আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে জাল দলিল নিয়ে হাজির এক প্রতারক : ডিজিটাল সিল ও ৩ এনআইডিসহ চুয়াডাঙ্গার সিএনবি পাড়ার রাশেদুল আটক
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে জাল দলিল নিয়ে হাজির এক প্রতারক : ডিজিটাল সিল ও ৩ এনআইডিসহ চুয়াডাঙ্গার সিএনবি পাড়ার রাশেদুল আটক
ব্যাংকঋণ গ্রহণের জন্য জাল সার্টিফাইড দলিল তৈরি করে তা আসল হিসেবে ব্যবহারের অভিযোগে মোঃ রাশেদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। তার বাড়ি চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সিএনবি পাড়ায়। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিস থেকে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৫ পৃষ্ঠার একটি জাল দলিল, তিনটি জাতীয় পরিচয়পত্র ও একটি ডিজিটাল সিল উদ্ধার করা হয়েছে।
সাব-রেজিস্ট্রি অফিসসূত্রে জানা যায়, বুধবার দুপুর আনুমানিক দেড়টার দিকে রাশেদুল ইসলাম ব্যাংকঋণ গ্রহণের জন্য বন্ধকী দলিল ও পাওয়ার দলিল নিবন্ধনের উদ্দেশ্যে ১৫ পৃষ্ঠার একটি সার্টিফাইড দলিল উপস্থাপন করেন। আলমডাঙ্গার সাব-রেজিস্ট্রার এস এম হাবিবুল্লাহ দলিলটি পরীক্ষা করে তাতে ব্যবহৃত সরকারি সিলমোহর জাল বলে শনাক্ত করেন। এমনকি সিলমোহরে থাকা স্বাক্ষরও তার নিজের নয় বলে নিশ্চিত করেন। অথচ সিলমোহরে উল্লেখিত তারিখে তিনি সাব-রেজিস্ট্রারের দায়িত্বে ছিলেন।
বিষয়টি পুলিশকে জানানো হলে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাশেদুলকে আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে তিনটি জাতীয় পরিচয়পত্র ও একটি ডিজিটাল সিল উদ্ধার করা হয়। জব্দ করা হয় ১৫ পৃষ্ঠার দলিলটিও।
এ ঘটনায় আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী মোঃ আব্দুল হান্নান বাদী হয়ে রাশেদুল ইসলাম ও তার অজ্ঞাতনামা সহযোগীদের বিরুদ্ধে থানায় এজাহার দিয়েছেন। এজাহারে সরকারি সিলমোহর জাল করে দলিল প্রস্তুত, জাল দলিল আসল হিসেবে ব্যবহার এবং প্রতারণার উদ্দেশ্যে ডিজিটাল সিল নিজেদের হেফাজতে রাখার অভিযোগ আনা হয়েছে।
তবে জালিয়াতির এ ঘটনার নেপথ্যে আরও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। বিশ্বস্ত সূত্রের দাবি, ইসলামি ব্যাংকের চুয়াডাঙ্গা শাখা থেকে ঋণ নেওয়ার উদ্দেশ্যেই দলিলটি প্রস্তুত করা হচ্ছিল। ব্যাংকটিতে কর্মরত রাশেদ নামের এক ব্যক্তির পরামর্শে রাশেদুল জাল দলিল তৈরিতে উৎসাহিত হন বলে সূত্রটির দাবি। পরবর্তীতে রাশেদুল আটক হওয়ার পর কয়েকজন রাজনৈতিক নেতার অনুরোধে এজাহারে সংশ্লিষ্ট ব্যাংক ও ওই কর্মকর্তার পরিচয় উল্লেখ করা হয়নি বলেও সূত্রের দাবি। ফলে জাল দলিল তৈরির নেপথ্যে কেবল একজন ব্যক্তি, নাকি এর সঙ্গে আরও প্রভাবশালী কারও সংশ্লিষ্টতা রয়েছে, সেই প্রশ্ন সামনে এসেছে।
তবে, ব্যাংক কর্মকর্তার নাম রাশেদই না অন্য কেউ সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত নন থানা পুলিশ।
সরকারি সিলমোহর জাল করে সার্টিফাইড দলিল তৈরির এই ঘটনা ভূমি নিবন্ধনব্যবস্থার নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে জাল দলিল ব্যবহার করে ব্যাংকঋণ গ্রহণের চেষ্টা সফল হলে আর্থিক প্রতিষ্ঠান ও প্রকৃত জমির মালিক উভয়েই বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারতেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় ১৪৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায় স্বামী-স্ত্রী ও সহযোগী গ্রেফতার
১ ঘন্টা আগে
নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে আলমডাঙ্গায় জামায়াতের মোটরসাইকেল শোডাউন
৩ ঘন্টা আগে
আলমডাঙ্গার অলিগলিতে মাদকের ভয়াল থাবা : মাদক মামলার আসামীসহ গ্রেফতার ২
৫ ঘন্টা আগে