সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
অনুমোদন ছাড়াই ক্রুড অয়েল রিফাইনারি স্থাপনের অপচেষ্টা | সুপার পেট্রোকেমিক্যালের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ
দেশের জ্বালানি বাজারের অস্থিরতার সুযোগ নিয়ে বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি (এসপিএল)-এর বিরুদ্ধে। সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর অনুমতি না থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি বেআইনিভাবে 'ক্রুড অয়েল রিফাইনারি' স্থাপনের অপচেষ্টা চালাচ্ছে বলে নিশ্চিত করেছে অনুসন্ধান ও পর্যালোচনা সূত্র। প্রতিষ্ঠানটির আবেদন আগেই নামঞ্জুর করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, তবুও নানা প্রভাব খাটিয়ে অনুমোদন পাওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে তারা।
২০১৩ সাল থেকে কনডেনসেট ফ্র্যাকশনেশন প্লান্ট পরিচালনার লাইসেন্স নিয়ে কার্যক্রম চালিয়ে আসছে সুপার পেট্রোকেমিক্যাল। সম্প্রতি লাইসেন্সের নির্ধারিত সীমানা ডিঙিয়ে আগাম কোনো প্রশাসনিক অনুমতি না নিয়েই বৃহৎ পরিসরে রিফাইনারি তৈরির উদ্যোগে নেমেছে প্রতিষ্ঠানটি। আইনজ্ঞ ও জ্বালানি খাতের সংশ্লিষ্টদের মতে, বিদ্যমান নীতিমালা অনুযায়ী এ ধরনের অবৈধ পদক্ষেপ মেনে নেওয়ার কোনো সুযোগ নেই।
অনুসন্ধানে দেখা যায়, 'কনডেনসেট ফ্র্যাকশনেশন প্লান্ট নীতিমালা, ২০১৪'-এর ১.১ ও ১.৪ ধারা অনুযায়ী ফ্র্যাকশনেশন প্লান্টের লাইসেন্স ব্যবহার করে রিফাইনারি স্থাপন করা সম্পূর্ণ বেআইনি। পাশাপাশি নীতিমালার ৮(ঙ) ধারা অনুযায়ী প্লান্টে প্রক্রিয়াজাত পণ্য খোলা বাজারে সরাসরি বিক্রির ওপর স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি নিয়ম ভেঙে তা বিক্রির অপচেষ্টা চালিয়েছে।
তাছাড়া, 'বেসরকারি পর্যায়ে রিফাইনারি স্থাপন নীতিমালা-২০২৩' অনুসারে কোনো অবকাঠামো নির্মাণ বা সরঞ্জাম আমদানির আগে জ্বালানি বিভাগের নীতিগত অনুমোদন নেয়া বাধ্যতামূলক। তবে এসপিসিএল কোনো ধরনের তোয়াক্কা না করেই রিফাইনারির অবকাঠামো ও যন্ত্রপাতি আমদানি করে ফেলেছে। বৈধ রিফাইনারি লাইসেন্স না থাকা সত্ত্বেও কনডেনসেট আমদানির লাইসেন্সকে ঢাল হিসেবে ব্যবহার করে ক্রুড অয়েল আমদানির কোনো আইনি ভিত্তি নেই।
জাতীয় শিল্পনীতির ৩.২.১৫ ধারা ও পরিশিষ্ট-৭ অনুযায়ী 'ক্রুড অয়েল রিফাইনারি' সরকারের কঠোর নিয়ন্ত্রণাধীন একটি সংবেদনশীল খাত। মন্ত্রণালয়ের অনাপত্তি ছাড়া বিডা (BIDA) বা কোনো নিয়ন্ত্রক সংস্থার পক্ষে যন্ত্রপাতি আমদানির অনুমতি দেওয়ার এখতিয়ার নেই। ফলে পূর্বানুমোদন ছাড়া সংবেদনশীল সরঞ্জাম আমদানি 'কাস্টমস আইন, ২০২৩' এবং 'আমদানি ও রপ্তানি (নিয়ন্ত্রণ) আইন, ১৯৫০'-এর চরম লঙ্ঘন। সাধারণ শিল্পের নামে এসব যন্ত্রপাতি আনা কাস্টমস আইনে অসত্য ঘোষণা (Misdeclaration) হিসেবে গণ্য এবং ফৌজদারি অপরাধ হিসেবে বাজেয়াপ্তযোগ্য।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ২০২৫ সালের ১৬ নভেম্বরেই জ্বালানি বিভাগ এসপিসিএল-এর আবেদন আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে খারিজ করে দিয়েছে। এর পরও প্রভাব খাটিয়ে এই অবৈধ কার্যক্রমের অনুমোদন দেওয়া হলে দেশের জ্বালানি নিরাপত্তা, কৌশলগত মজুত ও রাজস্ব আদায় চরম ঝুঁকির মুখে পড়বে। তাই দেশের সার্বভৌমত্ব ও আইনের শাসন নিশ্চিত করতে অবিলম্বে এই বেআইনি তৎপরতা বন্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।