সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচের প্রথম চালান দর্শনায় পৌঁছালো, যুক্ত হলো ১৮টি ক্যারেজ
বাংলাদেশ রেলওয়ের বহর আধুনিকায়ন ও সেবা জোরদারে ভারত থেকে আমদানি করা ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচের প্রথম চালান দেশে পৌঁছেছে। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ২টা ৪০ মিনিটে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে ১৮টি কোচ সংবলিত প্রথম চালানটি পৌঁছায়। নতুন এসব কোচ চালু হলে দেশের পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোতে আসন সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি যাত্রীসেবার মান আরও উন্নত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ রেলওয়ের ২০০টি ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহ প্রকল্পের আওতায় ভারতের রাইটস লিমিটেড (RITES Limited) এসব কোচ সরবরাহ করছে। ভারতের পাঞ্জাব রাজ্যের কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরিতে প্রস্তুত করা কোচগুলো যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করে গত ১২ অক্টোবর মধ্যরাতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছিল।
প্রথম চালানে আসা ১৮টি কোচের বিবরণ অনুযায়ী এতে দুটি এসি স্লিপার, তিনটি এসি চেয়ার, ১১টি নন-এসি শোভন চেয়ার এবং দুটি পাওয়ার কার রয়েছে। যাত্রীদের লাগেজ পরিবহন ও গার্ডদের সুবিধার জন্য পাওয়ার কার দুটিতে রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা।
দর্শনা স্টেশনে ট্রেনটি পৌঁছানোর পর রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা প্রাথমিক পরিদর্শন ও কোচগুলো গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন করেন। এ সময় ভারত থেকে রাইটস লিমিটেডের ট্রাফিক ইন্সপেক্টর শুভজিৎ ঘোষের নেতৃত্বে একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল।
কোচ গ্রহণ কার্যক্রমে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রকল্প পরিচালক জয়দুল ইসলাম, পাকশীর বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন ও ফয়সাল মাহমুদ, পাকশী আরএনবি কমান্ড্যান্ট রেজানুর রহমান, বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ রবিউল ইসলাম এবং দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের ম্যানেজার মামুনুর রশিদসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা।
পাকশী রেলওয়ের বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, বহু প্রতীক্ষিত এসব কোচ বহরে যুক্ত হলে যাত্রী চলাচলে নতুন গতি আসবে এবং রেলের আয়ও বৃদ্ধি পাবে। প্রথমিক বিচারে কোনো প্রকার যান্ত্রিক ত্রুটি পরিলক্ষিত হয়নি। তবে নিয়মিত রুটে চলাচলের আগে কারিগরি নিরীক্ষা সম্পন্ন করা হবে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনায় প্রয়োজনীয় কাস্টমস ও দাপ্তরিক কাজ শেষ করে কোচগুলো নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় নিয়ে যাওয়া হবে। সেখানে টেস্ট রান ও আনুষঙ্গিক পরীক্ষা শেষে চূড়ান্তভাবে যাত্রীবাহী ট্রেনের বহরে যুক্ত করা হবে। পর্যায়ক্রমে ২০০টি কোচের অবশিষ্ট চালানগুলোও দেশে পৌঁছাবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে আসলেন চুয়াডাঙ্গায়
৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রবাসী ব্যবসায়ী মেয়র প্রার্থী হাসিবুল হক লিপুর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন স্থাপন
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ফুটপাত ও ব্রিজ দখলমুক্ত করতে অভিযান; আনন্দধামের ঝুঁকিপূর্ণ দোকান সরানোর নির্দেশ
১৭ ঘন্টা আগে