সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র | জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ সফল, বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে সফলভাবে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ সম্পন্ন হয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন যে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে সম্পূর্ণ ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে।
আজ মঙ্গলবার বেলা ৩টা ১৬ মিনিটে মন্ত্রীর উপস্থিতিতে রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এর কিছুক্ষণ পর বিকেল সাড়ে চারটায় সাংবাদিকদের সাথে কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, “আমরা সফলভাবে পরীক্ষাটি সম্পন্ন করেছি। এটি আমাদের জন্য এবং বাংলাদেশের জন্য একটি বড় খবর। আমরা এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে পরিচিতি লাভ করেছি।”
ফকির মাহবুব আনাম আরও বলেন, এই পরীক্ষামূলক কার্যক্রম চলমান থাকবে। প্রথম ধাপে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে এর মাত্রা কমে আবার বাড়বে এবং এভাবেই পরীক্ষাগুলো চলবে। তিনি দৃঢ়ভাবে আশা করেন যে এই প্রক্রিয়া অনুসরণ করে আগামী ফেব্রুয়ারির মধ্যে ৩৫০ মেগাওয়াট থেকে ধীরে ধীরে বাড়িয়ে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।
এই গুরুত্বপূর্ণ মুহূর্তে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম মইনুল ইসলাম, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) চেয়ারম্যান মাহমুদুল হাসান, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক জাহেদুল হাসান, প্রকল্প পরিচালক মো. কবীর হোসেন সহ সংশ্লিষ্ট প্রকৌশলী, বিজ্ঞানী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রকল্প সূত্র অনুযায়ী, ফার্স্ট গ্রিড কানেকশন (এফজিসি) কার্যক্রমের আওতায় প্রাথমিকভাবে উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করার পরিকল্পনা রয়েছে। এরপর ২৮ ঘণ্টার বিরতি দিয়ে আবার ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে পরবর্তী পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে। পরীক্ষার প্রতিটি ধাপে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন সিস্টেমের কার্যকারিতা, টারবাইন ও জেনারেটরের কর্মক্ষমতা এবং জাতীয় গ্রিডের সাথে বিদ্যুৎ সরবরাহের সামঞ্জস্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে। এসব পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে পরবর্তী পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) অনুমোদন নেওয়া হবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ভিত্তিতেই পরবর্তী ধাপে ট্রায়াল অপারেশনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম এগিয়ে যাবে।
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক জাহেদুল হাসান জানিয়েছেন, জাতীয় সঞ্চালন লাইনে এই সংযোগ দেওয়া মানেই চূড়ান্ত বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু নয়। এটি মূলত একটি গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা, যার মাধ্যমে যাচাই করা হচ্ছে যে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডের সাথে কতটা সঙ্গতিপূর্ণ এবং গ্রিড সেই বিদ্যুৎ গ্রহণে কতটা সক্ষম। ফলাফল ইতিবাচক হলে পরবর্তী ধাপের কার্যক্রম শুরু হবে।
প্রসঙ্গত, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট নির্মাণ করা হচ্ছে। দুটি ইউনিট পুরোপুরি চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে যুক্ত হওয়ার এই ঘটনা দেশের জ্বালানি খাতে পারমাণবিক শক্তির ব্যবহার বাস্তবায়নের পথে বাংলাদেশকে এক ধাপ এগিয়ে নিয়ে গেল। এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী ৩৩তম দেশের মর্যাদা লাভ করলো, যদিও এর আনুষ্ঠানিক স্বীকৃতি আসবে সমস্ত পরীক্ষা-নিরীক্ষা শেষে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার পর।