সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ডা. জুবাইদার আহ্বান | অর্থনৈতিক বাধার কারণে কোনো নারী যেন ক্যান্সার চিকিৎসাবঞ্চিত না হন
দেশের কোনো নারী যেন অর্থনৈতিক অসচ্ছলতা, বাসস্থান বা সামাজিক পরিচয়ের কারণে মরণব্যাধি ক্যান্সারের চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে জোর দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। ক্যান্সার প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ ও সময়োপযোগী কার্যকর চিকিৎসা সবার জন্য সহজলভ্য করার তাগিদ দেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত ‘১১তম বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যান্সার কংগ্রেস (বিআইসিসি) ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান এসব কথা বলেন। দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক কংগ্রেস ১৯ নভেম্বর শুরু হয়েছে এবং আজ শুক্রবার (২০ নভেম্বর) শেষ হবে। এতে ৪০ জন বিদেশি বিশেষজ্ঞসহ প্রায় এক হাজার ক্যান্সার বিশেষজ্ঞ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, গবেষক ও সংশ্লিষ্ট পেশাজীবী অংশগ্রহণ করছেন। সম্মেলনে ক্যান্সার প্রতিরোধ, রোগ নির্ণয়, চিকিৎসা পদ্ধতি এবং গবেষণার সাম্প্রতিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা চলছে।
ডা. জুবাইদা রহমান তার বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশের মোট জনসংখ্যার ৫০.৮ শতাংশ নারী। মা ও বোনেদের প্রাণঘাতী ক্যান্সারের ঝুঁকি থেকে রক্ষা করতে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ অপরিহার্য। যেসব ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব, সেগুলোর প্রতিরোধ, রোগের দ্রুত শনাক্তকরণ, কার্যকর চিকিৎসা নিশ্চিত করা এবং চিকিৎসার উচ্চ ব্যয়জনিত ভোগান্তি কমানোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
তিনি আরও বলেন, শহর ও গ্রামের অসংখ্য নারী নীরবে ক্যান্সারের বিরুদ্ধে লড়ছেন। প্রায়শই তারা পরিবারের অন্যান্য চাহিদা মেটাতে গিয়ে নিজেদের স্বাস্থ্যসেবাকে অবহেলা করেন, যার ফলে রোগ নির্ণয়ে বিলম্ব হয় এবং চিকিৎসার সুযোগ সীমিত হয়ে আসে। এই প্রেক্ষাপট পরিবর্তনে নারীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো এবং চিকিৎসাসেবা প্রাপ্তির সুযোগকে প্রসারিত করা অত্যন্ত জরুরি।
ডা. জুবাইদা জোর দিয়ে বলেন যে, একজন নারীর জীবন রক্ষার সুযোগ তার ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করতে পারে না। দেশের প্রতিটি নাগরিকের মর্যাদা ও সম্মান সহকারে প্রয়োজনীয় চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে। সুতরাং, শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত নারীদের জন্য মানসম্মত ক্যান্সার চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
ক্যান্সার প্রতিরোধে নারীদের জন্য স্কুল-কলেজের অভ্যন্তরে ও বাইরে টিকাদান কর্মসূচি সম্প্রসারণের আহ্বান জানান ডা. জুবাইদা। একই সঙ্গে, দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী নারীদেরও ক্যান্সার স্ক্রিনিং কার্যক্রমের আওতায় আনার গুরুত্ব তুলে ধরেন তিনি।
তিনি ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসায় গৃহীত বিভিন্ন পদক্ষেপের কার্যকারিতা মূল্যায়নের জন্য সুনির্দিষ্ট সূচক নির্ধারণের প্রস্তাব করেছেন। তিনি বলেন, কতজন মেয়েশিশুকে টিকাদান কর্মসূচির আওতায় আনা সম্ভব হয়েছে, কতজন নারী স্ক্রিনিং করিয়েছেন, কতজনের ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত হয়েছে, কতজন যথাসময়ে চিকিৎসা পেয়েছেন এবং কত পরিবার চিকিৎসার অসহনীয় ব্যয়ের বোঝা থেকে সুরক্ষা পেয়েছে—এইসব বিষয় বিবেচনা করে সাফল্যের সঠিক মূল্যায়ন করা উচিত।
ডা. জুবাইদা আরও যোগ করেন যে, ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে কেবল চিকিৎসা ব্যবস্থার সম্প্রসারণই যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং আর্থিক সুরক্ষাকে সমান গুরুত্ব দিতে হবে। নারীদের জন্য সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মাধ্যমেই ক্যান্সারজনিত মৃত্যুহার ও ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ
৫৩ মিনিট আগে
খাবার চিবানোর সময় চোখ দিয়ে পানি পড়ে? চিকিৎসাবিজ্ঞানের ‘কুম্ভীরাশ্রু’র কারণ ও প্রতিকার
২ দিন আগে
স্বাস্থ্য খাতে পরীক্ষা-নিরীক্ষার আড়ালে বছরে হাজার কোটি টাকার কমিশন বাণিজ্যের শঙ্কা
৩ দিন আগে