সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
কাদা-পানিতে নাজেহাল ঝিনাইদহের নতুন হাটখোলা | চরম দুর্ভোগে ক্রেতা-বিক্রেতারা
ঝিনাইদহ পৌরসভার ঐতিহ্যবাহী নতুন হাটখোলায় সামান্য বৃষ্টিতেই দেখা দিয়েছে চরম অব্যবস্থাপনা। কাদা আর জমা পানিতে পুরো হাট এলাকা প্লাবিত হয়ে যেন রূপ নিয়েছে ধান রোপণের ক্ষেতে। হাটের ভেতরের অলিগলি থেকে শুরু করে মূল চলাচলের রাস্তায় বড় বড় গর্ত ও চাকার দাগ তৈরি হয়ে চলাচলের একদম অনুপযোগী হয়ে পড়েছে। এতে কেনাকাটা করতে আসা ক্রেতা ও নিয়মিত ব্যবসায়ীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, একটু বৃষ্টি হলেই হাটের বিভিন্ন পয়েন্টে পানি জমে থাকে এবং পুরো এলাকা কাদায় একাকার হয়ে যায়। কাদা মাড়িয়ে কেনাকাটা করতে গিয়ে চরম বিপাকে পড়ছেন সাধারণ মানুষ, আর পণ্য পরিবহনে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা।
শহরের আরাপপুর এলাকা থেকে আসা ক্রেতা রফিকুল ইসলাম নিজের ক্ষোভ প্রকাশ করে জানান, বৃষ্টি হলেই এই হাটের অবস্থা রূপ নেয় নারকীয় দৃশ্যে। কাদার মধ্য দিয়ে হাঁটার সময় জামাকাপড় ও জুতো নষ্ট হয়ে যায় এবং যেকোনো মুহূর্তে পা পিছলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থাকে।
হাটের সবজি বিক্রেতা আব্দুল হালিম বলেন, "দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করছি। কিন্তু সামান্য বৃষ্টি হলেই পুরো হাট কাদায় সয়লাব হয়ে যায়। মালামাল নিয়ে দোকানে ঢোকাই কঠিন হয়ে পড়ে। কাদার কারণে ক্রেতারাও আসতে চান না, যার সরাসরি প্রভাব পড়ে আমাদের বেচাকেনায়। পৌরসভায় বারবার জানিয়েও কোনো প্রতিকার পাইনি।"
পবহাটি এলাকার বাসিন্দা সেলিনা খাতুন হাটে কেনাকাটা করতে এসে বলেন, এই কাদামাখা পরিবেশে নারী ও বয়স্ক মানুষদের হাঁটাচলা করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। হাটের ভেতর কোথাও একফোঁটা শুকনো জায়গা খুঁজে পাওয়া যায় না। তিনি দ্রুত হাটের রাস্তাঘাট সংস্কারের দাবি জানান।
মাছ বিক্রেতা মনির হোসেন হাটের ধারণক্ষমতা ও অবকাঠামো নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, বৃষ্টির পর দোকানের সামনে কাদা জমে থাকায় ক্রেতারা কাছে ঘেঁষতে চান না। দীর্ঘদিনের এই সমস্যা দূর করতে হাটের রাস্তাগুলো দ্রুত পাকা করার পাশাপাশি টেকসই ড্রেনেজ বা পানি নিষ্কাশনের ব্যবস্থা করা প্রয়োজন।
এ বিষয়ে ঝিনাইদহ পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ রাশেদ আলী খান জানান, নতুন হাটখোলার অভ্যন্তরীণ সড়ক সংস্কারের জন্য আরইউটিডিপি (RUTDP) প্রকল্পের আওতায় উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং আগামী সপ্তাহ থেকেই সংস্কার কাজ শুরু হবে। দ্রুতই এই সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
সম্পত্তি নিয়ে সন্তানদের ১৩ ঘণ্টার বিরোধ
১ দিন আগে
ঝিনাইদহে নড়াইলের জাসাস নেতা সোহেল মোল্লা হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
১ দিন আগে
ঝিনাইদহে নারীর মিথ্যা অপবাদ ও অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
২ দিন আগে