সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান | ২১১টি অ্যাসেম্বলি নিয়ে পারমাণবিক জ্বালানি আমদানির প্রক্রিয়া সম্পন্ন
দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়ামের নবম ও চূড়ান্ত চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। এর মধ্য দিয়ে বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিটের জ্বালানি আমদানির আনুষ্ঠানিক প্রক্রিয়া সফলভাবে সমাপ্ত হলো।
প্রকল্পের পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, শুক্রবার (২৭ নভেম্বর) ভোরের দিকে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সীমানায় পারমাণবিক জ্বালানি বহনকারী তিনটি বিশেষায়িত লরি এসে পৌঁছায়। বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এসব জ্বালানি প্রকল্প এলাকায় নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পের দুটি ইউনিটের চাহিদা পূরণে ৯টি চালানে মোট ২১১টি জ্বালানি অ্যাসেম্বলি দেশে আনা হয়েছে। এর মধ্যে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য সাত দফায় ১৬৩টি এবং প্রথম ইউনিটে পুনর্জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য দুই দফায় ৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এসে পৌঁছায়। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা ‘রোসাটম’-এর প্রস্তুত করা এসব জ্বালানি বিশেষ কার্গো বিমানে করে বাংলাদেশে আনা হয়।
রুশ প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ (VVER-1200) মডেলের দুটি পৃথক ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট সচল হলে কেন্দ্রটি থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে।
এদিকে জ্বালানির শেষ চালান পৌঁছানোর মাঝেই কেন্দ্রটির প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম চালানো হচ্ছে। গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো রূপপুরের প্রথম ইউনিটটি সফলভাবে জাতীয় গ্রিডের সাথে যুক্ত হয়। প্রথম দফায় প্রায় সাড়ে আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হয় এবং উৎপাদনে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ অর্জিত হয়। পরবর্তীতে ২৩ নভেম্বর দ্বিতীয় দফায় সকাল ১০টা ২০ মিনিটে পুনর্নির্ধারিত পরীক্ষায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম ১৭ নভেম্বর এই অর্জনকে দেশের জন্য এক মাইলফলক হিসেবে অভিহিত করেন। এর মাধ্যমে বিশ্ব দরবারে ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে স্থান করে নিয়েছে বাংলাদেশ।
তবে বাণিজ্যিক ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ শুরুর আগে কেন্দ্রটির সার্বিক কারিগরি সক্ষমতা, নিরাপত্তা ব্যবস্থা ও যন্ত্রাংশ পরীক্ষা সম্পন্ন করতে হবে। একই সঙ্গে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন হবে। চুক্তি অনুসারে, দশ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষে রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং পরবর্তীতে এনপিসিবিএল (নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড) আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎকেন্দ্রটির পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মঙ্গলে রহস্যময় পাথরের সারি | বিজ্ঞানীদের কাছেও যার ব্যাখ্যা নেই
১ দিন আগে
২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা
২ দিন আগে
অগণিত নক্ষত্র থাকা সত্ত্বেও রাতের আকাশ কালো কেন? অলবার্স প্যারাডক্স
৩ দিন আগে