সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
সেভেন-আপে অতিরিক্ত ক্ষতিকর রাসায়নিকের অভিযোগ | আদালতে অনুপস্থিত সিমিন রহমান
কোমল পানীয় সেভেন-আপে অনুমোদিত মাত্রার অতিরিক্ত কৃত্রিম মিষ্টিকারক উপাদান পাওয়ার অভিযোগে দায়ের করা মামলায় নির্ধারিত দিনে আদালতে উপস্থিত হননি ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সিমিন রহমান। একই সাথে তাঁর নামে ইস্যু করা সমন যথাযথভাবে জারি করা সম্ভব হয়নি বলে জানা গেছে। সমন তামিল না হওয়ায় মামলার পরবর্তী দিন ধার্য করেছেন নিরাপদ খাদ্য আদালত। এদিকে গুরুতর এ অভিযোগের পরও বাজারে সেভেন-আপের বিক্রয় ও বিপণন স্বাভাবিক রয়েছে।
ল্যাবরেটরির রাসায়নিক পরীক্ষায় মানদণ্ডের মারাত্মক ব্যত্যয় ধরা পড়ার পর এই মামলাটি দায়ের করা হয়। এতে বাংলাদেশে সেভেন-আপের প্রস্তুতকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সিমিন রহমানকে একমাত্র আসামি করা হয়। শুনানিতে অংশ নিতে ১৬ নভেম্বর তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেছিলেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, সোমবার (১৬ নভেম্বর) ধার্য তারিখে আসামির অনুপস্থিতি এবং সমন পৌঁছানোর বিষয়টি পুলিশ নিশ্চিত না করতে পারায় পরবর্তী কার্যক্রম পিছিয়েছে। পুলিশের এই শিথিলতার কারণে আইনি ব্যবস্থা নেওয়া বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে, যার ফলে ক্ষতিকর পানীয়টির বিক্রি বন্ধেও কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান হচ্ছে না। উপরন্তু, বিএসটিআই ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মতো তদারকি সংস্থাগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সেভেন-আপের নমুনায় কৃত্রিম মিষ্টিকারক উপাদান অ্যাসপারটেম ও অ্যাসিসালফেম পটাশিয়াম নির্ধারিত মানদণ্ডের চেয়ে অনেক বেশি পরিমাণে পাওয়া গেছে। উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যানসারবিষয়ক গবেষণা সংস্থা ‘আইএআরসি’ অ্যাসপারটেমকে মানবদেহে ক্যানসার সৃষ্টির জন্য সম্ভাব্য ঝুঁকিপূর্ণ হিসেবে ‘গ্রুপ ২বি’ শ্রেণিভুক্ত করেছে। ২০২৩ সালের ১৪ জুলাই প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), আইএআরসি এবং এফএও-র যৌথ প্রতিবেদনে এ ঝুঁকি মূল্যায়নের তথ্য উল্লেখ করা হয়।
পরীক্ষাগারের বিশ্লেষণে দেখা গেছে, প্রতি নির্দিষ্ট এককে অ্যাসিসালফেম পটাশিয়ামের সর্বোচ্চ অনুমোদিত মাত্রা ৩০০ মিলিগ্রাম হলেও সেভেন-আপের নমুনায় পাওয়া গেছে ৪৫০ মিলিগ্রাম। একইভাবে ৭০০ মিলিগ্রাম নির্ধারিত অ্যাসপারটেমের উপস্থিতি পাওয়া গেছে ১ হাজার মিলিগ্রাম। পরীক্ষা করা ছয়টি রাসায়নিক সূচকের মধ্যে পাঁচটিতেই এই ধরণের বড় অসামঞ্জস্য ধরা পড়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম মিষ্টিকারকের অতিরিক্ত ব্যবহার মানবদেহে দীর্ঘমেয়াদি স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে, বিশেষ করে ফেনাইলকিটোনুরিয়া রোগীদের জন্য অ্যাসপারটেম অত্যন্ত বিপজ্জনক। ফলে ভোক্তাসাধারণ এবং শিশুরা গুরুতর ঝুঁকির মুখে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। অতি দ্রুত বাজার থেকে উক্ত লটের পণ্য সরাবার দাবি উঠে এসেছে।
বিষয়টি নিয়ে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি শফিকুজ্জামান জানান, পণ্য মানহীন বা ঝুঁকিপূর্ণ প্রমাণিত হলে সেটি সাথে সাথে বাজার থেকে প্রত্যাহার করার নিয়ম। বিষয়টি ক্যাব পর্যবেক্ষণ করবে এবং কর্তৃপক্ষের এই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন। অন্য এক মন্তব্যে খাদ্য নিরাপত্তা সংক্রান্ত বিশেষজ্ঞ মাহবুব কবীর মিলন জানান, নির্ধারিত বিডিএস মান অমান্য করা দণ্ডনীয় অপরাধ এবং ট্রান্সকম বেভারেজেস তাদের দায় কোনোভাবেই এড়াতে পারে না।
এ বিষয়ে বক্তব্য জানার জন্য ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের হেড অব ব্র্যান্ড শরিফুদ্দিন শ্যামলকে একাধিকবার কল ও বার্তা দেওয়া হলেও তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি। এমনকি ট্রান্সকম বেভারেজেস এবং সেভেন-আপের মূল প্রতিষ্ঠান পেপসিকোর নিকট ই-মেইল পাঠানো হলেও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কোনো লিখিত বক্তব্য পাওয়া যায়নি।