সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
জাতীয় গ্রিডে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ | পরীক্ষামূলক সরবরাহের প্রস্তুতি সম্পন্ন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন শুরু করার প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। প্রথম ধাপে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের সব কারিগরি প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন করেছে প্রকল্প কর্তৃপক্ষ। এখন কেবল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বাপশনিক) আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বরে এই বিদ্যুৎ কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হতে পারে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকতে পারেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দেশের শীর্ষ নেতৃত্বের সময়ের সমন্বয়ে চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।
প্রকল্পের দায়িত্বশীল প্রকৌশলীরা জানান, বিদ্যুৎ সঞ্চালনের জন্য প্রয়োজনীয় সব কারিগরি কাজ ও পাওয়ার লাইনের সিনক্রোনাইজেশন শেষ হয়েছে। রিঅ্যাক্টরের তাপমাত্রা ৪০ শতাংশে পৌঁছালে কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতার ৩০ থেকে ৩৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, যা পরিমাণে প্রায় ৩০০ মেগাওয়াট।
গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার পর প্রতিটি ধাপ অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হবে। কয়েক দিন পরীক্ষামূলক সঞ্চালন শেষে কোনো কারিগরি ত্রুটি ধরা না পড়লে বায়েরার চূড়ান্ত অনুমোদন নেওয়া হবে এবং এরপরই আনুষ্ঠানিক উদ্বোধনের দিকে যাওয়া হবে।
পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান জানিয়েছেন, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের সুনির্দিষ্ট তারিখ এখনই নিশ্চিত করা না গেলেও দ্রুততম সময়ে কাজ শুরু করতে সার্বিক চেষ্টা চলছে। পরীক্ষামূলক সঞ্চালনের পর প্রতিটি ধাপ নিবিড়ভাবে যাচাই করা হবে এবং শতভাগ নিরাপত্তা নিশ্চিতের পরেই মূল উদ্বোধনের দিনক্ষণ চূড়ান্ত হবে।
প্রকৌশলীদের তথ্যমতে, শুরুতে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত হলেও পর্যায়ক্রমে উৎপাদন বাড়ানো হবে। প্রথম ইউনিটটি পুরোপুরি চালু হয়ে শতভাগ বিদ্যুৎ জাতীয় গ্রিডে পৌঁছাতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে। সে অনুযায়ী চলতি বছরের শেষে পরীক্ষামূলক সঞ্চালন শুরু হলেও আগামী বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে প্রথম ইউনিটের পুরো বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারবে।