আলমডাঙ্গায় কয়েক কোটি টাকার মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়ম, গ্যালারি থেকে টয়লেট—সবখানেই প্রশ্ন
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মিনি স্টেডিয়াম | আলমডাঙ্গায় কয়েক কোটি টাকার মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়ম, গ্যালারি থেকে টয়লেট—সবখানেই প্রশ্ন
আলমডাঙ্গা মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্টেডিয়ামের গ্যালারির ঢালাই, পিলার নির্মাণ ও প্লাস্টার, টয়লেটের ছাদ এবং সেফটি ট্যাংক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের পাশাপাশি কাজে রয়েছে নানা অসংগতি। কোথাও ঢালাইয়ে সিমেন্টের পরিমাণ অস্বাভাবিক কম, কোথাও বাঁকা-তেরছা নির্মাণ। এমনকি টয়লেটের সেফটি ট্যাংকি নির্মাণেও ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট ও স্বল্প রডের ব্যবহার। কয়েক কোটি টাকার এ প্রকল্পের কাজের এমন বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা অবিলম্বে নির্মাণকাজের মান যাচাই করে তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আলমডাঙ্গা সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠটি স্থানীয়ভাবে ‘এ টিম মাঠ’ নামে পরিচিত। দীর্ঘদিন ধরে এ মাঠে মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে। আওয়ামী লীগ সরকারের আমলে কয়েক কোটি টাকা বরাদ্দে স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের কাজ পায় ই-ইঞ্জিনিয়ারিং নামের একটি ফ্যাসিস্ট সরকারের আশির্বাদপুষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২৪ সালের ৫ আগস্টের পর ঠিকাদারি প্রতিষ্ঠানটি নির্মাণকাজ বন্ধ রাখে। পরবর্তীতে আবারও কাজ শুরু হলেও শুরু থেকেই নির্মাণের গুণগত মান নিয়ে নানা অভিযোগ ওঠে। এক পর্যায়ে ঠিকাদার স্থানীয়দের নিকট প্রতিশ্রুতি দিয়েছিলেন অনিয়ম ও দুর্নীতি না করে দ্রুত কাজ সম্পন্ন করার। কিন্তু তিনি পরবর্তীতে প্রতিশ্রুতি রাখেন নি।
স্থানীয়দের অভিযোগ, বারবার ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে কাজের মান ভালো করার অনুরোধ জানানো হলেও তারা তাতে কর্ণপাত করেননি। নিজেদের ইচ্ছামতো নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ চালিয়ে গেছেন। ইতোমধ্যে স্টেডিয়ামের অধিকাংশ কাজ শেষ হলেও নির্মাণের বিভিন্ন অংশে অনিয়মের চিত্র স্পষ্ট হয়ে উঠেছে।
গত কিছুদিন ধরে স্টেডিয়ামের পূর্ব পাশে গ্যালারি, টয়লেট, ড্রেন ও সেফটি ট্যাংকি নির্মাণের কাজ চলছে। সরেজমিনে দেখা যায়, গ্যালারিতে ওঠার সিঁড়ির ঢালাই করা হয়েছে বাঁকা-তেরসাভাবে। গ্যালারির বসার জায়গার ঢালাইয়ে সিমেন্টের চেয়ে বালির আধিক্য চোখে পড়ছে। কোথাও ঢালাইয়ের ওপরিভাগে বালু স্পষ্ট হয়ে আছে, সিমেন্টের উপস্থিতি খুবই কম। টয়লেটের ছাদ নির্মাণেও রয়েছে অসংগতি। ছাদের এক পাশ উঁচু, অন্য পাশ নিচু। অন্যদিকে টয়লেটের সেফটি ট্যাংকির গাঁথুনিতে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট। এসব নির্মাণকাজের স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
