সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
১৭ বছর ধরে ভিটেমাটিহারা খুলনার জিয়া ও মিনতিরা | জলবায়ু সম্মেলন কি দূর করতে পারবে জলবায়ু শরণার্থীদের দুর্দশা?
২০০৯ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় আইলার ১৭ বছর পার হয়ে গেলেও খুলনার কয়রা উপজেলার মঠবাড়ি গ্রামের মো. জিয়া গাইন ও তাঁর স্ত্রী শামীমা বেগমের মাথা গোঁজার ঠাঁই মেলেনি। বেড়িবাঁধ ভেঙে শাকবাড়ীয়া নদীর তীব্র জোয়ার-ভাটার স্রোতে যে আড়াই শ মিটার চওড়া ও প্রায় তিন কিলোমিটার দীর্ঘ খালের সৃষ্টি হয়েছিল, তা কেড়ে নিয়েছে তাঁদের পৈতৃক বসতভিটা। সেই নদীগর্ভে বিলীন হওয়া ভিটার পর বর্তমানে বেড়িবাঁধের ঢালেই চরম অনিশ্চয়তায় দিন কাটছে এই দম্পতির।
একই দুর্দশার মধ্য দিয়ে দিনাতিপাত করছেন ওই গ্রামের ষাটোর্ধ্ব মিনতি সানা। নদীভাঙনে বসতবাড়ি হারানোর পর আর কখনো নিজের জমি উদ্ধার করতে পারেননি তিনি। শুধু জিয়া বা মিনতিই নন; ইসমাঈল গাজী, ইউনুস আলী কিংবা ইলিয়াস গাজীর মতো গ্রামের শত শত মানুষের জীবনের গল্প এখন একই সুতোয় গাঁথা। দীর্ঘ ১৭ বছর ধরে ভিটেমাটি হারিয়ে নদীর বাঁধের ঢালেই মানবেতর জীবনযাপন করছেন তাঁরা।
উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘরবাড়ি হারানো, তীব্র বিশুদ্ধ পানির সংকট ও লবণাক্ততার ঊর্ধ্বগতি সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। যখন এই প্রান্তিক জনগোষ্ঠীর সংকট দিন দিন ঘনীভূত হচ্ছে, ঠিক তখনই তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক কপ৩১ জলবায়ু সম্মেলনে বিশ্বনেতারা একত্র হয়েছেন অভিযোজন ও অর্থায়ন নিয়ে আলোচনার জন্য। সম্মেলনের আবহেই জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) প্রকাশিত ‘অ্যাডাপটেশন গ্যাপ রিপোর্ট ২০২৬’-এ উন্মোচিত হয়েছে আন্তর্জাতিক জলবায়ু অভিযোজন অর্থায়নের করুণ চিত্র।
প্রতিবেদনে প্রকাশিত বাংলাদেশের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) অনুসারে জলবায়ু অভিযোজনের অগ্রাধিকারমূলক খাতগুলো বাস্তবায়নে দেশে বছরে প্রায় ৮.৫ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। তবে বর্তমানে এই খাতে বার্ষিক অর্থপ্রবাহ মাত্র ৪ বিলিয়ন ডলারের কাছাকাছি। এর ফলে প্রতি বছর ঘাটতি থেকে যাচ্ছে প্রায় ৪.৫ বিলিয়ন ডলার, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী (প্রতি ডলার ১২৪ টাকা ৭৫ পয়সা ধরে) প্রায় ৫৬ হাজার ১৩৮ কোটি টাকা। পূর্বাভাস দেওয়া হয়েছে যে, ২০৩৫ সাল নাগাদ বাংলাদেশে এই বার্ষিক প্রয়োজনের পরিমাণ বেড়ে দাঁড়াবে ১২ থেকে ১৪ বিলিয়ন ডলারে (প্রায় ১ লাখ ৪৯ হাজার ৭০০ কোটি থেকে ১ লাখ ৭৪ হাজার ৬৫০ কোটি টাকা)।
বাংলাদেশের নিজস্ব জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি) অনুযায়ী, ২০২৩ থেকে ২০৫০ মেয়াদের মধ্যে পানি, কৃষি, মৎস্য, নগর উন্নয়ন, জীববৈচিত্র্য রক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত ১১৩টি উদ্যোগ বাস্তবায়নে মোট ২৩০ বিলিয়ন ডলার প্রয়োজন, যা বছরে গড়ে প্রায় ৮.৫ বিলিয়ন ডলার। তবে বৈশ্বিক জলবায়ু তহবিল হতে উন্নয়নশীল দেশগুলোতে অর্থ বরাদ্দের হার অত্যন্ত সীমিত। ইউএনইপির তথ্যানুযায়ী, ২০২৪ সালে উন্নয়নশীল দেশগুলোর আন্তর্জাতিক সরকারি অভিযোজন অর্থায়নের পরিমাণ ছিল মাত্র ২৮.৭ বিলিয়ন ডলার, যার ৫৫ শতাংশই এসেছে ঋণ হিসেবে এবং মাত্র ৪৪ শতাংশ অনুদান আকারে। ঋণের বোঝা এড়াতে অনুদান ও স্বল্প সুদের দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক সহায়তা বাড়ানো বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
জলবায়ু অর্থায়ন বিশেষজ্ঞ হাসীব মুহাম্মদ ইরফানুল্লাহ এ প্রসঙ্গে মত দেন, কপের আগে প্রকাশিত এই বৈশ্বিক প্রতিবেদনগুলো অভিযোজন খাতের অর্থের প্রকৃত অবস্থান বোঝাতে সাহায্য করে। তবে উন্নত বিশ্ব থেকে ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোতে যে পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া উচিত, বাস্তবে বিশাল ঘাটতি রয়ে গেছে।
এমন পরিস্থিতিতে নিজস্ব অর্থায়ন দিয়েই মারাত্মক ক্ষতির ধাক্কা সামলাতে হচ্ছে বাংলাদেশকে। ২০১০ থেকে ২০১৭-১৮ অর্থবছরের মধ্যে বাংলাদেশ নিজস্ব রাজস্ব বাজেট থেকে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডে অন্তত ৪০০ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে, যা দিয়ে ৫১২টি প্রকল্পের কাজ পরিচালিত হয়। বৈশ্বিক কার্বন নিঃসরণে নগণ্য অবদান থাকা সত্ত্বেও বিশাল আর্থিক ঝুঁকি বহন করা প্রসঙ্গে গ্লোবাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস কাউন্সিলের বাংলাদেশ কান্ট্রি লিড ফারাহ আঞ্জুম জানান, উন্নত দেশগুলোর উচিত অনতিবিলম্বে তাদের আর্থিক প্রতিশ্রুতি পূরণ করা এবং অনুদাননির্ভর অর্থায়ন ও প্রযুক্তি সহজলভ্য করা। একই সঙ্গে এই বরাদ্দ প্রকৃত ক্ষতিগ্রস্তদের নিকট পৌঁছাচ্ছে কি না, তা কঠোরভাবে নিশ্চিত করতে হবে।