লগইন
ক্ষমতা হাতে নিয়েই তদন্তের প্রস্তুতি তুঙ্গে
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ নভেম্বর, ২০২৬ | ০৮:০১ সকাল ৩৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আন্তর্জাতিক
মার্কিন ডেমোক্র্যাটদের নিশানায় ট্রাম্প পরিবার | ক্ষমতা হাতে নিয়েই তদন্তের প্রস্তুতি তুঙ্গে

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেওয়ার দ্বারপ্রান্তে থাকা ডেমোক্র্যাটরা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবার ও ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে ব্যাপক তদন্তের প্রস্তুতি নিচ্ছেন। আগামী জানুয়ারিতে ক্ষমতা হাতে নেওয়ার আগেই তাঁরা ট্রাম্পের ব্যবসায়িক লেনদেন, অভিবাসন নীতিমালার প্রয়োগ এবং জেফরি এপস্টেইনের নথি প্রকাশে প্রশাসনের ভূমিকা নিয়ে নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।

ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট প্রতিনিধি রবার্ট গার্সিয়া, যিনি আগামী বছর প্রতিনিধি পরিষদের তদারকি ও সরকারি সংস্কারবিষয়ক কমিটির চেয়ারম্যান হবেন বলে ধারণা করা হচ্ছে, গত বুধবার ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের ১২ জনকে চিঠি পাঠিয়েছেন। বর্তমানে তিনি কমিটিতে ডেমোক্র্যাটদের শীর্ষ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

চিঠি পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, এরিক ট্রাম্প, হোয়াইট হাউসের সাবেক চিফ অব স্টাফ স্টিফেন মিলার ও সুসি উইলিস, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ, সাবেক রাষ্ট্রদূত কিম্বার্লি গিলফয়েল, সাবেক হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েম এবং ট্রাম্পের সাবেক উপদেষ্টা কোরি লেভানডফস্কি।

এই চিঠিগুলোর জবাব দেওয়ার আইনি বাধ্যবাধকতা না থাকলেও, জানুয়ারিতে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেওয়ার পর ডেমোক্র্যাটরা যেসব তদন্ত শুরু করতে চান, সেগুলোর জন্য নথিপত্র সংরক্ষণের আহ্বান জানানো হয়েছে। নতুন সংখ্যাগরিষ্ঠ দলের তদন্তের অগ্রাধিকারগুলো এই চিঠিগুলোর মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে।

হোয়াইট হাউসের সঙ্গে সংঘাতের পূর্বাভাস

এই চিঠিগুলো ইঙ্গিত দিচ্ছে যে, ডেমোক্র্যাটরা হোয়াইট হাউসের সঙ্গে সংঘাতে যেতে বিন্দুমাত্র পিছপা হবেন না। এই বিরোধগুলো আদালতেও গড়াতে পারে এবং ট্রাম্পের অবশিষ্ট মেয়াদজুড়ে এই আইনি লড়াই চলতে পারে। সাধারণত, যুক্তরাষ্ট্রের উভয় প্রধান দলের প্রশাসন মনে করে থাকে যে, হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের কংগ্রেসে সাক্ষ্য দিতে বাধ্য করা যায় না। বিশেষ করে মিলার ও উইলিসের মতো চিফ অব স্টাফদের ক্ষেত্রে এই অবস্থান দেখা যায়।

সম্প্রতি ট্রাম্প প্রশাসন হুঁশিয়ারি দিয়েছিল যে, তদারকির নামে ডেমোক্র্যাটরা যদি প্রতিহিংসামূলক বা অতিরিক্ত শাস্তিমূলক তৎপরতা চালান, তবে তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হতে পারে। গার্সিয়ার চিঠিগুলোকে এই সতর্কবার্তার জবাব হিসেবেই দেখা হচ্ছে। হোয়াইট হাউস ও বিচার বিভাগ বারবার বলেছে, সীমা অতিক্রম করা তথ্যের দাবি ফৌজদারি তদন্তের কারণ হতে পারে। তবে দীর্ঘদিনের আইনি নজির অনুযায়ী, কংগ্রেসের এমন দাবির পেছনে আইন প্রণয়নের বৈধ উদ্দেশ্য থাকতে হয়। গার্সিয়ার ১২টি চিঠিতেই এই শর্তের কথা উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে যে, প্রস্তাবিত তদন্তগুলো ‘আইন সংস্কারের জন্য অপরিহার্য’।

হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস মন্তব্য করেছেন, প্রেসিডেন্ট আগেই জানিয়েছেন যে, পরিশ্রমী মার্কিন নাগরিকদের জন্য সাফল্য নিশ্চিত করতে তিনি যে কারও সঙ্গে কাজ করতে প্রস্তুত। বিসের মতে, ডেমোক্র্যাটরা যদি ‘সাজানো তদন্ত ও উগ্র বামপন্থী নীতি’ বেছে নেন, তবে তারা মার্কিন জনগণের বিরুদ্ধে কাজ করার পথই বেছে নেবেন। এ বিষয়ে মন্তব্যের জন্য পলিটিকোর পক্ষ থেকে মার্কিন বিচার বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলেও, তাৎক্ষণিকভাবে কোনো জবাব মেলেনি। কিছু চিঠিতে ডিসেম্বরের মধ্যে জবাব চাওয়া হয়েছে, যদিও এই মুহূর্তে ডেমোক্র্যাটদের কাছে তাদের বাধ্য করার ক্ষমতা নেই।

ট্রাম্প পরিবারের ব্যবসায়িক লেনদেন তদন্ত

রবার্ট গার্সিয়া ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্পের বিষয়ে তদন্তের প্রস্তুতি নিচ্ছেন। ট্রাম্প পরিবারের ক্রিপ্টোকারেন্সি ব্যবসাপ্রতিষ্ঠান ‘ওয়ার্ল্ড লিবার্টি ফিন্যান্সিয়াল’-এর সহ-প্রতিষ্ঠাতা হিসেবে তাঁদের ভূমিকা খতিয়ে দেখা হবে। গার্সিয়ার অভিযোগ, অর্থের বিনিময়ে প্রভাব বা বিশেষ সুবিধা প্রদানের পারিবারিক ব্যবস্থায় দুই ভাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যার মাধ্যমে গত কয়েক বছরে ট্রাম্প পরিবার শত শত কোটি ডলার আয় করেছে। ওয়ার্ল্ড লিবার্টি ফিন্যান্সিয়ালের একজন মুখপাত্র পূর্বে জানিয়েছিলেন যে, প্রতিষ্ঠানটির কেউ মার্কিন সরকারের হয়ে কাজ করেন না এবং এটি যুক্তরাষ্ট্রের সব আইন মেনে চলে।

ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানও তদন্তের আওতায় আসছে, যার অর্থ জুগিয়েছিলেন রুশ ধনকুবের উমর ক্রেমলেভ। ক্রেমলেভ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। গার্সিয়া চিঠিতে লিখেছেন যে, বিদেশি স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা ট্রাম্প জুনিয়রের বিলাসবহুল বিয়ের অনুষ্ঠানে অর্থ দিয়েছেন, যা অর্থের বিনিময়ে সুবিধা দেওয়া এবং ট্রাম্প পরিবারে বিদেশি গোয়েন্দা সংস্থার অনুপ্রবেশের আশঙ্কা বাড়িয়ে তুলেছে। গার্সিয়ার অভিযোগ, এসব সম্পর্ক বিশেষ স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীর উপকার করে থাকতে পারে, কিন্তু মার্কিন জনগণের কোনো উপকার করেনি।

এছাড়াও, ট্রাম্পের জামাতা ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জ্যারেড কুশনারের ব্যক্তিগত ব্যবসা এবং সরকারি দায়িত্বও খতিয়ে দেখতে চান ডেমোক্র্যাটরা। গার্সিয়ার আশঙ্কা, ব্যবস্থাপনা ফি, ব্যবসার সুযোগ এবং অন্যান্য আর্থিক সুবিধার নামে কোটি কোটি ডলার দেওয়া হচ্ছে। এর আড়ালে নীতি পরিবর্তন, অগ্রাধিকারমূলক সুবিধা, আইনি যাচাই থেকে রেহাই এবং সংবেদনশীল সরকারি তথ্য ও প্রযুক্তিতে প্রবেশাধিকারের বিনিময়ে অর্থ দেওয়া হয়ে থাকতে পারে। ব্যক্তিগত লাভের জন্য প্রভাবশালী শ্বশুরের অবস্থানকে কাজে লাগানোর কথা বারবার অস্বীকার করেছেন জ্যারেড কুশনার। কুশনারের আইনজীবী চ্যাড মিজেল বলেন, অভিযোগগুলো বাস্তবতার সম্পূর্ণ উল্টো এবং কুশনার সব সময় যুক্তরাষ্ট্রের সর্বোত্তম স্বার্থে কাজ করেছেন। মিজেলের ভাষ্য, যুদ্ধ বন্ধ, মানুষের জীবন রক্ষা ও মার্কিন স্বার্থ এগিয়ে নিতে ট্রাম্পকে সহায়তার জন্য কুশনার স্বেচ্ছায় নিজের সফল ব্যবসা থেকে সরে এসেছেন এবং কোনো পারিশ্রমিক নিচ্ছেন না।

