সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
সর্বকালের ১০০ সেরা চলচ্চিত্র তারকার তালিকা প্রকাশ করল ভ্যারাইটি | শীর্ষে মনরো, ৯২ নম্বরে শাহরুখ
চলচ্চিত্র জগতে কার অভিনয় হৃদয়ে দাগ কাটে, কে যুগের প্রতীক হয়ে ওঠেন কিংবা কার উপস্থিতি রূপালী পর্দাকে দেয় এক জাদুকরী মাত্রা—এসব প্রশ্নের উত্তর খুঁজতে বিশ্বখ্যাত বিনোদন সাময়িকী 'ভ্যারাইটি' প্রকাশ করেছে সর্বকালের সেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকা। বিশ্ব জুড়ে রূপালী পর্দার ইতিহাস বদলে দেওয়া শিল্পীদের নিয়ে তৈরি এই তালিকায় শীর্ষস্থান দখল করেছেন হলিউড আইকন মেরিলিন মনরো। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে কিংবদন্তি অভিনেতা হামফ্রে বোগার্ট ও চার্লি চ্যাপলিন। আর এই মর্যাদাপূর্ণ তালিকায় স্থান পাওয়া একমাত্র ভারতীয় তারকা বলিউডের 'কিং খান' শাহরুখ খান, তাঁর অবস্থান ৯২ নম্বরে।
ভ্যারাইটির তৈরি করা এই তালিকায় শীর্ষ পাঁচের বাকি দুটি স্থানে আছেন জ্যাক নিকলসন (চতুর্থ) এবং চারবারের অস্কারজয়ী ক্যাথরিন হেপবার্ন (পঞ্চম)। এছাড়া প্রথম দশে স্থান করে নিয়েছেন সিডনি পোয়াটিয়ে (ষষ্ঠ), মার্লন ব্র্যান্ডো (সপ্তম), টম ক্রুজ (অষ্টম), জাপানি কিংবদন্তি তোশিরো মিফুনে (নবম) এবং বারব্রা স্ট্রাইস্যান্ড (দশম)। বিশ্ব চলচ্চিত্রের বিভিন্ন সময়ের কালজয়ী সব তারকা স্থান পেয়েছেন এ তালিকায়।
ভ্যারাইটি স্পষ্ট করেছে, এই তালিকা কেবল বক্স অফিসের সাফল্য কিংবা স্রেফ জনপ্রিয়তার সমীকরণে তৈরি হয়নি। সাময়িকীটির পাঁচ জ্যেষ্ঠ সমালোচক—ওয়েন গ্লাইবারম্যান, গাই লজ, ড্যানিয়েল ডি’অ্যাডারিও, অ্যালিসন হারম্যান ও আরামাইড টিনুবু দীর্ঘদিন ধরে তারকাদের অভিনয়শৈলী, সাংস্কৃতিক প্রভাব, চলচ্চিত্রে তাঁদের ঐতিহাসিক অবস্থান এবং পর্দায় দর্শককে ধরে রাখার ক্ষমতা পর্যবেক্ষণ করে এই নির্বাচন পরিচালনা করেছেন। তাঁদের মতে, শুধু একজন ভালো অভিনেতা হলেই চলচ্চিত্র তারকা হওয়া যায় না; তার জন্য প্রয়োজন এমন এক ব্যক্তিগত আবেদন, যা পর্দায় দর্শককে ব্যাকুল করে রাখে।
তালিকায় শীর্ষে থাকা মেরিলিন মনরো সম্পর্কে ভ্যারাইটির মূল্যায়নে বলা হয়, ১৯৬২ সালে মাত্র ৩৬ বছর বয়সে মারা যাওয়া এই অভিনেত্রীর আবেদন ছয় দশক পার হয়েও ম্লান হয়নি। 'জেন্টলমেন প্রেফার ব্লন্ডস', 'সাম লাইক ইট হট' ও 'দ্য মিসফিটস'-এর মতো চলচ্চিত্রে তাঁর অসাধারণ অভিনয় প্রমাণ করে যে তিনি কেবল গ্ল্যামারের রূপক ছিলেন না, বরং এক প্রখর অভিনয়প্রতিভার অধিকারী ছিলেন। বাস্তব জীবনের নর্মা জিন কীভাবে পর্দায় 'মেরিলিন মনরো' হয়ে উঠেছিলেন, তা সিনেমা ইতিহাসের এক অবিশ্বাস্য নির্মাণ।
এদিকে তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে ৯২ নম্বরে জায়গা পাওয়া শাহরুখ খানের চার দশকের দীর্ঘ ক্যারিয়ারের প্রশংসা করেছে ভ্যারাইটি। ৯০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করা শাহরুখকে 'শাহেনশাহ' অভিহিত করে বলা হয়, ১৯৯৩ সালের 'বাজিগর' ও 'ডর'-এর নেতিবাচক ভূমিকা থেকে শুরু করে 'দিলওয়ালে দুলহানিয়া লে যাবে', 'দেবদাস' এবং সাম্প্রতিক 'পাঠান' ও 'জওয়ান'-এ তাঁর রূপান্তর অভাবনীয়। বড় পরিসরের ড্রামা, নিজস্ব শোম্যানশিপ এবং দুর্দান্ত কমিক টাইমিং তাঁকে বিশ্বমঞ্চে অনন্য করে তুলেছে। তালিকায় তাঁর অবশ্যদ্রষ্টব্য সিনেমা হিসেবে সঞ্জয় লীলা বানসালির 'দেবদাস'-এর কথা বলা হয়েছে।
তালিকায় নবীন প্রজন্মের তারকাদের মধ্যে স্থান পেয়েছেন রায়ান গসলিং (৭৭), রবার্ট প্যাটিনসন (৮৩), টিমোথি শ্যালামে (৮৬), এমা স্টোন (৯৪) এবং জেনডায়া (৯৮)। অন্যদিকে, এডি মারফি (৯৬) কিংবা সিলভেস্টার স্ট্যালোনকে (৯৯) পেছনে ফেলে ৭৯ নম্বরে জায়গা করে নিয়েছেন বিকল্প ধারার আইকন ডিভাইন। তবে জ্যাকি চ্যান, কিয়ানু রিভস, জনি ডেপ, জিম ক্যারি কিংবা সামুয়েল এল জ্যাকসনের মতো বৈশ্বিক তারকাদের না রাখা নিয়ে সামাজিক মাধ্যমে সিনেপ্রেমীদের মাঝে মিশ্র আলোচনা তৈরি হয়েছে।