সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
তৃণমূল থেকে রাষ্ট্র পরিচালনা | তারেক রহমানের রাজনৈতিক পথচলা ও রাষ্ট্র সংস্কার ভাবনা
বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ চড়াই-উৎরাই পার করে সর্বোচ্চ নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হয়েছেন তারেক রহমান। রাজনৈতিক প্রতিকূলতা, গ্রেপ্তার, শারীরিক নির্যাতন, ১৭ বছরের দীর্ঘ প্রবাসজীবন এবং দলীয় নেতৃত্বের নানামুখী চ্যালেঞ্জ অতিক্রম করে তিনি আজকের এই অবস্থানে পৌঁছেছেন। মাঠপর্যায়ের আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং রাষ্ট্র সংস্কারের দূরদর্শী পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে তিনি রাজনৈতিক পরিমণ্ডলে নিজের সুদৃঢ় ভিত্তি গড়ে তুলেছেন।
আজ ২০ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন। পরিবারের রাজনৈতিক আবহ থেকেই তাঁর বেড়ে ওঠা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান হওয়া সত্ত্বেও পারিবারিক পরিচয়ের বাইরে নিজস্ব সাংগঠনিক উদ্যোগ ও নিরলস সংগ্রামের মধ্য দিয়ে তিনি দলীয় নেতৃত্ব ও জনসমর্থন অর্জন করেছেন। আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় মায়ের সঙ্গে রাজপথে তাঁর পথচলা শুরু হয় এবং ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থেকে বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিক রাজনীতিতে প্রবেশ করেন।
তারেক রহমানের রাজনৈতিক দর্শনের অন্যতম মূল স্তম্ভ ছিল তৃণমূল নেতৃত্বকে মূল্যায়ন করা। ২০০১ সালের নির্বাচনের পূর্বে স্থানীয় জনস্বার্থ ও সুশাসন নিয়ে গবেষণা এবং ২০০৫ সালে দেশব্যাপী তৃণমূল সম্মেলনের মতো নজিরবিহীন উদ্যোগ তাঁর সাংগঠনিক সক্ষমতাকে ছড়িয়ে দেয়। পরবর্তীতে ২০০৭ সালের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কারাবন্দি ও শারীরিক নির্যাতনের শিকার হয়ে চিকিৎসার জন্য ২০০৮ সালে তাঁকে যুক্তরাজ্যে যেতে হয়, যা পরবর্তীতে দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবনে রূপ নেয়।
প্রবাসে থেকেই তিনি ভার্চুয়াল মাধ্যমে বিএনপিকে ঐক্যবদ্ধ রাখেন। ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন। ২০২৩ সালে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন গড়ে তোলার পাশাপাশি তিনি রাষ্ট্রকাঠামো মেরামতের ‘৩১ দফা’ রূপরেখা ঘোষণা করেন। এর পর ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানেও প্রবাস থেকে প্রয়োজনীয় রাজনৈতিক ও সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করেন।
দীর্ঘ প্রবাসজীবন শেষ করে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফিরে আসেন তারেক রহমান। পরবর্তীতে ২০২৬ সালের জাতীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ১৭ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। প্রধানমন্ত্রী হিসেবে বর্তমানে তিনি ‘থ্রি-আর’ (রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন) কৌশলের মাধ্যমে অর্থনৈতিক পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা ও সামাজিক সুরক্ষার লক্ষ্য নিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন। রাজনৈতিক দূরদর্শিতা ও সুশাসনের রূপরেখা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়াই এখন তাঁর নেতৃত্বের মূল অঙ্গীকার।