বর্তমানে সাদ্দাম নামের এক সাব-ঠিকাদার এসব কাজের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে তার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও ক্রীড়ামোদী মীর আসাদুজ্জামান উজ্জ্বল বলেন, “মিনি স্টেডিয়ামের নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে টয়লেটের সেফটি ট্যাংকি নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার করতে দেখা গেছে। আমরা নির্মাণকাজের কাছে গিয়ে মিস্ত্রিদের সঙ্গে কথা বলে কাজটি বন্ধ রাখতে বলেছি। তাদের ভালো মানের নির্মাণসামগ্রী ব্যবহার করে কাজ করার নির্দেশনা দিয়েছি। এ ব্যাপারে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। নির্মাণকাজের গুণগত মান যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে সন্তোষজনক না হওয়া পর্যন্ত পুনরায় কাজ করার অনুমতি দেওয়া উচিত নয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের হস্তক্ষেপ প্রত্যাশা করছি।”
উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য শরিফুল ইসলাম পিন্টু বলেন, “মিনি স্টেডিয়ামটি আলমডাঙ্গার ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত এ স্থাপনার কাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের সামগ্রী ব্যবহার মেনে নেওয়া যায় না। নির্মাণের শুরু থেকেই কাজের মান নিয়ে প্রশ্ন রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত সরেজমিনে নির্মাণকাজ পরিদর্শন করে প্রতিটি অংশের গুণগত মান যাচাই করা। অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং নিম্নমানের কাজ ভেঙে মানসম্মতভাবে পুনর্নির্মাণ করতে হবে।"
উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মামুন অর রশিদ মণ্ডল বলেন, “মিনি স্টেডিয়ামের নির্মাণকাজের গুণগত মানের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু একটি অবকাঠামো নয়, আলমডাঙ্গার ক্রীড়াঙ্গনের ভবিষ্যতের সঙ্গে জড়িত। কোনোভাবেই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার সুযোগ নেই। অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।"
একটি মফস্বল শহরের ক্রীড়া, সংস্কৃতি ও সুস্থ বিনোদনচর্চার বিকাশে একটি স্টেডিয়ামের গুরুত্ব অপরিসীম। এটি শুধু খেলাধুলার মাঠ নয়, নতুন প্রজন্মের প্রতিভা বিকাশ, তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা এবং সামাজিক সম্প্রীতি গড়ে তোলারও গুরুত্বপূর্ণ কেন্দ্র। আলমডাঙ্গার মতো একটি জনপদে মিনি স্টেডিয়াম নির্মাণ তাই দীর্ঘদিনের প্রত্যাশার সঙ্গে জড়িয়ে আছে। কিন্তু এমন একটি জনকল্যাণমূলক স্থাপনা নির্মাণে যদি অনিয়ম, দুর্নীতি ও নিম্নমানের সামগ্রীর আশ্রয় নেওয়া হয়, তাহলে তা কেবল সরকারি অর্থের অপচয়ই নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বিপজ্জনক হয়ে উঠতে পারে। নির্মাণের পরপরই স্থাপনায় ফাটল, ভাঙন কিংবা দুর্ঘটনার ঝুঁকি তৈরি হলে খেলাধুলার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি মানুষের নিরাপত্তাও হুমকির মুখে পড়বে। কয়েক কোটি টাকার এই বিনিয়োগ যেন দায়সারা নির্মাণের নজির হয়ে না থাকে, সেটিই এখন আলমডাঙ্গাবাসীর প্রত্যাশা।
স্থানীয়দের দাবি, প্রকল্পের বরাদ্দ, ব্যয়, নির্মাণের নকশা ও কার্যাদেশ অনুযায়ী কাজ হচ্ছে কি না, তা প্রকৌশলীদের মাধ্যমে নিরপেক্ষভাবে পরীক্ষা করতে হবে। প্রয়োজনে ঢালাই ও গাঁথুনির নমুনা পরীক্ষা করে প্রকৃত চিত্র বের করতে হবে। কয়েক কোটি টাকার সরকারি অর্থ ব্যয়ে নির্মিত একটি ক্রীড়া স্থাপনা যেন নির্মাণের পরপরই ঝুঁকিপূর্ণ হয়ে না পড়ে, সে জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও প্রকৌশল বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নেশনস লিগে জার্মানিকে ৫-০ গোলে জয় উপহার দিল ডাচদের ঐতিহাসিক লজ্জা
২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় সরকারি ঘর দখল ও অবৈধ ক্রয়ে ১৫ দিনের কারাদণ্ড
৫ ঘন্টা আগে
বাবা-মায়ের পথেই ছেলে! আলমডাঙ্গায় ইয়াবা-ট্যাপেন্টাডল ও নগদ টাকাসহ গ্রেফতার তুষার
৭ ঘন্টা আগে