সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট
প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম ও ছবি ব্যবহার করে পরিচালিত ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ শনাক্ত করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ‘বাংলাফ্যাক্ট’ এসব ভুয়া আইডি চিহ্নিত করে। এছাড়া অপপ্রচারের দায়ে ১৯টি ওয়েবসাইট, আট শতাধিক ফেসবুক আইডি এবং শতাধিক এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে।
জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শিরীন সুলতানার এক প্রশ্নের লিখিত জবাবে এসব তথ্য নিশ্চিত করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানের অনুপস্থিতিতে তিনি এ সংক্রান্ত তথ্য তুলে ধরেন।
প্রতিমন্ত্রী জানান, গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে বাংলাফ্যাক্ট এ পর্যন্ত ১ হাজার ১৭২টি ফ্যাক্ট চেক, তথ্য বিশ্লেষণ ও অনুসন্ধানী প্রতিবেদন এবং রিল প্রকাশ করেছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে ৫৫২টি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচটি দাবির সত্যতা যাচাই করা হচ্ছে। গণমাধ্যমকর্মী ও সাধারণ পাঠকের সুবিধার্থে দ্রুতই একটি ‘ফ্যাক্ট চেক ম্যানুয়াল’ প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সচেতনতা তৈরিতে সরকারি সুযোগ-সুবিধাসহ বিভিন্ন ফিচার দৈনিক পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।
টিভি চ্যানেলের অনুমোদন ও বিটিভির আধুনিকায়ন
এমপি সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে মন্ত্রী আন্দালিভ রহমান লিখিত উত্তরে জানান, বর্তমানে দেশে সরকারি চারটির পাশাপাশি ৩৯টি বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং ১৬টি আইপি টিভি সম্প্রচারে রয়েছে। স্যাটেলাইট টিভি চ্যানেলের অনুমোদন একটি চলমান প্রক্রিয়া এবং নতুন আবেদনের ক্ষেত্রে যাচাই-বাছাই সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে সংসদ সদস্য রেজা আহাম্মেদের প্রশ্নের প্রেক্ষিতে বিটিভিকে লাভজনক করার পদক্ষেপ সম্পর্কে বলা হয়, দর্শকদের আকৃষ্ট করতে জনপ্রিয় তারকাদের নাটক, দেশি-বিদেশি কার্টুন এবং মানসম্পন্ন তুর্কি ও ইরানি সিরিয়াল প্রচারের উদ্যোগ নেওয়া হচ্ছে। পেশাদার নির্মাতাদের কাছ থেকে এসব অনুষ্ঠান সংগ্রহ করে প্রচার করলে বিটিভির দর্শকপ্রিয়তার পাশাপাশি রাজস্ব আয় বৃদ্ধি পাবে।
প্রেস কাউন্সিল আইন সংশোধন ও সাংবাদিকদের সুরক্ষা
এমপি আবদুস সাত্তার ও সুলতা জেসমিনের পৃথক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পেশাগত মান বাড়াতে ‘দ্য প্রেস কাউন্সিল (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া প্রস্তুত করা হয়েছে। প্রস্তাবিত আইনে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বার কাউন্সিলের আদলে নিবন্ধনের ব্যবস্থা এবং ভুয়া সাংবাদিকতা প্রতিরোধে শাস্তির বিধান রাখা হচ্ছে। পাশাপাশি আচরণবিধি লঙ্ঘন কিংবা মিথ্যা সংবাদ পরিবেশনের বিরুদ্ধে প্রেস কাউন্সিলকে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেওয়ার এখতিয়ার দেওয়ার প্রস্তাব রয়েছে।
অপসাংবাদিকতা রোধে তালিকা তৈরির পরিকল্পনা
সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য রুখতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বিএফইউজে, ডিইউজেসহ পেশাদার সাংবাদিক সংগঠনগুলোর সাথে আলোচনা চলছে। সংগঠনগুলোর পরামর্শের ভিত্তিতে প্রকৃত সাংবাদিকদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরির পরিকল্পনা সরকারের রয়েছে বলে তিনি উল্লেখ করেন।