সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহে নবগঙ্গা নদীর ওপর সেতুবিহীন বারইখালী-উদয়পুর | ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি
ঝিনাইদহ সদর উপজেলার বারইখালী ও উদয়পুর গ্রামের সংযোগকারী নবগঙ্গা নদীর ওপর একটি পাকা সেতু না থাকায় প্রায় এক দশক ধরে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন দুই পাড়ের অন্তত ১০টি গ্রামের হাজারো বাসিন্দা। ঝুঁকিপূর্ণ বাঁশ ও কাঠের সাঁকোই তাদের দৈনন্দিন চলাচলের একমাত্র ভরসা, যা প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।
এ অঞ্চলের শিক্ষার্থী, কৃষক এবং জরুরি চিকিৎসাসেবা প্রত্যাশীরা এই যোগাযোগ বিচ্ছিন্নতার শিকার হচ্ছেন। আশ্চর্যের বিষয় হলো, পৌরসভার পাশেই এমন বেহাল দশা বিদ্যমান থাকলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখানে কোনো স্থায়ী সেতুর নির্মাণ কাজ শুরু হয়নি।
সরেজমিনে দেখা যায়, নবগঙ্গা নদীর ওপর নির্মিত সরু বাঁশের সাঁকোটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উদয়পুর এবং সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বারইখালী গ্রামের মানুষের জন্য যোগাযোগের প্রধান মাধ্যম। প্রতিদিন শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই সাঁকো পারাপার হন। বিশেষ করে বর্ষাকালে যখন নদীতে পানি বৃদ্ধি পায় এবং সাঁকো পিচ্ছিল হয়ে ওঠে, তখন দুর্ঘটনার আশঙ্কা আরও প্রকট হয়।
উদয়পুর গ্রামের বাসিন্দা শাকিল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “বছরের পর বছর ধরে আমরা এই বিপজ্জনক সাঁকো দিয়েই চলাচল করছি। শিশু, নারী ও বয়স্কদের সাঁকো পার হতে মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হয়। প্রতিনিয়ত দুর্ঘটনার ভয়ে আমরা চলাচল করি। এখানে একটি পাকা সেতু নির্মাণ করা হলে দুই পাড়ের মানুষের দুর্ভোগ চিরতরে লাঘব হবে।”
বারইখালী গ্রামের কৃষক নজু মিয়া তার দৈনন্দিন সমস্যার কথা তুলে ধরে বলেন, “এই সাঁকো দিয়ে ভ্যান, রিকশা কিংবা কোনো বড় যানবাহন চলাচল করতে পারে না। ফলে আমাদের উৎপাদিত ফসল মাথায় করে নদী পার করতে হয়, যা অত্যন্ত কষ্টসাধ্য। কেউ অসুস্থ হলে বা জরুরি প্রয়োজনে রোগী ও মালামাল আনা-নেওয়ার ক্ষেত্রেও চরম বিপাকে পড়তে হয়। বিকল্প পথে গন্তব্যে পৌঁছাতে কয়েক কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে যেতে হয়।”
স্থানীয় বাসিন্দা সালাম মিয়া দ্রুত সমাধানের আহ্বান জানিয়ে বলেন, “ঝিনাইদহ পৌরসভা এবং পার্শ্ববর্তী পোড়াহাটি ইউনিয়নের প্রায় ১০টি গ্রামের মানুষের নির্বিঘ্ন চলাচলের জন্য এখানে দ্রুত একটি পাকা সেতু নির্মাণ করা হোক। তাহলেই আমাদের দীর্ঘদিনের এই ভোগান্তি দূর হবে।”
এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলা প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ জানান, “ওই স্থানে সেতু না থাকায় স্থানীয়দের কষ্ট হচ্ছে। আমরা ইতোমধ্যেই একটি সেতু নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছি। প্রকল্পটি অনুমোদন হলে পরবর্তী প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।”
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে নারীর মিথ্যা অপবাদ ও অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৩ ঘন্টা আগে
নাশকতার মামলায় ঝিনাইদহের ইউপি চেয়ারম্যান এনামুল হক নিলু গ্রেপ্তার
৫ ঘন্টা আগে
৩২ স্থাপনা উচ্ছেদ, ৪ লাখ টাকায় নিলাম
১ দিন আগে