহত করার ডাক তারেক রহমানের
গুম, খুন, অগ্নিসন্ত্রাস এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে দেশের সব গণতন্ত্রকামী রাজনৈতিক শক্তি ও দেশপ্রেমিক জনগণকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে এমনভাবে জবাব দিতে হবে যাতে ভবিষ্যতে কেউ জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার সাহস না পায়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মণ্ডলেরহাটে মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে দেশবাসী যে বাকস্বাধীনতা ও ভোটাধিকার পুনরুদ্ধার করেছে, তা নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে। এ অবস্থা প্রতিরোধে রাজপথের সব গণতান্ত্রিক শক্তিকে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
বিগত শাসনকালের তীব্র সমালোচনা করে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে একটি বিশেষ গোষ্ঠী দেশের অর্থ পাচার, নির্যাতন ও গুম-খুনের রাজনীতি চালিয়েছে। ক্ষমতা হারিয়েও তারা অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিতে লিপ্ত রয়েছে। বাংলাদেশ এখন শান্তি, উন্নয়ন ও নিরাপত্তা চায় মন্তব্য করে তিনি স্পষ্ট জানান, 'যথেষ্ট হয়েছে, আর নয়।'
বক্তব্যে তিনি তিস্তা মহাপরিকল্পনা, তিস্তা ও পদ্মা ব্যারাজ বাস্তবায়ন না হওয়া এবং লালমনিরহাটে ইপিজেড ও গ্যাসলাইন না থাকার পেছনে তৎকালীন সরকারের ব্যর্থতা ও দুর্নীতিকে দায়ী করেন।
জনসভায় জনকল্যাণমুখী পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান জানান, আগামী মাস থেকে অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ভাতা চালু এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি ও পোশাক বিতরণের কার্যক্রম দ্রুত শুরু করা হবে।
এছাড়া, লালমনিরহাটে জাতীয় এরো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনকালে তিনি বলেন, আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। অপরাহ্ণে পরিবেশ সংরক্ষণ ও সামাজিকভাবে সচেতনতা বাড়ানোর বিষয়ে স্থানীয় সংগঠকদের ভূমিকা রাখার তাগিদ দেন তিনি।