সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
রাখাইনে রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে
উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে জেনোসাইড বা গণহত্যা চালানোর ঘটনায় মিয়ানমারকে সরাসরি দায়ী করে রায় দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক আদালত (আইসিজে)। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ২০১৭ সালে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা তথাকথিত সেনা অভিযানের মাধ্যমে রোহিঙ্গাদের একটি বড় অংশকে নির্মূল করার সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল মিয়ানমারের সশস্ত্র বাহিনীর।
দীর্ঘ সাত বছর বিচারপ্রক্রিয়া শেষে নেদারল্যান্ডসের দ্য হেগের পিস প্যালেসে আইসিজের আন্তর্জাতিক বেঞ্চ এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। পিস প্যালেসে টানা তিন ঘণ্টা রায় পাঠ করেন আদালতের সভাপতি ইজি ইওয়াসাওয়া। রায়ে আন্তর্জাতিক বিচার আদালতের ১৫ সদস্যের বিচারক প্যানেলের মধ্যে ৯ জন মিয়ানমারকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করার পক্ষে ভোট দেন, আর বিরুদ্ধে অবস্থান নেন ৬ জন বিচারক। আন্তর্জাতিক আদালতের ইতিহাসে কোনো নির্দিষ্ট রাষ্ট্রকে সরাসরি জেনোসাইড বা গোষ্ঠী নিধনের দায়ে অভিযুক্ত করার এটিই প্রথম ঘটনা।
আইসিজে রায়ে উল্লেখ করেন, ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর এই অভিযানের সময় অন্তত ১০ হাজার রোহিঙ্গাকে নৃশংভাবে হত্যা করা হয়। পাশাপাশি রোহিঙ্গা শিশু ও নারীদের ওপর ব্যাপক যৌন নিপীড়ন এবং বাংলাদেশে পালিয়ে আসার সময়েও বর্বরোচিত হামলা চালানো হয়েছিল। এসব প্রমাণের ভিত্তিতে আদালত সিদ্ধান্ত পৌঁছেছেন যে, সেনাবাহিনীকে ব্যবহার করে রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করাই ছিল দেশটির মূল লক্ষ্য।
এর আগে ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর অমানুষিক নির্যাতন থেকে জীবন বাঁচাতে বাংলাদেশে সীমান্ত পেরিয়ে লাখ লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করতে শুরু করে। কয়েক মাসের ব্যবধানে সাত লক্ষাধিক রোহিঙ্গা কক্সবাজারে আশ্রয় নিতে বাধ্য হয়। পরবর্তী সময়ে ২০১৯ সালের ১১ নভেম্বর গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতে জেনোসাইড কনভেনশন লঙ্ঘনের দায়ে মিয়ানমারের বিরুদ্ধে এই ঐতিহাসিক মামলা দায়ের করেছিল।
আদালতের এই রায়কে স্বাগত জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, "আইসিজের এই রায় রোহিঙ্গা জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির ক্ষেত্রে একটি বড় ইতিবাচক মাইলফলক। এটি বাংলাদেশের ওপর থেকে রোহিঙ্গা সংকটের বোঝা লাঘব এবং এই সংকট সমাধানের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণে ইতিবাচক প্রভাব ফেলবে।"
তবে জাতিসংঘের এই চূড়ান্ত রায় আন্তর্জাতিক অঙ্গনে গৃহীত হলেও তা কীভাবে ও কার মাধ্যমে বাস্তবায়িত হবে—তা নিয়ে বিভিন্ন মহল প্রশ্ন তুলছে। কারণ, আন্তর্জাতিক বিচার আদালতের নিজস্ব রায় কার্যকরের কোনো সামরিক বা প্রয়োগকারী ক্ষমতা নেই। জাতিসংঘ সনদ মোতাবেক এই নির্দেশনার চূড়ান্ত বাস্তবায়নের দায়িত্ব পড়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ওপর। কিন্তু মিয়ানমারের অন্যতম মিত্র চীন ও রাশিয়া নিরাপত্তা পরিষদে কোনো পদক্ষেপ নেওয়া প্রতিরোধে সবসময় ভূমিকা রেখেছে। পাশাপাশি গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান ইসরায়েলি নিধনের কারণে যুক্তরাষ্ট্রও এ রায়ের প্রয়োগ নিয়ে কোনো জটিলতা তৈরি করে কি না, সে সংশয় রয়ে যাচ্ছে।
আইসিজের নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছে, গণহত্যা প্রতিরোধ ও শাস্তিবিষয়ক আন্তর্জাতিক সনদ অনুযায়ী মিয়ানমার তার ওপর অর্পিত একাধিক আইনি বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। বিশেষ করে অপরাধীদের বিরুদ্ধে তদন্ত পরিচালনা, আইন প্রণয়ন ও শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণে দেশটি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। একইসঙ্গে আদালত মিয়ানমারকে নির্দেশ দিয়েছেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা, পরিবারগুলোর পুনঃএকত্রীকরণ এবং তাদের যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। এই সংক্রান্ত সার্বিক পদক্ষেপের বিবরণ দিয়ে রায় প্রকাশের দুই বছরের মধ্যে আদালতকে প্রতিবেদন জমা দেওয়ার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।
এ প্রসঙ্গে মিয়ানমারে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এবং সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্সের জ্যেষ্ঠ গবেষণা ফেলো মোহাম্মদ সুফিউর রহমান মন্তব্য করেন যে, "এই রায়ের মাধ্যমে রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংসতা বৈশ্বিক স্বীকৃতি পেল, যা তাদের জন্য একটি নৈতিক জয়। রায় বাস্তবায়নে দুই বছরের সময়সীমা বেধে দেওয়ায় প্রত্যাবাসনপ্রক্রিয়া ত্বরান্বিত করতে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ আরও বৃদ্ধি পাবে।"