সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ভারত শেখ হাসিনার 'আশ্রয়স্থল', আ.লীগের স্বাধীনতার চেতনা লুটপাটের স্বাধীনতা | রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ভারত হলো 'অত্যন্ত প্রশ্রয়ের জায়গা'। তিনি আরও বলেন, আওয়ামী লীগের লোকজন কথায় কথায় যে স্বাধীনতার চেতনার কথা বলে, তা আসলে তাদের লুটপাটের স্বাধীনতা।
মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় রুহুল কবির রিজভী এসব কথা বলেন। রামেক শাখা ছাত্রদল এই সভার আয়োজন করে।
রিজভী তার বক্তব্যে বলেন, 'মরহুম শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছিলেন। কেন? কারণ এটা তাদের অত্যন্ত প্রশ্রয়ের জায়গা, আনন্দের জায়গা, তাদের নিরাপত্তার জায়গা। তারা নিজেদের দেশকে নয়, ওইটাকেই বেশি মনে করে'
তিনি আরও অভিযোগ করে বলেন, 'শেখ হাসিনা, তার দলের লোক ও বুদ্ধিজীবীরা যখন স্বাধীনতার চেতনার কথা বলেন, তখন প্রশ্ন জাগে, এটা কার স্বাধীনতা? এটা কি তাদের ব্যাংক লুটের স্বাধীনতা? সোনালী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক লুটের স্বাধীনতা? তারা জনগণের কাছে স্বাধীনতার চেতনা ফেরি করে, কিন্তু নিজে দিল্লির কাছে মাথা নত করে। তাহলে চেতনা কোথায় রইল?'
বিএনপির এই নেতা দৃঢ়ভাবে বলেন, বাংলাদেশ অন্য কোনো দেশের নির্দেশে চলবে না; দেশের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতি নিজেরাই নির্ধারণ করবে। তিনি শেখ হাসিনার একটি পূর্বের উক্তি উল্লেখ করে বলেন, 'হাসিনা নিজেই বলেছিলেন, আমি ভারতকে যা দিয়েছি, তারা কোনো দিন ভুলবে না। আপনি কী এমন জিনিস দিয়েছেন যা আপনার দেশের জনগণ জানে না? বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার পরিপন্থী এমন কী জিনিস দিয়েছেন যা দেশের মানুষ জানতে পারবে না? এটি অত্যন্ত ভয়ংকর ও বিপজ্জনক বিষয়'
এ সময় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই বাঙালি জাতি নতুন করে নিরাপত্তা ও স্বাধীনতা পেয়েছিল। তাঁর আদর্শ এবং ৭ নভেম্বরের চেতনা আমাদের মূল অনুপ্রেরণা। সিপাহি-জনতার বিপ্লবের চেতনা ও জাতীয়তাবাদী দর্শনই এ দেশের সাধারণ শিক্ষার্থীদের সব সময় উজ্জীবিত করেছে।
রামেক ছাত্রদলের সভাপতি আমরি মীম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিমন আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় সহসভাপতি মোফাককারুল ইসলাম, জেলা শাখার সভাপতি ওয়াসিম হোসেন, সাধারণ সম্পাদক মনোয়ার তারিক সাবু, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি তৌহিদুর রহমান এবং রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম প্রমুখ।