সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ফ্যামিলি কার্ডের প্রলোভনে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ১২ হাজার টাকা আত্মসাৎ, গাংনী থানায় অভিযোগ
মেহেরপুরের গাংনী উপজেলায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে এক দৃষ্টিপ্রতিবন্ধী নারীর বিকাশ অ্যাকাউন্ট থেকে ১২ হাজার ৮৯৯ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রতারক চক্রের বিরুদ্ধে। এই হৃদয়বিদারক ঘটনায় ভুক্তভোগী পারেছা খাতুন গাংনী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে পারেছা খাতুন আনুষ্ঠানিকভাবে গাংনী থানায় এই অভিযোগ জমা দেন। তিনি গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা এবং বুদ্ধিপ্রতিবন্ধী শাহিনের স্ত্রী।
স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, পারেছা খাতুন এবং তার স্বামী শাহীন উভয়েই প্রতিবন্ধী। তাদের দুই সন্তান, ৭ বছর বয়সী পারভেজ এবং ৪ বছর বয়সী হামিম, জন্ম থেকেই দৃষ্টিশক্তিহীন। পরিবারে একজন মানসিক ভারসাম্যহীন ননদও রয়েছেন। এই কারণে স্থানীয় মহলে তাদের পরিবারটি 'প্রতিবন্ধী সংসার' নামেই পরিচিত।
প্রায় এক দশক আগে পারেছা ও শাহিনের বিয়ে হয়। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে পারেছা তার স্বামীকে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতে পাঠান এবং কাজ শেষে নিজেই তাকে বাড়ি ফিরিয়ে আনেন। বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় শাহীন অনেক সময় তার মজুরির অর্ধেক পান। এই সীমিত আয়েই তাদের সংসার চলে। প্রতিকূলতা সত্ত্বেও পারেছা ভিক্ষাবৃত্তি বেছে নেননি, বরং ছাগল ও হাঁস-মুরগি পালন করে বাড়তি আয়ের চেষ্টা করেন। দৃষ্টিশক্তি না থাকা সত্ত্বেও তিনি নিজ হাতে রান্না করা, ঘর গোছানো, সন্তানদের খাওয়ানো ও গোসল করানোসহ সংসারের প্রায় সব কাজই দক্ষতার সঙ্গে সামলান।
পারেছা খাতুন তার অভিযোগে জানান, গত রোববার (৯ নভেম্বর) বিকেল ৩টা ৩২ মিনিট থেকে ৫টা ১০ মিনিটের মধ্যে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার মোবাইলে ফোন করেন। ফোনে তিনি পারেছার ছেলে পারভেজের নামে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলেন এবং কার্ডের টাকা পাওয়ার প্রক্রিয়া হিসেবে মোবাইলে আসা ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) নম্বর জানাতে বলেন। সরল বিশ্বাসে পারেছা সেই ব্যক্তির কথামতো ওটিপি নম্বরটি বলে দেন। এরপরই তার ০১৭২৯১৮৯৩৯২ নম্বরের বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে ০১৬২৫৫৭৯৪৯৯ নম্বরে তিন দফায় মোট ১২ হাজার ৮৯৯ টাকা সেন্ড মানির মাধ্যমে আত্মসাৎ করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারেছা খাতুন একটি লিখিত অভিযোগ করেছেন এবং বিষয়টি বর্তমানে আইনানুগ প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
জীবনের কঠিন বাস্তবতায় দুই দৃষ্টিপ্রতিবন্ধী সন্তানকে নিয়ে সংগ্রামরত পারেছার কাছে এই আত্মসাৎকৃত অর্থ ছিল তার শেষ সম্বল। ফ্যামিলি কার্ডের মিথ্যা প্রলোভনে সেই সামান্য সঞ্চয় হারিয়ে তিনি এখন গভীর সংকটে পড়েছেন।