কুষ্টিয়া-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের নির্বাচনী ইশতেহার ঘোষণা
জাতীয় নির্বাচন কুষ্টিয়া-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের নির্বাচনী ইশতেহার ঘোষণা
আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-৩ (সদর) আসনের নির্বাচনী মাঠে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। রবিবার রাতে কুষ্টিয়ার দিশা টাওয়ারের হল রুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। কুষ্টিয়া জেলা বিএনপির এই সদস্য সচিব তার ইশতেহারে মূলত কর্মসংস্থান, উন্নত শিক্ষা এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থাকে কেন্দ্র করে কুষ্টিয়াকে এই অঞ্চলের একটি আধুনিক ও শিল্পসমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তোলার রূপরেখা তুলে ধরেন।
ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের ঘোষিত ৩১ দফার এই ইশতেহারে তরুণ প্রজন্মের জন্য ব্যাপক কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বেকার যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ, জামানতবিহীন সহজ ঋণ এবং স্টার্টআপ সিড ফান্ডের পাশাপাশি জাপানিজ, কোরিয়ান ও আরবির মতো বিদেশি ভাষা শিক্ষা কেন্দ্র স্থাপনের কথা বলা হয়েছে, যাতে দক্ষ জনবল হিসেবে তারা বিদেশে কাজের সুযোগ পায়। শিক্ষার মানোন্নয়নে তিনি কুষ্টিয়ায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি অথবা টেক্সটাইল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং কুষ্টিয়া ইসলামিয়া কলেজকে জাতীয়করণের প্রতিশ্রুতি দেন। এছাড়া, এআই (AI) ভিত্তিক কানেক্টেড স্কুল ও লার্নিং সিস্টেম চালুর মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নেওয়ার কথাও তার ইশতেহারে গুরুত্ব পেয়েছে।
অবকাঠামো ও যোগাযোগ খাতের উন্নয়নে ইশতেহারে বেশ কিছু মেগা প্রকল্পের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া শহরকে গড়াই নদীর উত্তর পাশে সম্প্রসারিত করে গড়াই নদীর দুই পাড় দিয়ে ১০০ ফুট প্রশস্ত রাস্তা নির্মাণ, হরিপুর ও প্রস্তাবিত ঘোড়াঘাট ব্রিজ এবং মাসুদ রুমি সেতুর সংযোগ স্থাপন অন্যতম। কুষ্টিয়া ও পাবনার মধ্যে যোগাযোগ সহজ করতে শিলাইদহ সংলগ্ন পদ্মা নদীতে নতুন ব্রিজ নির্মাণের মাধ্যমে ‘টুইন সিটি’ গড়ার পরিকল্পনাও তুলে ধরেন তিনি। এছাড়া শহরের যানজট নিরসনে রেললাইন দক্ষিণাঞ্চলে স্থানান্তরিত করে দুটি নতুন স্টেশন স্থাপন এবং কুষ্টিয়াকে সিটি কর্পোরেশনে রূপান্তরের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন এই প্রার্থী।
স্বাস্থ্য ও পরিবেশ রক্ষা বিষয়ে ইশতেহারে বলা হয়েছে, প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে অ্যাম্বুলেন্স নিশ্চিত করাসহ কুষ্টিয়া মেডিকেল কলেজকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে। নদী শাসন ও গড়াই নদী খননের মাধ্যমে মংলা বন্দরের সঙ্গে নৌ-যোগাযোগ স্থাপন এবং জিকে সেচ প্রকল্প সংস্কার করে কৃষিখাতে বিপ্লব ঘটানোর স্বপ্ন দেখিয়েছেন তিনি। একই সঙ্গে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও দখলমুক্ত একটি সুশাসিত সমাজ গঠনের অঙ্গীকারের পাশাপাশি কুষ্টিয়াকে আনুষ্ঠানিকভাবে দেশের ‘সাংস্কৃতিক রাজধানী’ হিসেবে স্বীকৃতি আদায়ের বিষয়েও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চাপাতি ও লোহার চেইনসহ সোহেল রানা রাব্বি গ্রেফতার
১ দিন আগে
আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত: ৫ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান
১ দিন আগে
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাদকবিরোধী কঠোর অভিযানে মাদক ব্যবসায়ী হুসাইনসহ আটক ৪ : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদন্ড
১ দিন আগে