সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
সরকারি হাসপাতালে ৪০% চিকিৎসকের অনুপস্থিতি, কমিশন বাণিজ্যে বছরে লেনদেন ১,৮৬১ কোটি টাকা
দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের ব্যাপক অনুপস্থিতি, বেসরকারি ডায়াগনস্টিক কেন্দ্রগুলো থেকে চিকিৎসকদের কমিশন গ্রহণ এবং চিকিৎসা যন্ত্রপাতি কেনাকাটায় ভয়াবহ দুর্নীতির চিত্র উঠে এসেছে বাংলাদেশ হেলথ ওয়াচের (বিএইচডব্লিউ) এক গবেষণায়। প্রতিবেদন অনুযায়ী, দেশের সরকারি হাসপাতালগুলোতে আকস্মিক পরিদর্শনে প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত পাওয়া গেছে। অন্যদিকে, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রোগী পাঠানোর বিনিময়ে চিকিৎসকরা পরীক্ষার ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন নিচ্ছেন।
গবেষণার তথ্যমতে, বড় বড় ডায়াগনস্টিক কেন্দ্রগুলোতে রোগী পাঠানোর এ প্রক্রিয়ায় বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকার কমিশন লেনদেন হতে পারে। এছাড়া কেন্দ্রীয় ঔষধাগার অধিদপ্তরের (সিএমএসডি) কেনাকাটায় ৪৫৯ কোটি টাকার আর্থিক ক্ষতির প্রমাণ মিলেছে। এর মধ্যে কেনা যন্ত্রপাতির প্রায় ২৮৩ কোটি টাকার সরঞ্জাম অব্যবহৃত পড়ে আছে এবং ক্ষেত্রবিশেষে বাজারমূল্যের চেয়ে সর্বোচ্চ ১৮ গুণ বেশি দামে কেনাকাটা করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ হেলথ ওয়াচের ২০২৫-২৬ সালের দ্বিবার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব উদ্বেগজনক তথ্য তুলে ধরা হয়। ১৯১ পৃষ্ঠার এই প্রতিবেদনে দেশের স্বাস্থ্য খাতের অনিয়ম, তদারকির অভাব এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতা বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয়।
প্রতিবেদনটি সম্পাদনা করেছেন বিএইচডব্লিউর আহ্বায়ক ডা. আহমেদ মুস্তাক রাজা চৌধুরী এবং আইসিডিডিআরবির ইমেরিটাস বিজ্ঞানী ডা. শামস এল আরেফিন। ১৭ জন গবেষকের গবেষণায় উঠে আসা তথ্যে দেখা যায়, গ্রামীণ এলাকার স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের অনুপস্থিতির হার ক্ষেত্রবিশেষে ৭০ শতাংশ ছাড়িয়ে যায়। পাশাপাশি কাজে না থেকেও বেতন নেওয়া ‘ভূতুড়ে চিকিৎসক’ এবং স্বাস্থ্যকর্মীদের নিয়োগ ও বদলিতে রাজনৈতিক প্রভাবের বিষয়টিও এতে চিহ্নিত করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাস্থ্য খাতের এই সংকট কাটিয়ে উঠতে শুধু ব্যক্তিকেন্দ্রিক শাস্তিমূলক ব্যবস্থা যথেষ্ট নয়, বরং পুরো প্রশাসনিক কাঠামো ও স্বাস্থ্যব্যবস্থায় দৃশ্যমান সংস্কার প্রয়োজন। বিএইচডব্লিউর পক্ষ থেকে কমিশন প্রথা আইনিভাবে নিষিদ্ধ করা, কেনাকাটায় স্বচ্ছতা নিশ্চিত করা, ডিজিটাল মানবসম্পদ ব্যবস্থাপনা চালুকরণ এবং তদারকি সংস্থাগুলোর স্বায়ত্তশাসন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।