সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহে পিতার লাশ দাফনে বাধা | সম্পত্তি নিয়ে সন্তানদের ১৩ ঘণ্টার বিরোধ
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পিতার সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মাহাবুব তরফদার (৮০) নামের এক বৃদ্ধের মরদেহ প্রায় ১৩ ঘণ্টা ধরে দাফন ছাড়া পড়ে আছে, কারণ তার এক ছেলে ও তিন মেয়ে দাফনে বাধা দিয়েছেন। তারা অভিযোগ তুলেছেন যে, মৃত ব্যক্তি তার দুই ছেলের নামে জোরপূর্বক জমি লিখে দিয়েছেন।
ঘটনাটি ঘটে শুক্রবার (২০ নভেম্বর) সকালে মহেশপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গাড়াবাড়ীয়া তরফদার পাড়ায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে যশোরের চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে মাহবুব তরফদার মারা যান। তার ছয় ছেলে-মেয়ের মধ্যে বড় ছেলে মনিরুল তরফদার এবং ছোট ছেলে শফি তরফদারের বিরুদ্ধে অভিযোগ, তারা বাবাকে দিয়ে জোরপূর্বক নিজেদের নামে জমি রেজিস্ট্রি করে নিয়েছেন। এ নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘকাল ধরে তীব্র কলহ চলছিল।
শুক্রবার সকালে পিতার মৃত্যুর খবর পেয়ে মাহবুব তরফদারের মেজো ছেলে রফিকুল তরফদার (যিনি বাক-প্রতিবন্ধী) এবং তার তিন মেয়ে সেলিনা বেগম, পারভীনা আক্তার ও রিনা খাতুন বাড়িতে আসেন। তারা বাবার মরদেহ দাফনে বাঁধা দেন, দাবি করেন যে তাদের ন্যায্য প্রাপ্য জমি ফেরত না পাওয়া পর্যন্ত তারা দাফন করতে দেবেন না। তারা আরও অভিযোগ করেন যে, গত দুই বছর ধরে তাদের বাবার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি এবং এ বিষয়ে তারা আদালতে মামলাও দায়ের করেছিলেন।
তবে, বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট ছেলে শফি তরফদার জোরপূর্বক জমি রেজিস্ট্রি করার অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, তাদের বাবা নিজ ইচ্ছায় সম্পত্তি তাদের নামে লিখে দিয়েছেন, কোনো জোরজবরদস্তি করা হয়নি।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতি নিরসনে দফায় দফায় মীমাংসার চেষ্টা চলছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম গণমাধ্যমকে জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে নড়াইলের জাসাস নেতা সোহেল মোল্লা হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
৭ ঘন্টা আগে
ঝিনাইদহে নারীর মিথ্যা অপবাদ ও অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
১ দিন আগে
নাশকতার মামলায় ঝিনাইদহের ইউপি চেয়ারম্যান এনামুল হক নিলু গ্রেপ্তার
১ দিন আগে