হোয়াইট হাউসে ট্রাম্পের বলরুম নির্মাণে বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুদান নিয়েও জানতে চেয়েছেন গার্সিয়া। এ জন্য ট্রাস্ট ফর দ্য ন্যাশনাল মলের প্রধান নির্বাহী ক্যাথরিন টাউনসেন্ডকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে চিপ নির্মাতা এনভিডিয়ার অনুদানের বিষয়টি উল্লেখ করা হয়েছে। গার্সিয়ার বক্তব্য, চীনে উন্নত মাইক্রোচিপ বিক্রির জন্য ট্রাম্প প্রশাসনের অনুমতি পাওয়ার কিছুদিন পরই ট্রাস্ট ফর দ্য ন্যাশনাল মলকে কয়েক মিলিয়ন ডলার অনুদান দিয়েছে এনভিডিয়া। এনভিডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, সম্ভাব্য কোনো ব্যবসায়িক স্বার্থের সঙ্গে এই অনুদানের সম্পর্ক নেই।

অভিবাসনবিরোধী অভিযানে সহিংসতা ও দুর্নীতির অভিযোগ

স্টিফেন মিলারের নির্দেশনায় হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের বিরুদ্ধে ওঠা সহিংসতা, নির্যাতন ও দুর্নীতির অভিযোগও তদন্ত করতে চায় কমিটি। এর মধ্যে রয়েছে অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসিই (আইস নামে বেশি পরিচিত)-এর গণবহিষ্কার অভিযান। কমিটি জানিয়েছে, উদ্বেগজনক বলপ্রয়োগ, গ্রেপ্তার, বহিষ্কার, সংবেদনশীল স্থানে অভিযান এবং ভয়ভীতি দেখানো বা প্রতিশোধমূলক তৎপরতার ১ হাজার ১৬৫টি ঘটনা তারা পেয়েছে। মিলারকে দেওয়া চিঠিতে গার্সিয়া লিখেছেন, ট্রাম্প প্রশাসনের সদস্যরাই তাঁকে প্রশাসনের সবচেয়ে চরম নীতিগুলোর ‘মূল চালিকা শক্তি’ ও ‘রূপকার’ বলেছেন। গার্সিয়ার অভিযোগ, এসব নীতির মাধ্যমে ব্যাপকভাবে নাগরিক স্বাধীনতা লঙ্ঘনের পক্ষে তিনি অবস্থান নিয়েছেন। গার্সিয়া বলেন, এসব অনিয়মের পরিকল্পনা, তদারকি ও পক্ষে অবস্থান নেওয়ার ক্ষেত্রে মিলারের ভূমিকা তারা নথিবদ্ধ করেছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

ক্রিস্টি নোয়েমের বিরুদ্ধে ওঠা অভিযোগও তদন্তের অঙ্গীকার করেছেন গার্সিয়া। তাঁর অভিযোগ, নোয়েম বিভাগের তহবিলের অপব্যবহার করেছেন, স্থায়ী সরকারি কর্মীদের অবস্থান দুর্বল করেছেন, দুর্নীতি ঠেকানোর প্রতিষ্ঠিত সুরক্ষাব্যবস্থা পাশ কাটিয়েছেন এবং নিজের ও ট্রাম্প প্রশাসনের সহযোগীদের সম্পদ বৃদ্ধি করতে পদ ব্যবহার করেছেন। নোয়েমকে দেওয়া চিঠিতে তাঁর অধীন কাজ করা কোরি লেভানডফস্কির কথাও এসেছে। তাঁর বিরুদ্ধে অর্থের বিনিময়ে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে। বেসরকারি অভিবাসী আটককেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান জিইও গ্রুপের কাছ থেকে অবৈধ কমিশন নেওয়ার অভিযোগে লেভানডফস্কিকেও তদন্তের আওতায় আনছে কমিটি। প্রতিষ্ঠানটির কাছে অর্থ দাবি করার অভিযোগ তিনি আগেই অস্বীকার করেছেন। লেভানডফস্কির একজন মুখপাত্র বলেন, বর্তমান প্রশাসনের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের প্রচারের অংশ হিসেবে গার্সিয়া তাঁর সম্পর্কে বিভ্রান্তিকর বয়ান তৈরির চেষ্টা করছেন এবং এসব অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে।

