সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় বকুল হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই রায়ে তাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত বকুল হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার বাসিন্দা এবং মৃত কুদরত আলীর ছেলে।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৯ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল দৌলতদিয়াড় দক্ষিণপাড়ায় বকুল হোসেনের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় বাড়ির উঠান থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির ছাদে রাখা একটি সিগারেটের প্যাকেট থেকে ১৩টি নেশাজাতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় তৎকালীন ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং মামলার নথি পর্যালোচনা করে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় ঘোষণা করেন। রায়ে জব্দকৃত আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, আসামির পূর্বে হাজতে থাকার সময়কাল মূল সাজা থেকে বাদ দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।