সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’
প্রযুক্তি বিশ্বে নানা টানাপোড়েনের মুখে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের অবস্থান যখন অনিশ্চয়তার মুখে, ঠিক তখনই তাঁর পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। চীনা গুপ্তচর হিসেবে অভিযুক্ত অ্যালিস হুয়াংয়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পর জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত ও পেশাগত জীবন বেশ জটিল হয়ে পড়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। এমন প্রেক্ষাপটেই হুয়াংকে নিজ প্রতিষ্ঠানে কাজ দেওয়ার বিষয়ে ইতিবাচক মন্তব্য করেন মাস্ক।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক ব্যবহারকারী মাস্কের কাছে অনুরোধ জানান, এনভিডিয়া থেকে হুয়াং বিদায় নিলে তিনি যেন তাঁকে নিজের প্রতিষ্ঠানে নিয়োগ দেন। এর জবাবে মাস্ক লেখেন, জেনসেন হুয়াংকে কাজ দেওয়াটা হবে একটি ‘সম্মানের বিষয়’। এটি প্রথম নয়, এর আগেও হুয়াংয়ের সমর্থনে পোস্ট দিয়েছিলেন মাস্ক। সেখানে তিনি মন্তব্য করেন, হুয়াং একটি অত্যন্ত ‘বোকামিপূর্ণ কাজ’ করেছেন, তবে তাঁর কোনো কুপ্রবৃত্তি বা খারাপ উদ্দেশ্য ছিল না। একইসঙ্গে মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের জন্য হুয়াংকে অপরিহার্য ব্যক্তিত্ব বলে অভিহিত করেন মাস্ক।
মাস্ক ও জেনসেন হুয়াংয়ের পারস্পরিক সম্পর্কের ইতিহাস বেশ দীর্ঘ। ২০১৬ সালে ওপেনএআই-এর সাথে যুক্ত থাকাকালে মাস্ক এনভিডিয়ার প্রথম এআই সুপারকম্পিউটার 'ডিজিএক্স-১' কিনেছিলেন। সেই সময় হুয়াং নিজে সান ফ্রান্সিসকোতে ওপেনএআই কার্যালয়ে এসে প্রযুক্তিটি মাস্কের হাতে পৌঁছে দেন।
শুধু ইলন মাস্কই নন, জেনসেন হুয়াংয়ের পক্ষে অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প এনভিডিয়ার প্রধানকে একজন ‘সম্মানিত ব্যক্তি’ উল্লেখ করে বলেন, তিনি যুক্তরাষ্ট্রের জন্য অনন্য অবদান রেখেছেন। ট্রাম্প আরও যোগ করেন, তিনি কোনো অপরাধ করেছেন বলে তাঁর মনে হয় না। জানা গেছে, ট্রাম্প প্রায় এক বছর ধরে অ্যালিসের সঙ্গে হুয়াংয়ের এই সম্পর্কের বিষয়টি জানতেন।
একাধিক সম্পর্কের গুঞ্জন ও প্রাতিষ্ঠানিক চাপ
নিউইয়র্ক টাইমসের তথ্য মতে, অ্যালিস ছাড়াও এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইপ্রেসিডেন্ট কিম্বারলি পাওয়েলের সাথেও সম্পর্কে জড়িয়েছিলেন জেনসেন হুয়াং। চলতি বছরের মার্চ মাসে সান হোসেতে অনুষ্ঠিত এক কনফারেন্স চলাকালে হোটেলের গোপনীয় ভিডিও ধারণের পর বিষয়টি ধামাচাপা দিতে গোপনীয়তা চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
এদিকে টানা বিতর্কে এনভিডিয়ার শেয়ারের দরপতন ঘটতে থাকায় পরিচালনা পর্ষদ স্থায়ী বা অন্তর্বর্তীকালীন সিইও খুঁজতে একটি বহিরাগত প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু করেছে। সামগ্রিক অভিযোগের বিষয়ে প্রকাশ্যে মুখ না খুললেও এনভিডিয়ার কর্মীদের পাঠানো এক অভ্যন্তরীণ চিঠিতে স্ত্রী ও পরিবারের প্রতি অবিশ্বস্ততার কথা স্বীকার করে গভীর অনুশোচনা প্রকাশ করেছেন জেনসেন হুয়াং। তবে এ ঘটনার পেছনে কোনো জাতীয় নিরাপত্তা ঝুঁকি রয়েছে কি না, তা খতিয়ে দেখছে এনভিডিয়া কর্তৃপক্ষ এবং মার্কিন প্রতিনিধি পরিষদ। যদিও সব ধরণের গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছে বেইজিং।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত অ্যালেক্সান্ডার দারচিয়েভের আকস্মিক প্রয়াণ
১৭ ঘন্টা আগে
জলবায়ু সংকট ও টেকসই উন্নয়ন প্রশ্নে তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ডা. জুবাইদা রহমানের মতবিনিময়
১৭ ঘন্টা আগে
যুক্তরাজ্যের স্কুলে এবার পুরোপুরি নিষিদ্ধ হচ্ছে মোবাইল ফোন, ব্যাগে রাখাও যাবে না
১ দিন আগে