লগইন
ফাইনালের দৌড়ে বাংলাদেশ প্রায় ছিটকে, এগিয়ে কারা?
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ নভেম্বর, ২০২৬ | ০৮:০০ সকাল ৩৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

খেলাধুলা
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ | ফাইনালের দৌড়ে বাংলাদেশ প্রায় ছিটকে, এগিয়ে কারা?

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনা বাংলাদেশের জন্য বেশ উজ্জ্বল ছিল। ফাইনালের টিকিট পেতে বাকি থাকা ছয় টেস্টের মধ্যে মাত্র চারটিতে জয় পেলেই যথেষ্ট ছিল। তবে ক্যারিবীয়দের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হারের পর সেই সম্ভাবনা অনেকটাই ধূসর হয়ে যায়। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হেরে যাওয়ার পর এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের ফাইনাল খেলার আশা প্রায় শেষ হয়ে গেছে বলা চলে।

এক নজরে দেখে নেওয়া যাক, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বর্তমানে কোন দল কেমন অবস্থানে রয়েছে:

১. দক্ষিণ আফ্রিকা

ম্যাচ: ৮
জয়: ৬
পয়েন্টের শতকরা হার: ৭৫.০০
বাকি ম্যাচ: বাংলাদেশ (১), ইংল্যান্ড (৩), শ্রীলঙ্কা (২)

জোহানেসবার্গ টেস্টে জয়লাভের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে ফিরে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। এই জয়ে সিরিজে তারা ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। গত অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করে প্রোটিয়ারা। বাংলাদেশের বিপক্ষে চলমান চক্রে এটি তাদের পঞ্চম জয়। এর আগে ভারতের মাটিতে ২৫ বছর পর ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছিল তারা। এরপর পাকিস্তানের বিপক্ষে সিরিজ ড্র করে। বাংলাদেশের বিপক্ষে বর্তমান সিরিজের পর ঘরের মাঠে ইংল্যান্ডের মোকাবিলা করবে দক্ষিণ আফ্রিকা, এবং শ্রীলঙ্কা সফর দিয়ে তাদের এই চক্রের অভিযান শেষ হবে।

২. নিউজিল্যান্ড

ম্যাচ: ৬
জয়: ৪
পয়েন্টের শতকরা হার: ৭২.২২
বাকি ম্যাচ: ভারত (২), শ্রীলঙ্কা (২), অস্ট্রেলিয়া (৪), পাকিস্তান (২)

দক্ষিণ আফ্রিকার কাছে অস্ট্রেলিয়ার ঘরের মাঠে সিরিজ হারের পর নিউজিল্যান্ড পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতে এই চক্র শুরু করে তারা। এরপর ইংল্যান্ড সফরে ২-১ ব্যবধানে একটি স্মরণীয় সিরিজ জয় পায় কিউইরা; প্রথম টেস্টে হারের পর টানা দুই ম্যাচ জিতে সিরিজ পকেটে পোরে। ফলে চলমান চক্রে ৬ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট তালিকার উপরের দিকে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে নিউজিল্যান্ড। বর্তমানে তারা ঘরের মাঠে ভারতের বিপক্ষে খেলছে, এরপর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। এছাড়া অস্ট্রেলিয়া ও পাকিস্তানের কঠিন সফরও তাদের জন্য অপেক্ষা করছে।

৩. অস্ট্রেলিয়া

ম্যাচ: ১৩
জয়: ৯
পয়েন্টের শতকরা হার: ৬৯.২৩
বাকি ম্যাচ: নিউজিল্যান্ড (৪), ভারত (৫)

২০২৩ সালের শিরোপাজয়ী অস্ট্রেলিয়া চলমান চক্রে প্রথম সিরিজ হারে দক্ষিণ আফ্রিকার কাছে। এর আগে প্যাট কামিন্সের দল বেশ ছন্দে ছিল। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পর ঘরের মাঠে অ্যাশেজ ধরে রাখে তারা। বাংলাদেশের কাছে ডারউইনে অপ্রত্যাশিতভাবে হারলেও ম্যাকাইয়ে পরের টেস্ট জিতে শীর্ষ স্থান ধরে রেখেছিল। এরপর ডারবানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে পয়েন্ট তালিকায় এগিয়ে থাকার ব্যবধান আরও বাড়ায় অস্ট্রেলিয়া। তবে গেবেখা ও কেপটাউনে টানা দুই জয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ জিতে নেওয়ায় অস্ট্রেলিয়ার পয়েন্টের শতকরা হার কমে দাঁড়িয়েছে ৬৯.২৩-এ। এই হারে তারা সেরা দুইয়ের বাইরে চলে গেছে। এখন ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রস্তুতি নেবে তারা। এরপর আগামী বছরের শুরুতে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের কঠিন বর্ডার-গাভাস্কার ট্রফি খেলবে কামিন্স বাহিনী।

৪. ভারত

ম্যাচ: ১১
জয়: ৫
পয়েন্টের শতকরা হার: ৫১.৫২
বাকি ম্যাচ: অস্ট্রেলিয়া (৫), নিউজিল্যান্ড (২)

ইংল্যান্ডের বিপক্ষে ড্র হওয়া সিরিজের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে ২-০ ব্যবধানে হেরে চাপে পড়েছে ভারত। দুবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের রানার্সআপরা ইতিমধ্যে তাদের এই চক্রের অর্ধেকের বেশি পথ পেরিয়ে এসেছে। তবে ফাইনালে ওঠার পথ তাদের জন্য বেশ কঠিন হয়ে গেছে। বর্তমানে নিউজিল্যান্ডে দুটি টেস্টের সিরিজ খেলছে ভারত। এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফিতে মুখোমুখি হবে তারা।

৫. বাংলাদেশ

ম্যাচ: ৯
জয়: ৩
পয়েন্টের শতকরা হার: ৪০.৭৪
বাকি সিরিজ: ইংল্যান্ড (২), দক্ষিণ আফ্রিকা (১)

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট থেকে বাংলাদেশ বেশ কিছু ইতিবাচক দিক খুঁজে পেয়েছে। বিশেষ করে ২২ রানে ৩ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়িয়ে প্রথম ইনিংসে ৪০০ রান করা, যা দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট ইনিংস। নিজেদের সামর্থ্যের কিছু ঝলক দেখালেও শেষ পর্যন্ত প্রোটিয়াদের সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশ। এতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট জয়ের অপেক্ষাও আরও বাড়ল। চক্রের শুরুতে ভালো অবস্থানে থাকলেও ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে হেরে পয়েন্ট হারায় বাংলাদেশ। দ্বিতীয় টেস্টেও তারা জিততে পারেনি, ড্রয়ের পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে। এর আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় এবং অস্ট্রেলিয়ার মাটিতে স্মরণীয় একটি জয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশকে বড় সুবিধা এনে দিয়েছিল। তবে এখন সেই সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখনো একটি টেস্ট বাকি আছে। এরপর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে বাংলাদেশের এই চক্রের অভিযান শেষ হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ক্ষমতা হাতে নিয়েই তদন্তের প্রস্তুতি তুঙ্গে

১ ঘন্টা আগে
ক্ষমতা হাতে নিয়েই তদন্তের প্রস্তুতি তুঙ্গে

ফাইনালের দৌড়ে বাংলাদেশ প্রায় ছিটকে, এগিয়ে কারা?

১ ঘন্টা আগে
ফাইনালের দৌড়ে বাংলাদেশ প্রায় ছিটকে, এগিয়ে কারা?

শীর্ষে মনরো, ৯২ নম্বরে শাহরুখ

৩ ঘন্টা আগে
শীর্ষে মনরো, ৯২ নম্বরে শাহরুখ

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে ইবি ক্যাম্পাসে সতর্ক অবস্থানে ছাত্রদল

৩ ঘন্টা আগে
আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে ইবি ক্যাম্পাসে সতর্ক অবস্থানে ছাত্রদল

রাজধানীতে ককটেলসহ এক ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার, কয়েকটি স্থানে বিস্ফোরণ ও আতঙ্ক

৫ ঘন্টা আগে
রাজধানীতে ককটেলসহ এক ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার, কয়েকটি স্থানে বিস্ফোরণ ও আতঙ্ক

রাখাইনে রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে

৫ ঘন্টা আগে
রাখাইনে রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে

দেশটা সবার

৬ ঘন্টা আগে
দেশটা সবার

সুন্দর জীবনের জন্য স্কাউটিং

৮ ঘন্টা আগে
সুন্দর জীবনের জন্য স্কাউটিং

আলমডাঙ্গায় ১৪৯ পিস ইয়াবাসহ মাদক ব‌্যবসায় স্বামী-স্ত্রী ও সহযোগী গ্রেফতার

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪৯ পিস ইয়াবাসহ মাদক ব‌্যবসায় স্বামী-স্ত্রী ও সহযোগী গ্রেফতার

খুনি-সন্ত্রাস ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক প্রধানমন্ত্রীর

১০ ঘন্টা আগে
খুনি-সন্ত্রাস ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক প্রধানমন্ত্রীর

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।