সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই ও কার্যকর সমাধান অর্জনে বিশ্বজুড়ে পারস্পরিক সহায়তা বৃদ্ধি, উন্নত প্রযুক্তির বিনিময় এবং জলবায়ু অর্থায়ন সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমান। তিনি মন্তব্য করেছেন, কোনো একক দেশের পক্ষে একক প্রচেষ্টায় পুরোপুরি বর্জ্যমুক্ত পরিবেশ গড়ে তোলা সম্ভব নয়। তাই আন্তর্জাতিক অংশীদারত্বের পাশাপাশি বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ এবং বর্জ্য ব্যবস্থাপনার কাজে নিয়োজিত অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি।
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এর অংশ হিসেবে বিশ্বনেতাদের জীবনসঙ্গীদের উচ্চপর্যায়ের ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’ সেশনে বক্তব্যদানকালে তিনি এ মতামত ব্যক্ত করেন। সম্মেলনটির আয়োজক ছিলেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান। বক্তব্যের শুরুতেই ডা. জুবাইদা রহমান সুন্দর ও কার্যকর একটি আলোচনা সভার আয়োজন এবং বর্জ্যমুক্ত সমাজ গড়তে অব্যাহত নেতৃত্বের জন্য এমিনে এরদোয়ানকে আন্তরিক ধন্যবাদ জানান।
ডা. জুবাইদা রহমান উল্লেখ করেন, বাংলাদেশ ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’-এর লক্ষ্য ও নীতিসমূহকে স্বাগত জানায় এবং এর কার্যক্রমে পূর্ণ সমর্থন পোষণ করে। একটি স্বাস্থ্যকর জনগোষ্ঠী, পরিচ্ছন্ন পরিবেশ এবং টেকসই আগামী তৈরির বৈশ্বিক লক্ষ্যের সঙ্গে বাংলাদেশের জাতীয় ভাবনা পুরোপুরি সংগতিপূর্ণ।
বাংলাদেশের চলমান বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের চিত্র তুলে ধরে তিনি বলেন, বর্জ্যের ব্যবহার কমানো, পুনর্ব্যবহার এবং পুন প্রক্রিয়াজাতকরণ উৎসাহিত করতে দেশে ‘থ্রি-আর’ (Reduce, Reuse, Recycle) নীতি বাস্তবায়ন করা হচ্ছে। এর পাশাপাশি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালার আওতায় বর্জ্য পৃথকীকরণ এবং নিরাপদে তা অপসারণের ওপর জোর দেওয়া হচ্ছে। জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০)-এর লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০৩৫ সালের মধ্যে বর্জ্য খাত থেকে ১ দশমিক ৭৮ মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড সমপরিমাণ নির্গমন কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ।
তিনি জানান, বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণ, জৈব সার বা কম্পোস্ট তৈরি, ল্যান্ডফিল থেকে মিথেন গ্যাস সংগ্রহ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন ও বর্জ্য পানি শোধনের পদক্ষেপসমূহ অগ্রাধিকার পাচ্ছে। তাছাড়া হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলো থেকে উৎপাদিত বর্জ্য পৃথক করা এবং তা পরিবেশসম্মত উপায়ে ধ্বংস করার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজধানী ঢাকায় চলমান বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মেগা প্রকল্পের উদাহরণ দিয়ে জুবাইদা রহমান বলেন, এ প্রকল্পের অধীন প্রতিদিন ৩ হাজার টন গৃহস্থালি বর্জ্য শোধন করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য প্রধান প্রধান নগরেও এই প্রযুক্তি সম্প্রসারণ করা হবে, যা শহরের বর্জ্যকে ক্লিন এনার্জিতে রূপান্তরিত করে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ক্ষতিকর প্লাস্টিক দূষণ হ্রাসে পরিবেশবান্ধব পাটকে কার্যকর বিকল্প হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, সরকার পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে সর্বাত্মক চেষ্টা করছে। এ সময় তিনি কপ-৩১ সম্মেলনের গ্রিন জোনে স্থাপিত ‘বাংলাদেশ জুট প্যাভিলিয়ন’ পরিদর্শনের জন্য উপস্থিত সবাইকে আমন্ত্রণ জানান। একই সঙ্গে বাংলাদেশের খাল-বিল, পুকুর ও জলাশয় পরিচ্ছন্ন রাখতে নেওয়া পদক্ষেপের কথাও উল্লেখ করেন।
মিথেন নির্গমন রোধে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘গ্লোবাল মিথেন প্লেজ’-এ স্বাক্ষরকারী হিসেবে জলবায়ুবান্ধব আধুনিক কৃষি প্রযুক্তি এবং ধান চাষের উন্নত পদ্ধতি উৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি পচনশীল বর্জ্যকে ব্যবহার করে জৈব সার ও বায়োগ্যাস তৈরির ওপর জোর দেওয়া হচ্ছে।
পরিবেশ সুরক্ষায় তরুণদের ভূমিকা জোরদারের বিষয়ে ডা. জুবাইদা রহমান বলেন, সচেতনতার পাঠ পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজ থেকেই শুরু করতে হবে। তরুণ সমাজকে শুধু ভবিষ্যতের নেতা ভাবলেই চলবে না, বর্তমানের জলবায়ু সংকট মোকাবিলার মূল অংশীদার হিসেবে তাদের কাজ করার সুযোগ দিতে হবে।
বক্তব্যের ইতি টেনে তিনি বলেন, বর্জ্যকে অপচয় হিসেবে ফেলে না রেখে তা নতুন সম্পদে রূপান্তর করতে হবে। পরিবেশ দূষণ মুক্ত করে বর্জ্য ব্যবস্থাপনাকে অর্থনৈতিক সমৃদ্ধির পথ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। বৈশ্বিক প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপ দিতে এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ যেকোনো অংশীদারত্বে প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।