সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
এলডিসি উত্তরণে ১৭.৫ বিলিয়ন ডলার রপ্তানি ক্ষতির শঙ্কা, ২৪ বিলিয়ন ডলার বাণিজ্যঘাটতি | বাণিজ্যমন্ত্রী
জাতীয় সংসদে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানিয়েছেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হলে রপ্তানিতে প্রায় ১৭ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতির আশঙ্কা রয়েছে। একইসঙ্গে, ২০২৪-২৫ অর্থবছরে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের মোট বাণিজ্যঘাটতি ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এর মধ্যে শুধু ভারতের সঙ্গেই বাণিজ্যঘাটতি দাঁড়িয়েছে ৭ হাজার ৮৬০ মিলিয়ন ডলার।
রবিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে পৃথক প্রশ্নের জবাবে এসব তথ্য তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরীর প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ২০২টি দেশে ৫৫ দশমিক ১৯ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৭৯ দশমিক ৩৬ বিলিয়ন ডলার, যার ফলে মোট বাণিজ্যঘাটতি ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার। মন্ত্রী আরও উল্লেখ করেন, দেশের মোট রপ্তানি আয়ের ৮৪ শতাংশই আসে তৈরি পোশাক খাত থেকে। উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হলে বিভিন্ন ট্রেডিং স্কিমের আওতায় অগ্রাধিকারমূলক বাজারসুবিধা হারানোর ফলেই এই বিপুল পরিমাণ রপ্তানি ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কেরামত আলীর প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী জানান, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি (সাফটা) এবং এশিয়া-প্যাসিফিক ট্রেড অ্যাগ্রিমেন্টের (আপটা) সদস্য হিসেবে বাংলাদেশ ভারতের বাজারে তামাক ও মদজাতীয় ২৫টি পণ্য ব্যতীত অন্যান্য সব পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার ভোগ করছে। একই সংসদ সদস্যের আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আফগানিস্তান, ভুটান, ভারত ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যঘাটতি রয়েছে, যার মধ্যে ভারতের সঙ্গে ঘাটতি সর্বাধিক। ২০২৪-২৫ অর্থবছরে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ১১ হাজার ৩৮৮ দশমিক ৩৩ মিলিয়ন মার্কিন ডলার, যেখানে বাংলাদেশ রপ্তানি করেছে ১ হাজার ৭৬৪ দশমিক ২৩ মিলিয়ন ডলারের পণ্য এবং আমদানি করেছে ৯ হাজার ৬২৪ মিলিয়ন ডলারের পণ্য। এনসিপির সংসদ সদস্য নাহিদ ইসলামের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে ভারতের সঙ্গে বাণিজ্যঘাটতি ছিল ৯ হাজার ২৪৬ দশমিক ৪১ মিলিয়ন মার্কিন ডলার। এ সময়ে বাংলাদেশ ভারতে ১ হাজার ৮০২ দশমিক ১৭ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে এবং ভারত থেকে ১১ হাজার ৪৮ দশমিক ৫৮ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে।
কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী আরও জানান, ২০২৬ সালের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ২২৪ কোটি ২৬ লাখ টাকার রপ্তানি আদেশ পাওয়া গেছে, যা গত বছরের (২০২৫ সালে প্রাপ্ত ৩৯২ কোটি টাকা) তুলনায় ৪২ দশমিক ৭৯ শতাংশ কম। সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজার প্রশ্নের জবাবে তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, কৃত্রিম সংকট প্রতিরোধ এবং অসাধু ব্যবসায়ীদের অনিয়ম নিয়ন্ত্রণে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এছাড়া কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. আবদুল গফুরের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশ প্রায় ৭২টি দেশ থেকে ওষুধ আমদানি করে।
