সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুরের গোভীপুরে তিনটি ককটেল সদৃশ বস্তু ও ‘জয় বাংলা’ চিরকুট উদ্ধার
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের উত্তরপাড়া এলাকা থেকে ‘জয় বাংলা’ স্লোগান সংবলিত চিরকুটসহ তিনটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (১১ নভেম্বর) ভোরে পরিত্যক্ত অবস্থায় লাল টেপে মোড়ানো বস্তুগুলো দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন।
স্থানীয় সূত্র জানিয়েছে, গোভীপুর উত্তরপাড়া গ্রামের মোজাহার হোসেনের ছেলে খোকন, আবুল কাশেমের ছেলে রুহুল আমীন এবং আয়োব নবীর ছেলে মিজানুর রহমানের বাড়ির পাশে পৃথকভাবে ককটেল সদৃশ বস্তুগুলো পড়ে ছিল। লাল টেপে শক্ত করে পেঁচানো এসব বস্তু দেখে সাধারণ মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। তল্লাশির সময় বস্তুর পাশেই সাদা কাগজে ‘জয় বাংলা’ লেখা একটি চিরকুট দেখতে পান প্রত্যক্ষদর্শীরা।
খবর পাওয়ার পরপরই মেহেরপুর সদর থানা পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তু তিনটি ও চিরকুটটি নিজেদের হেফাজতে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ককটেল সদৃশ তিনটি বস্তু উদ্ধার করে। এই ঘটনার পেছনে কার বা কাদের হাত রয়েছে, তা চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশি তদন্ত শুরু হয়েছে।