সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মিস ইন্টারন্যাশনালের বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্যবাহী গামছায় দ্যুতি ছড়ালেন প্রমা
বিশ্বের অন্যতম গৌরবময় সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইন্টারন্যাশনাল’-এর ৬৪তম আসর বসেছে জাপানের টোকিওতে। গত ১১ নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বিশ্বের প্রায় ৭০টি দেশের মডেলদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সারজিয়া তাবাসসুম প্রমা। আন্তর্জাতিক এই মঞ্চে সম্প্রতি দেশীয় ঐতিহ্যবাহী তাঁতের গামছায় তৈরি পোশাক পরে হাজির হয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি।
জাপানভিত্তিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল কালচারাল অ্যাসোসিয়েশন’ (আইসিএ) ১৯৬০ সালে আমেরিকার লং বিচে এ প্রতিযোগিতার সূচনা করে। তবে ১৯৬৮ সাল থেকে নিয়মিতভাবে এটি জাপানে অনুষ্ঠিত হয়ে আসছে। এ বছর ‘মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ’ খেতাব জিতে চূড়ান্ত পর্বে অংশ নিতে টোকিও গিয়েছেন প্রমা। ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে এই আসরের সমাপনী পর্ব।
প্রতিযোগিতার দ্বিতীয় দিনে সাংস্কৃতিক পর্বের অডিশনে অংশ নিতে ঐতিহ্যবাহী গামছার পোশাকে মঞ্চে ওঠেন প্রমা। সাধারণ ওড়না বা স্কার্ফের বদলে তিনি পরেন গামছা দিয়ে নির্মিত স্কার্ট ও চোলি স্টাইলের টপ। পেছনে সরু স্ট্র্যাপের খোলা পিঠের টপটিতে ছিল লাল ফিতার লেইস ও ব্লকের চমৎকার নকশা। অন্যদিকে সবুজ-লাল চেকের বহু কুঁচি দেওয়া স্কার্টটি তৈরি করেছিল দৃষ্টিনন্দন ফুলেল আবহ। দেশের তরুণ ফ্যাশন ডিজাইনার মেহবুব কামাল (জাদু) প্রমার জন্য এই বিশেষ পোশাকটির নকশা করেছেন।
গামছার এই পোশাকের সঙ্গে প্রমা সাজে এনেছিলেন দেশীয় আভিজাত্য। তিনি গলায় সোনালি চোকার, কানে চান্দবালি দুল এবং বেণি করা চুলে জড়িয়ে নিয়েছিলেন সোনালি জরির ফিতা। অডিশন পর্বে কোক স্টুডিও বাংলার ‘তাঁতি’ গানের ছন্দে নাচ পরিবেশন করেন তিনি। বিশ্বের দরবারে বাংলার তাঁতশিল্পকে এভাবে তুলে ধরায় প্রমা এবং ডিজাইনার জাদু—উভয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন।