সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
১৯ বছর পর লি চ্যাং ডংয়ের ‘পসিবল লাভ’-এ জিওন দো ইয়ন | অভিনয়ে মুগ্ধ দর্শক-সমালোচক
দক্ষিণ কোরিয়ার খ্যাতিমান অভিনেত্রী জিওন দো ইয়ন, যিনি কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর সম্মাননা জিতেছেন, দীর্ঘ ১৯ বছর পর ফের কাজ করেছেন প্রখ্যাত পরিচালক লি চ্যাং ডংয়ের সঙ্গে। তাঁদের নতুন চলচ্চিত্র ‘পসিবল লাভ’-এ জিওনের অভিনয় ব্যাপক সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে, যা অভিনেত্রীকেও কিছুটা অবাক করেছে। তাঁর মতে, সিনেমাটির শুটিং প্রক্রিয়া অত্যন্ত স্বাভাবিক ও সাবলীল ছিল, তাই এমন উচ্ছ্বসিত প্রশংসা তিনি প্রত্যাশা করেননি।
‘পসিবল লাভ’ সিনেমায় জিওন দো ইয়ন ‘মি ওক’ নামের এক বাস্তববাদী ও আশাবাদী নারীর চরিত্রে অভিনয় করেছেন, যিনি চাকরি হারানো কারখানার শ্রমিক হো সোকের (সল কিয়ং গু) স্ত্রী। স্বামীর কঠিন পরিস্থিতিতেও তিনি পরিবারকে আগলে রাখেন। ঘটনাক্রমে তাঁদের জীবন জড়িয়ে পড়ে তথ্যচিত্র নির্মাতা ইয়ে জি (জো ইয়ো জিয়ং) এবং তাঁর ধনাঢ্য স্বামী সাং উয়ের (জো ইন সুং) সঙ্গে।
পরিচালক লি চ্যাং ডং ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘বার্নিং’-এর পর আট বছর বিরতি দিয়ে এই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে ফিরেছেন। চলতি বছর ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘পসিবল লাভ’ জুরি বিভাগের গ্র্যান্ড প্রিক্স এবং সিলভার লায়ন পুরস্কার অর্জন করেছে। সম্প্রতি গত সপ্তাহে এটি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে।
লি চ্যাং ডংয়ের সঙ্গে জিওনের এটি দ্বিতীয় কাজ। এর আগে ২০০৭ সালে তাঁরা একসঙ্গে কাজ করেছিলেন ‘সিক্রেট সানশাইন’ সিনেমায়, যার জন্য জিওন কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন।
সিনেমাটি নিয়ে সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে এক আলাপচারিতায় জিওন দো ইয়ন নিজের অভিনয় নিয়ে পাওয়া প্রশংসা প্রসঙ্গে বলেন, ‘আমি সত্যিই অবাক হয়েছি। “সিক্রেট সানশাইন”-এর শিন আ চরিত্রের মতো এখানে কোনো তীব্র বা নাটকীয় আবেগের প্রকাশ ছিল না।’ শুটিংয়ের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি আরও বলেন, ‘লি চ্যাং ডংয়ের সঙ্গে কাজ করব ভেবে একটি কঠিন প্রকল্পের জন্য মানসিক প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু শুটিং সেটের পরিবেশ ছিল অবিশ্বাস্য রকমের ভালো। সবকিছু এত স্বাভাবিকভাবে এগোচ্ছিল, এমনকি গল্পেও বড় কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটছিল না। একসময় আমার মনে হচ্ছিল, এভাবে সিনেমার শুটিং করা কি ঠিক হচ্ছে?’
ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পরেও নিজের অভিনয় নিয়ে জিওনের সংশয় কাটেনি। প্রদর্শনী শেষে দর্শক ও সমালোচকরা প্রায় ছয় মিনিট ধরে দাঁড়িয়ে নির্মাতা ও অভিনয়শিল্পীদের অভিনন্দন জানান। এরপর জিওন পরিচালকের কাছে নিজের অভিনয় সম্পর্কে জানতে চান। তিনি জানান, ‘প্রদর্শনীর পর আমি পেছনে গিয়ে লি চ্যাং ডংকে জিজ্ঞাসা করেছিলাম, আমি সত্যিই ভালো অভিনয় করেছি কি না। তিনি আমার হাত ধরে বলেছিলেন, আমি ভালো করেছি। সাধারণত তিনি এমনটা করেন না।’
‘পসিবল লাভ’-এ অভিনয়ের জন্য জিওন দো ইয়ন অস্কারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেতে পারেন বলে আলোচনা চলছে। তবে এ নিয়ে কোনো চাপ অনুভব করছেন না তিনি। পুরস্কার জয়ের প্রত্যাশা আছে কি না, এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘অনেক দিন আগে কান চলচ্চিত্র উৎসবে আমি একটি পুরস্কার পেয়েছিলাম। সেই অভিজ্ঞতা থেকে আমি শিখেছি যে কোনো পুরস্কার জিতলেই আমি হঠাৎ অন্য কোনো অভিনেত্রী হয়ে যাই না বা আমার পরিচয় বদলে যায় না। ফলাফল যা-ই হোক, এই কাজের মধ্য দিয়ে আমি জীবনের সেরা সময় কাটাচ্ছি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
সিনেমাটির শুটিংয়ের অভিজ্ঞতাকে জিওন একটি স্বপ্নের সঙ্গে তুলনা করেছেন। তাঁর মতে, শুটিংয়ে অংশগ্রহণকারী সব অভিনয়শিল্পীরই মনে হয়েছিল, গল্পটি যেন কখনও শেষ না হয়, চলতেই থাকে। কিন্তু স্বপ্নের মতো সেই অসাধারণ অভিজ্ঞতা খুব দ্রুত শেষ হয়ে যায়। পরিচালক লি চ্যাং ডংয়ের কাজের ধরনও জিওনের কাছে বিশেষ মনে হয়েছে। তিনি বলেন, পরিচালক খুব বেশি নির্দেশনা দিতেন না, এমনকি দৃশ্য ধারণের সময় জোরালো কোনো প্রতিক্রিয়াও দেখাতেন না। কিন্তু তাঁর উপস্থিতি যেন সেটের সবকিছুকে জাদুর মতো স্বাভাবিকভাবে এগিয়ে নিয়ে যেত।
(কোরিয়া টাইমস অবলম্বনে)