সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে নব্বইয়ের দশকের হিন্দি গান ও মোগলাই খাবারের রাজকীয় সন্ধ্যা
স্টাফ রিপোর্টার: রাজধানীর আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে সম্প্রতি এক মনোমুগ্ধকর সংগীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে, যেখানে নব্বইয়ের দশকের জনপ্রিয় হিন্দি গানের সুরের মূর্ছনা অতিথিদের ফিরিয়ে নিয়ে গিয়েছিল সোনালি অতীতে। ঐতিহ্যবাহী মোগলাই খাবারের অতুলনীয় স্বাদ এবং রেস্টুরেন্টের রাজকীয় পরিবেশ এই আয়োজনকে করে তুলেছিল আরও বিশেষ। গান, রুচিশীল খাবার আর নান্দনিক সজ্জার এই অনন্য সমন্বয়ে এক অসাধারণ বিনোদন সন্ধ্যার সাক্ষী হয়েছেন আগতরা।
রাজধানীর কুড়িল বিশ্বরোডের ৩০০ ফুট সড়কের পাশে অবস্থিত আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে গত সন্ধ্যায় এই বিশেষ আয়োজন জমে ওঠে। বাইরে যখন নগরীর ব্যস্ততা, যানবাহনের কোলাহল আর কর্মচাঞ্চল্য, ঠিক তখনই রেস্টুরেন্টের ভেতরে মৃদু আলো, ঐতিহ্যবাহী সাজসজ্জা, মোগলাই খাবারের সুবাস এবং নব্বইয়ের দশকের জনপ্রিয় হিন্দি গানের সুর তৈরি করে এক ভিন্ন জাদুকরি পরিবেশ।
এই দিন ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’-এর বিশেষ পর্ব ‘এডিশন : ৯০স হিন্দি সংস’ অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত চলা এই সংগীতসন্ধ্যায় নব্বইয়ের দশকের জনপ্রিয় ও কালজয়ী হিন্দি গান পরিবেশন করেন প্রতিভাবান সংগীতশিল্পী সিদ্দিকী লোনিক ও পান্না।
শিল্পীদের পরিবেশনা শুরু হওয়ার পর অতিথিদের মধ্যেও দেখা যায় স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস। পরিচিত কোনো গানের সুর বেজে উঠলেই অনেকেই গুনগুন করে শিল্পীদের সাথে গলা মেলান। ফলে খাবারের টেবিলগুলো মুহূর্তেই পরিণত হয় এক প্রাণবন্ত সংগীত আড্ডায়।
আয়োজনটির বিশেষত্ব কেবল সংগীত পরিবেশনাতেই সীমাবদ্ধ ছিল না, খাবার ও তার পরিবেশনের ধরনেও ছিল অভিনবত্ব। আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টের ঐতিহ্যবাহী মোগলাই খাবারের বিভিন্ন পদ ছিল অতিথিদের জন্য অন্যতম আকর্ষণ। পুরোনো রেসিপি ও প্রচলিত রন্ধনশৈলী অনুসরণ করে তৈরি এসব খাবার উপমহাদেশের সমৃদ্ধ খাদ্যঐতিহ্যকে নতুন করে তুলে ধরে।
খাবার পরিবেশনের ক্ষেত্রেও ছিল বিশেষ আয়োজন। মোগল পোশাকে সজ্জিত পরিবেশনকর্মীদের উপস্থিতি এবং রেস্টুরেন্টের অভ্যন্তরীণ নান্দনিক সাজসজ্জা অতিথিদের মধ্যে তৈরি করে এক রাজকীয় ভোজের অনুভূতি। সংগীতের মন জুড়ানো আবহের সাথে খাবারের ঐতিহ্যবাহী স্বাদ যোগ হওয়ায় পুরো আয়োজনটি এক নতুন মাত্রা লাভ করে।
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’-এর প্রতিটি পর্বে থাকবে সংগীতের আলাদা ধারা। প্রতি শুক্রবারের আয়োজনকে সাজানো হচ্ছে ভিন্ন ভিন্ন পরিবেশনা দিয়ে, যাতে দর্শক-শ্রোতারা প্রতিবারই নতুন অভিজ্ঞতা লাভ করতে পারেন।
নব্বইয়ের দশকের হিন্দি গানের সফল পর্বের পর আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে নজরুলগীতির বিশেষ আয়োজন। ২৭ নভেম্বর থাকছে কালজয়ী বাংলা গানের সম্ভার। এরপর ৪ ডিসেম্বর পিয়ানো ও ভোকাল, ১১ ডিসেম্বর শাস্ত্রীয় যন্ত্রসংগীত এবং ১৮ ডিসেম্বর পরিবেশিত হবে লোকসংগীতের মন মাতানো পরিবেশনা।
আয়োজকরা প্রত্যাশা করছেন যে, সংগীতের বিভিন্ন ধারার এই নিয়মিত আয়োজনের মাধ্যমে ব্যস্ত নগরজীবনে দর্শনার্থীদের জন্য তৈরি হবে বিনোদন ও ঐতিহ্যের এক চমৎকার সমন্বয়। নব্বইয়ের দশকের হিন্দি গানের এই পর্ব যেমন পুরোনো দিনের স্মৃতি ফিরিয়ে এনেছে, তেমনি পরবর্তী আয়োজনগুলোও সংগীতপ্রেমীদের জন্য নিয়ে আসবে নতুন নতুন সুরের অনবদ্য অভিজ্ঞতা।