সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
জাতীয় অস্থিরতা ও ইতিহাস চর্চা | দেশটা সবার
নভেম্বরের এই সময়ে দাঁড়িয়ে ভবিষ্যতের বাংলাদেশের চিত্র অনুধাবন করা এক জটিল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চতুর্দিকে নানা সামাজিক ও রাজনৈতিক অস্থিরতায় আচ্ছন্ন দেশের পরিবেশ। যে গণতান্ত্রিক ও সামাজিক স্থিতিশীলতার দিকে দেশের যাওয়ার কথা ছিল, বাস্তবে তা এখনও সুদূর পরাহত। উল্টো সাধারণ মানুষের মনে প্রতিনিয়ত জেঁকে বসছে অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার আতঙ্ক। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, অতীতে যখনই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় পতাকা কিংবা সংবিধান নিয়ে কোনো অপশক্তি ছিনিমিনি খেলার চেষ্টা করেছে, তখনই আমজনতা গণপ্রতিরোধ গড়ে তুলেছে। জনগণের সেই সোচ্চার ভূমিকার কারণেই ইতিহাস মুছে ফেলার চক্রান্ত অতীতে সফল হতে পারেনি।
তবে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। এত বড় একটি ছাত্র-জনতার আন্দোলন কেন এবং কীভাবে দ্রুত মুক্তিযুদ্ধবিরোধী ধারার নিয়ন্ত্রণে চলে গেল, তা ভবিষ্যতের ইতিহাসে একটি বড় আলোচনার বিষয় হয়ে থাকবে। মুক্তিযুদ্ধের স্মারক ও চিহ্নগুলো ধ্বংস করা, বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য ভাঙচুর করা, ইতিহাস বিকৃতির প্রয়াস কিংবা মুক্তিযোদ্ধাদের প্রকাশ্যে হেনস্তা করার পেছনে কারা যুক্ত ছিল—সেই অনুসন্ধান প্রয়োজন। পাশাপাশি শিক্ষক লাঞ্ছনায় শিক্ষার্থীদের লেলিয়ে দেওয়া এবং দেশজুড়ে আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো 'মব কালচার' ছড়িয়ে পড়ার পেছনের কারিগরদের চিহ্নিত করাও জরুরি।
আমাদের জাতির অন্যতম বড় ট্র্যাজেডি হলো—স্বাধীনতার অর্ধশতক পার হওয়ার পরও সমাজ মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে দুটি বিভক্ত জনগোষ্ঠীতে রূপ নিয়েছে। বিশ্বের ইতিহাসে এমন বিভাজনের নজির বিরল। পাকিস্তান পর্বের ইতিহাস স্পষ্ট করে দেয় যে, শোষকদের কাছে ধর্মের কোনো আলাদা অগ্রাধিকার থাকে না। তারা নিজেদের ধর্মের মানুষকেও চরমভাবে নির্যাতন করতে দ্বিধা করে না। তৎকালীন পূর্ব পাকিস্তানে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বসবাস থাকলেও উন্নয়ন বরাদ্দের সিংহভাগই চলে যেত পশ্চিম পাকিস্তানে। পাকিস্তানি আমলাতন্ত্র ও সেনাবাহিনী তৎকালীন পূর্ব বাংলাকে কেবল শোষণের ক্ষেত্র হিসেবে বিবেচনা করত। অথচ সেই শোষকদের বিষয়ে এখন কারও কারও কেন এই অযাচিত সহানুভূতি, তা খতিয়ে দেখা প্রয়োজন।
একইভাবে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত যদি আধিপত্যবাদী দৃষ্টিভঙ্গি প্রদর্শন করতে চায়, তবে তার প্রতিবাদ অবশ্যই হওয়া উচিত। কিন্তু সেই প্রতিবাদ হতে হবে বিচক্ষণ কূটনীতির মাধ্যমে, ঢালাও ঘৃণার বহিঃপ্রকাশ ঘটিয়ে নয়। বাংলাদেশ কারও করদরাজ্য হওয়ার জন্য স্বাধীন হয়নি। দেশ গঠন ও সংরক্ষণের মূল শর্তই হলো এটি উপলব্ধি করা যে—'দেশটা সবার'। জাতীয় জীবনের এই চরম মোড়ে দাঁড়িয়ে দেশের প্রতিটি রাজনৈতিক দলকে এই সত্যটি গভীরভাবে ধারণ করার আহ্বান জানানো হচ্ছে, অন্যথায় ভবিষ্যতের পথচলা রুদ্ধ হয়ে পড়বে।