এপস্টেইনের নথি প্রকাশে প্রশাসনের ভূমিকা

দণ্ডিত যৌন নিপীড়ক প্রয়াত জেফরি এপস্টেইনের নথিপত্র প্রশাসন কীভাবে সামলেছে, তা-ও খতিয়ে দেখছেন রবার্ট গার্সিয়া। এপস্টেইনের অপরাধে সহায়তার অভিযোগ রয়েছে, এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নেটওয়ার্কও এর অন্তর্ভুক্ত। ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সকে দেওয়া চিঠিতে এপস্টেইনের নথি নিয়ে কর্মকর্তাদের প্রতিটি বৈঠকের বিস্তারিত জানতে চেয়েছেন গার্সিয়া। এসব আলোচনায় ভ্যান্সের ভূমিকা নিয়ে প্রকাশিত প্রতিবেদনের উল্লেখ করেছেন তিনি। গত বছর এপস্টেইনের নথি প্রকাশ বাধ্যতামূলক করে কংগ্রেস যে আইন পাস করেছিল, তা বাস্তবায়নে প্রশাসনের পদক্ষেপ সম্পর্কেও তথ্য চেয়েছেন গার্সিয়া। দুই দলের আইনপ্রণেতারাই নথি প্রকাশের প্রক্রিয়াকে অসম্পূর্ণ বলে সমালোচনা করেছেন। বিচার বিভাগের কর্মকর্তারা বলেছেন, আইনের শর্ত মেনে নথি প্রকাশে তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং ভুল সংশোধন ও ভুক্তভোগীদের উদ্বেগ দূর করার উদ্যোগও নিয়েছেন। তবে ডেমোক্র্যাটরা টড ব্ল্যাঞ্চের শপথ নিয়ে সাক্ষ্য দেওয়ার দাবি জানিয়ে যাচ্ছেন। নথি প্রকাশের তদারকিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

এপস্টেইনের অপরাধের সহযোগী গিলেন ম্যাক্সওয়েলকে কম নিরাপত্তার একটি ফেডারেল কারাগারে স্থানান্তরের সিদ্ধান্ত সম্পর্কেও তথ্য চেয়েছেন গার্সিয়া। ম্যাক্সওয়েল ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন। এ জন্য ফেডারেল ব্যুরো অব প্রিজনসের পরিচালক উইলিয়াম মার্শাল থার্ড এবং ফেডারেল প্রিজন ক্যাম্প ব্রায়ানের তত্ত্বাবধায়ক তানিশা হলকে চিঠি দিয়েছেন গার্সিয়া। ম্যাক্সওয়েলকে এ ন্যূনতম নিরাপত্তার কারাগারেই স্থানান্তর করা হয়েছে। গার্সিয়ার অভিযোগ, বিচার বিভাগ ও ব্যুরো অব প্রিজনস তাদের কোনো প্রশ্নেরই অর্থবহ জবাব দেয়নি। এপস্টেইন-সংক্রান্ত বিষয়ে ট্রাম্পের সাবেক চিফ অব স্টাফ সুসি উইলিস এবং ব্ল্যাঞ্চের কাছেও তথ্য চেয়েছেন গার্সিয়া।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ক্ষমতা হাতে নিয়েই তদন্তের প্রস্তুতি তুঙ্গে

১ ঘন্টা আগে
ক্ষমতা হাতে নিয়েই তদন্তের প্রস্তুতি তুঙ্গে

ফাইনালের দৌড়ে বাংলাদেশ প্রায় ছিটকে, এগিয়ে কারা?

১ ঘন্টা আগে
ফাইনালের দৌড়ে বাংলাদেশ প্রায় ছিটকে, এগিয়ে কারা?

শীর্ষে মনরো, ৯২ নম্বরে শাহরুখ

৩ ঘন্টা আগে
শীর্ষে মনরো, ৯২ নম্বরে শাহরুখ

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে ইবি ক্যাম্পাসে সতর্ক অবস্থানে ছাত্রদল

৩ ঘন্টা আগে
আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে ইবি ক্যাম্পাসে সতর্ক অবস্থানে ছাত্রদল

রাজধানীতে ককটেলসহ এক ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার, কয়েকটি স্থানে বিস্ফোরণ ও আতঙ্ক

৫ ঘন্টা আগে
রাজধানীতে ককটেলসহ এক ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার, কয়েকটি স্থানে বিস্ফোরণ ও আতঙ্ক

রাখাইনে রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে

৫ ঘন্টা আগে
রাখাইনে রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে

দেশটা সবার

৬ ঘন্টা আগে
দেশটা সবার

সুন্দর জীবনের জন্য স্কাউটিং

৮ ঘন্টা আগে
সুন্দর জীবনের জন্য স্কাউটিং

আলমডাঙ্গায় ১৪৯ পিস ইয়াবাসহ মাদক ব‌্যবসায় স্বামী-স্ত্রী ও সহযোগী গ্রেফতার

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪৯ পিস ইয়াবাসহ মাদক ব‌্যবসায় স্বামী-স্ত্রী ও সহযোগী গ্রেফতার

খুনি-সন্ত্রাস ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক প্রধানমন্ত্রীর

১০ ঘন্টা আগে
খুনি-সন্ত্রাস ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক প্রধানমন্ত্রীর

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।