সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
উদ্বেগজনক আইনশৃঙ্খলা পরিস্থিতি | খুলনাসহ সারাদেশে জননিরাপত্তা নিয়ে শঙ্কা
সাম্প্রতিক সময়ে দেশজুড়ে খুন, চাঁদাবাজি, ছিনতাই এবং প্রকাশ্যে অস্ত্রের ব্যবহার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে, যা জননিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দশ মাসে সারা দেশে মোট ২ হাজার ৯৩৮টি হত্যাকাণ্ডের মামলা রেকর্ড করা হয়েছে। এর অর্থ হলো, প্রতি মাসে গড়ে প্রায় ২৯৪টি হত্যার ঘটনা ঘটছে।
এই পরিস্থিতির ভয়াবহতা খুলনার সাম্প্রতিক ঘটনাবলীতে আরও প্রকটভাবে ফুটে উঠেছে। মাত্র ২২ দিনের ব্যবধানে সেখানে গুলিতে প্রাণ হারিয়েছেন ছয়জন এবং আহত হয়েছেন আরও ছয়জন। শুধু খুলনা নয়, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলেও একই ধরনের অপরাধ প্রবণতা ও হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে।
অপরাধ বৃদ্ধির প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে রাজনৈতিক বিরোধ, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা এবং কিশোর গ্যাংয়ের সহিংসতা। পাশাপাশি পারিবারিক কলহের জেরেও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। পুলিশের ভাষ্যমতে, চব্বিশের পাঁচ আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা ভেঙে পড়েছিল, তবে বর্তমানে ধীরে ধীরে উন্নতি হচ্ছে। অপরাধ দমনের লক্ষ্যে অভিযান পরিচালনা, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং অবৈধ অস্ত্র উদ্ধারেও নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তবে প্রশ্ন উঠেছে, এসব উদ্যোগের সুফল সাধারণ মানুষ কতটা পাচ্ছে? প্রকাশ্যে গুলি করে হত্যা, চাঁদার দাবিতে অস্ত্রের ব্যবহার এবং অপরাধীদের অব্যাহত দাপট যদি চলতে থাকে, তাহলে পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। আইনশৃঙ্খলা রক্ষা কেবল মামলা দায়ের ও অপরাধী গ্রেপ্তারের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। অপরাধ সংঘটিত হওয়ার আগেই তা প্রতিরোধের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা অত্যাবশ্যক।
অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার এবং অপরাধের নেপথ্যের মূল শক্তিকে আইনের আওতায় আনা জরুরি। প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দ্রুত বিচার সম্পন্ন করতে হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা বিধান করতে হবে। মানুষ যাতে নির্ভয়ে ঘর থেকে বের হতে পারে, নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারে এবং স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে, সেই নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। জননিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব এবং এই দায়িত্ব পালনে আর কোনো শিথিলতা কাম্য নয়।