সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুরে আঞ্চলিক ইজতেমার দ্বিতীয় দিনে মুসল্লিদের ঢল, জুমার নামাজে হাজারো মানুষের অংশগ্রহণ
মেহেরপুর সরকারি কলেজ মাঠে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমার দ্বিতীয় দিনে ধর্মপ্রাণ মুসল্লিদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। তাবলীগ জামাতের উদ্যোগে আয়োজিত এই সমাবেশ গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে এবং আগামীকাল শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে এর সমাপ্তি ঘটবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মুসল্লি পবিত্র জুমার নামাজে অংশ নিতে আজ শুক্রবার সকাল থেকেই ইজতেমা প্রাঙ্গণে সমবেত হন।
শুক্রবার দুপুরে ইজতেমা ময়দানে অনুষ্ঠিত জুমার নামাজে অংশ নেন বিপুল সংখ্যক মুসল্লি। এই নামাজে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জামিনুর রহমান খান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান এবং মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুহা. আবদুল্লাহ আল আমিন। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ মুসল্লিদের সঙ্গে নামাজে অংশ নেন।
আয়োজকদের পক্ষ থেকে মুসল্লিদের সুবিধার্থে এলাকাভিত্তিক আলাদা স্থান নির্ধারণ করা হয়েছে, যেখানে বিভিন্ন জেলা থেকে আসা ধর্মপ্রাণ মুসলমানরা অবস্থান করছেন। শুক্রবার দিনভর ইজতেমা মাঠে মুসল্লিদের আগমন অব্যাহত ছিল এবং আয়োজকরা আশা করছেন যে, আগামীকাল আখেরি মোনাজাতে আরও অধিক সংখ্যক মুসল্লি যোগদান করবেন।
ইজতেমাকে ঘিরে মেহেরপুর জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছেন, যা কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে।
এদিকে, ইজতেমা প্রাঙ্গণের পাশ দিয়ে বয়ে যাওয়া মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের দু’পাশে গড়ে উঠেছে অসংখ্য অস্থায়ী দোকান। এসব দোকানে আতর, জায়নামাজ, টুপি, পাঞ্জাবিসহ বিভিন্ন ধর্মীয় সামগ্রী এবং মুখরোচক খাবার বিক্রি হচ্ছে, যা ইজতেমাকে কেন্দ্র করে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেছে।