সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
কুষ্টিয়ায় ভাঙারির দোকানে বস্তা নামাতেই বিকট বিস্ফোরণ, আহত ২
কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় একটি ভাঙারির দোকানে বস্তাভর্তি মালামাল নামানোর সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভাঙারি বিক্রেতা ও দোকানমালিক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের তোড়ে তাঁদের দুজনের পায়েই গভীর ক্ষত সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে শহরের মজমপুর রেললাইনের পাশে রুহুল আমিনের মালিকানাধীন ভাঙারির দোকানে এই দুর্ঘটনা ঘটে।
আহত দুজন হলেন কুষ্টিয়া শহরের কোটপাড়া এলাকার জব্বারের ছেলে ভাঙারি বিক্রেতা সুমন এবং জগতি পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে ভাঙারি দোকানমালিক রুহুল আমিন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সুমন শহরের বিভিন্ন এলাকা থেকে ভাঙারি মালামাল সংগ্রহ করে মজমপুরে বিক্রি করতেন। শুক্রবার দুপুরে কাস্টম মোড় এলাকা থেকে বস্তাভর্তি প্লাস্টিক ও অন্যান্য মালামাল নিয়ে ২০ টাকা ভাড়ায় একটি রিকশায় করে রুহুল আমিনের দোকানে আসেন তিনি। দোকানটির সামনে রিকশা থেকে বস্তাটি নামিয়ে রাখার পরপরই বিকট বিস্ফোরণ ঘটে। আচমকা বিস্ফোরণের শব্দে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে সুমন ও রুহুল মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে তাঁদের হাসপাতালে নিয়ে যান।
ঘটনার বর্ণনা দিয়ে রিকশাচালক তসলিম উদ্দিন জানান, কাস্টম মোড় থেকে ভাঙারির বস্তাটি তাঁর রিকশায় নেওয়া হয়েছিল। গন্তব্যে পৌঁছানোর পর ভাড়া দিতে দেরি হওয়ায় তিনি কিছুটা সামনে দাঁড়ান। ঠিক তখনই দোকানমালিকের সামনে বস্তাটি রাখতেই বিকট বিস্ফোরণ ঘটে।
আহত দোকানমালিক রুহুল আমিন বলেন, দোকানে বস্তাটি রাখার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ হয়। বস্তাটিতে কেবল প্লাস্টিকের জিনিস রয়েছে বলেই তিনি ভেবেছিলেন, এর ভেতরে অন্য কিছু বা বোমা ছিল কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, বিকেল সোয়া ৩টার দিকে আহত দুজনকে হাসপাতালে আনা হয়। বর্তমানে তাঁদের সার্জারি ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত সুমনের বাঁ পায়ে গভীর ক্ষত রয়েছে এবং রুহুলের ডান পায়ে আঘাত লেগেছে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, বিস্ফোরণে আহত দুজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁরা সুস্থ হলে কথা বলে বিস্ফোরণের প্রকৃত কারণ উদ্ঘাটন করা সম্ভব হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঋতু পরিবর্তনের আমেজে স্বস্তি ও দুর্ভোগের মিশ্র অনুভূতি
১ ঘন্টা আগে
কুষ্টিয়া পৌর নির্বাচনে এনসিপির মেয়র পদে মনোনয়ন পেলেন সুলতান মারুফ তালহা
৪ ঘন্টা আগে
আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে ইবি ক্যাম্পাসে সতর্ক অবস্থানে ছাত্রদল
২০ ঘন্টা আগে