হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ
পশুহাটসহ আলমডাঙ্গা পৌর এলাকার হাট-বাজারে সরকার নির্ধারিত খাজনা ও টোলের তালিকা টাঙানোর উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক শাহীনুর আক্তার। একই সঙ্গে অতিরিক্ত খাজনা আদায় সম্পর্কে সচেতনতা তৈরিতে চলছে মাইকিং। সাধারণ ক্রেতা-বিক্রেতার স্বার্থ সুরক্ষায় প্রশাসনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সচেতনমহল।
হাটে পণ্য নিয়ে আসা কৃষক কিংবা প্রয়োজনীয় জিনিস কিনতে যাওয়া সাধারণ ক্রেতা—খাজনা ও টোলের নামে বাড়তি অর্থ গুনতে হয় কি না, তা নিয়ে তাদের অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে পশুহাট, ছাগলের হাট ও পুরাতন মোটরসাইকেল হাটে।অনেক ক্ষেত্রে সরকার নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও রয়েছে। এবার সেই অনিয়মের পথ সংকুচিত করতে দৃশ্যমান উদ্যোগ নিয়েছে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন।
আলমডাঙ্গা পৌরসভার বিভিন্ন হাট-বাজার ও পৌর পশুহাটে সরকারি নির্ধারিত খাজনা ও টোলের তালিকা টাঙানো হচ্ছে। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং করে ক্রেতা-বিক্রেতাদের নির্ধারিত খাজনার হার সম্পর্কে জানানো হচ্ছে। ইউএনও ও পৌর প্রশাসক শাহীনুর আক্তারের উদ্যোগে এ প্রচার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তালিকা টাঙানো ও মাইকিংয়ের এই উদ্যোগ আপাতদৃষ্টিতে সাধারণ মনে হলেও এর তাৎপর্য রয়েছে। এমনটাই ভাবছেন শহরবাসী। কারণ, নির্ধারিত খাজনার হার সবার সামনে উন্মুক্ত থাকলে ইজারাদার বা আদায়কারীর ইচ্ছেমতো অর্থ দাবি করার সুযোগ কমবে। ভুক্তভোগীরা প্রতিবাদের ভিত্তি পাবেন। কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা নিজেরাই জানতে পারবেন কোন পণ্যের বিপরীতে কত টাকা খাজনা দিতে হবে। অতিরিক্ত অর্থ দাবি করা হলে প্রতিবাদ ও প্রতিকার চাওয়ার ক্ষেত্রও তৈরি হবে।
প্রশাসনের এ উদ্যোগের বিশেষ দিক হলো, শুধু নিয়ম মেনে চলার নির্দেশনা দিয়েই দায়িত্ব শেষ করা হয়নি; বরং নিয়মটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনের এমন দৃশ্যমান ও জনমুখী ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
তবে উদ্যোগটির প্রকৃত সুফল নির্ভর করবে এর ধারাবাহিক বাস্তবায়নের ওপর। তালিকা টাঙানো ও মাইকিংয়ের পাশাপাশি নিয়মিত তদারকি, অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ গ্রহণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা গেলে হাট-বাজারে দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমতে পারে।
আলমডাঙ্গার মানুষের প্রত্যাশা, ইউএনও শাহীনুর আক্তারের এই উদ্যোগ প্রচার-প্রচারণার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবে কৃষক, ব্যবসায়ী ও সাধারণ ক্রেতার আর্থিক স্বস্তি নিশ্চিত করবে। হাটে-বাজারে ন্যায্যতার পরিবেশ প্রতিষ্ঠায় এমন জনবান্ধব উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকুক। এ প্রত্যাশা এলাকার আমজনতার।