সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
খাবার চিবানোর সময় চোখ দিয়ে পানি পড়ে? চিকিৎসাবিজ্ঞানের ‘কুম্ভীরাশ্রু’র কারণ ও প্রতিকার
সাধারণত দুঃখ-কষ্ট পেলে মানুষের চোখ থেকে জল আসে, এটি স্বাভাবিক। কিন্তু যদি কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই লোক দেখানোর জন্য কেউ কাঁদে, তবে তাকে বাংলায় 'কুম্ভীরাশ্রু' বলা হয়। মজার ব্যাপার হলো, চিকিৎসাবিজ্ঞানেও 'ক্রোকোডাইল টিয়ার' বা কুম্ভীরাশ্রু নামক একটি সত্যিকারের সমস্যা রয়েছে। কিছু কিছু রোগের ক্ষেত্রে রোগী যখন খেতে যান বা খাবার চিবান, তখন তাদের চোখ দিয়ে অনৈচ্ছিকভাবে পানি চলে আসে। এই অবস্থাকেই ডাক্তারি পরিভাষায় 'ক্রোকোডাইল টিয়ার সিনড্রোম' বলা হয়।
এই সমস্যার লক্ষণগুলো কী কী?
১. সাধারণত যেকোনো একটি চোখ থেকে পানি পড়া শুরু হয়।
২. খাবারের গন্ধ পেলেই এই সমস্যা প্রকট হয়ে ওঠে।
৩. এটি কোনো মানসিক অশান্তি, দুঃখ বা কষ্টের সঙ্গে সম্পর্কিত নয়।
কেন এমনটি ঘটে?
প্যারোটিড গ্ল্যান্ড (মুখের একটি গ্রন্থি) সার্জারির পর এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও, মুখের একপাশ বাঁকা হয়ে যাওয়ার রোগ 'বেলস পালসি' থেকে সুস্থ হওয়ার পরেও কিছু রোগীর ক্ষেত্রে খাবার খাওয়ার সময় চোখ দিয়ে পানি পড়ার সমস্যা হতে পারে। স্নায়বিক সংযোগের ত্রুটির কারণে এমনটি ঘটে বলে মনে করা হয়, যেখানে লালা গ্রন্থির জন্য উদ্দিষ্ট স্নায়ুগুলি অশ্রুগ্রন্থিতে ভুলভাবে পুনঃসংযোগ ঘটায়।
চিকিৎসা পদ্ধতি কী?
যদি 'ক্রোকোডাইল টিয়ার' বা কুম্ভীরের কান্নার লক্ষণ দেখা দেয়, তবে রোগীর খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা জরুরি। ঝাল-মসলাযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে এবং দ্রুত তাড়াহুড়া করে খাবার গ্রহণ করা যাবে না। কিছু কিছু ক্ষেত্রে বটুলিনাম টক্সিন ইনজেকশন অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। বিশেষ কিছু পরিস্থিতিতে, ফেশিয়াল স্নায়ুর (মুখের স্নায়ু) অস্ত্রোপচারও করার প্রয়োজন হতে পারে, যা এই সমস্যার দীর্ঘস্থায়ী সমাধানে সাহায্য করে।