রমজানে সরবরাহ পরিস্থিতি
সম্পূরক প্রশ্নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠানের প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, গত বছরের তুলনায় আগামী রমজানে পণ্যের সরবরাহ ভালো থাকবে। তিনি বলেন, বর্তমান বাজার পরিস্থিতি অনুযায়ী, বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা আন্তর্জাতিক পরিস্থিতিতে পরিবর্তন না হলে আগামী রমজানেও পণ্যের দাম সহনীয় থাকবে। চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, চাল, ডাল, তেল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে সরকার বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে প্রায় এক কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য দেওয়ার অনুমোদন রয়েছে এবং বর্তমানে ৭৮ লাখ পরিবার প্রতি মাসে নির্ধারিত পরিমাণ খাদ্যপণ্য পাচ্ছে।
বৈদেশিক কর্মসংস্থান ও খাদ্যশস্যের মজুত
নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ গঠনের কার্যক্রম নেওয়া হয়েছে, যা কর্মসংস্থান ব্যবস্থাকে আরও স্বচ্ছ, মেধাভিত্তিক, ন্যায্য ও বিকেন্দ্রীভূত করবে। সংরক্ষিত আসনের সংসদ সদস্য সাজেদা সামাদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০২৬ সালে বিশ্বের ১১৫টি দেশে বাংলাদেশি কর্মীরা বৈদেশিক কর্মসংস্থানের জন্য গেছেন। এছাড়া সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী জানান, বর্তমান সরকারের মেয়াদে বিশ্বের বিভিন্ন দেশে ৪ লাখ ৯৬ হাজার ১৫ জন কর্মীর বৈদেশিক কর্মসংস্থান হয়েছে।
বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মশিউর রহমানের প্রশ্নের উত্তরে খাদ্যমন্ত্রী আফরোজা খানম জানান, ২০২৫-২৬ অর্থবছরে দেশে ৪৩৪ দশমিক ৯৬ লাখ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদিত হয়েছে, যার মধ্যে চাল ৪২৪ দশমিক ৬৭ লাখ মেট্রিক টন এবং গম ১০ দশমিক ২৯ লাখ মেট্রিক টন। চলতি ২০২৬-২৭ অর্থবছরে খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৫৩ দশমিক ৪৩ লাখ মেট্রিক টন। মন্ত্রী আরও জানান, ২০২৫-২৬ অর্থবছরে ৪২৪ দশমিক ৬৭ লাখ মেট্রিক টন চাল উৎপাদনের বিপরীতে দেশে চাহিদা ছিল ৪২৩ লাখ মেট্রিক টন। সরকারি ও বেসরকারি পর্যায়ে ১২ দশমিক ৬৯ লাখ মেট্রিক টন চাল আমদানির ফলে মোট প্রাপ্যতা দাঁড়িয়েছে ৪৩৭ দশমিক ৩৩ লাখ মেট্রিক টন, তাই দেশে চালের কোনো ঘাটতি নেই। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশে চালের চাহিদা ৪২৬ লাখ মেট্রিক টন প্রাক্কলন করেছে।
খাদ্যমন্ত্রী বলেন, ২০২৫-২৬ অর্থবছরে দেশে গমের ব্যবহার ছিল ৮২ লাখ মেট্রিক টন। এ সময়ে উৎপাদিত হয়েছে ১০ দশমিক ২৯ লাখ মেট্রিক টন এবং আমদানি করা হয়েছে ৭৩ দশমিক ৩৪ লাখ মেট্রিক টন। বর্তমানে খাদ্যশস্যের নির্ধারিত নিরাপত্তা মজুত ১৪ লাখ মেট্রিক টন, যার বিপরীতে মজুত রয়েছে ২১ দশমিক ৪৭ লাখ মেট্রিক টন। দেশে এ মুহূর্তে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই।
রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল বারী সরদারের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) যৌথ উদ্যোগে বাজারের বিভিন্ন খাদ্যপণ্য পরীক্ষা করে বহুল ব্যবহৃত হলুদের নমুনায় সিসা ও ক্ষতিকর রং মেশানোর প্রমাণ পাওয়া গেছে। এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি যোগ করেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন অনুযায়ী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, তবে শুধু আইন প্রয়োগ করে খাদ্যে ভেজাল বন্ধ করা কঠিন; এর জন্য মানুষের মধ্যে নৈতিকতা ও সচেতনতা তৈরি জরুরি।