সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মালয়েশিয়ায় আয়রনম্যান | আরাফাতসহ ১৩ বাংলাদেশির সফল পদক জয়, আরাফাত নবম স্থানে
পৃথিবীর অন্যতম কঠিন ট্রায়াথলন প্রতিযোগিতা 'আয়রনম্যান' আজ (শনিবার) মালয়েশিয়ার লংকাউইতে অনুষ্ঠিত হয়েছে। এই আসরে পূর্ণ দূরত্বের আয়রনম্যান (৩.৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং ও ৪২.২ কিলোমিটার দৌড়) এবং অর্ধ-দূরত্বের আয়রনম্যান (১.৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং ও ২১.১ কিলোমিটার দৌড়) প্রতিযোগিতা আয়োজিত হয়। এই দুই ইভেন্টে অংশগ্রহণ করে বাংলাদেশের মোট ১৩ জন ট্রায়াথলেট সাফল্যের সঙ্গে তাঁদের চ্যালেঞ্জ সম্পন্ন করেছেন। আয়রনম্যানের অফিশিয়াল ওয়েবসাইট ও অ্যাপ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ আয়রনম্যান মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত পূর্ণ দূরত্বের প্রতিযোগিতাটি ১০ ঘণ্টা ৫২ মিনিট ১৮ সেকেন্ড সময় নিয়ে সম্পন্ন করেছেন। তিনি তাঁর ৩৫–৩৯ বছর বয়স গ্রুপে ৬৬ জন প্রতিযোগীর মধ্যে নবম স্থান অধিকার করেছেন এবং সামগ্রিকভাবে ৫০৬ জনের মধ্যে ৫০তম স্থান অর্জন করেছেন। এটি আরাফাতের ২৩তম আয়রনম্যান প্রতিযোগিতা, যার মধ্যে ১৪টি পূর্ণ-দূরত্বের এবং ৯টি অর্ধ-দূরত্বের ইভেন্ট রয়েছে। মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত প্রথম আলোকে হোয়াটসঅ্যাপে জানিয়েছেন, “আজকের প্রতিযোগিতায় সফল হওয়া আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। আমি চাই, বাংলাদেশের আরও তরুণরা আয়রনম্যানে অংশ নিক।” পেশাগত জীবনে আরাফাত বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক হিসেবে কর্মরত।
পূর্ণ দূরত্বের আয়রনম্যান সফলভাবে সম্পন্ন করা অন্যান্য বাংলাদেশিরা হলেন: মো. সাজ্জাদ হোসেন (১২ ঘণ্টা ২৯ মিনিট ৪৩ সেকেন্ড, বয়স গ্রুপ ২৫–২৯ বছর), মোহাম্মদ আতাওর রহমান (১৪ ঘণ্টা ২৭ মিনিট ১০ সেকেন্ড, বয়স গ্রুপ ৪০–৪৪ বছর), বদর উদ্দিন (১৪ ঘণ্টা ৩৫ মিনিট ৭ সেকেন্ড, বয়স গ্রুপ ৫০–৫৪ বছর), মো. সজীব (১৫ ঘণ্টা ২২ মিনিট ৩২ সেকেন্ড, বয়স গ্রুপ ৩৫–৩৯ বছর) এবং মো. ইমতিয়াজ–বিন–ফারুক ভূঁইয়া (১৬ ঘণ্টা ২০ মিনিট ৩৩ সেকেন্ড, বয়স গ্রুপ ৩৫–৩৯ বছর)। তবে, ফাতিন আল ফারাবী অসুস্থতার কারণে এই প্রতিযোগিতাটি শেষ করতে পারেননি।
একই দিনে মালয়েশিয়ায় অর্ধ-দূরত্বের আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। এতে ৯ জন বাংলাদেশি অংশ নেন, যার মধ্যে ৭ জন সাফল্যের সঙ্গে ফিনিশিং লাইন অতিক্রম করেছেন। এই সাতজন সফল ট্রায়াথলেটরা হলেন: মোহাম্মদ আলীমুজ্জামান খান (৭ ঘণ্টা ৫ মিনিট ৩০ সেকেন্ড, বয়স গ্রুপ ৪০–৪৪ বছর), মো. রফিকুল ইসলাম (৭ ঘণ্টা ১৪ মিনিট ২২ সেকেন্ড, বয়স গ্রুপ ৪০–৪৪ বছর), ইয়াসির ইবনে ইউসুফ (৭ ঘণ্টা ১৬ মিনিট ৪৪ সেকেন্ড, বয়স গ্রুপ ৩৫–৩৯ বছর), মনোজ প্রসাদ (৭ ঘণ্টা ১৯ মিনিট ৪৯ সেকেন্ড, বয়স গ্রুপ ৪০–৪৪ বছর), মুহাম্মদ শাকিরুল হক (৭ ঘণ্টা ২৪ মিনিট ৩৭ সেকেন্ড, বয়স গ্রুপ ৪৫–৪৯ বছর), মো. আরমান রশিদ (৭ ঘণ্টা ৪৫ মিনিট ৩৩ সেকেন্ড, বয়স গ্রুপ ৪০–৪৪ বছর) এবং মো. মানিক দেওয়ান (৭ ঘণ্টা ৫০ মিনিট ৫৪ সেকেন্ড, বয়স গ্রুপ ৪০–৪৪ বছর)।

অর্ধ-দূরত্বের আয়রনম্যান ৭০.৩ সম্পন্ন করতে পারেননি দুই প্রতিযোগী সাইফুর রহমান ও আয়েশা নায়ার। এছাড়া, ঢাকা থেকে অংশগ্রহণকারী নেদারল্যান্ডসের লেনি হরস্টিংক (৫ ঘণ্টা ২৬ মিনিট ১৭ সেকেন্ড, বয়স গ্রুপ ৪৫–৪৯ বছর) এবং স্পেনের সুসানা লিজানো গ্র্যানেনা (৭ ঘণ্টা ৩১ মিনিট ৫ সেকেন্ড, বয়স গ্রুপ ৪৫–৪৯ বছর) সফলভাবে প্রতিযোগিতাটি সম্পন্ন করেছেন।
আজকের পূর্ণ-দূরত্বের আয়রনম্যান প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন চীনের লিচ্যাং ঝু। ৪০–৪৪ বছর বয়স গ্রুপে তিনি ৯ ঘণ্টা ৪ মিনিট ২৫ সেকেন্ড সময় নিয়েছেন। আয়রনম্যান প্রতিযোগিতায় দীর্ঘ ১১ বছর অংশ নেওয়ার পর তিনি এই সাফল্য পেলেন। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন যথাক্রমে ফ্রান্সের লরেন্ট মারসিলক্স (৯ ঘণ্টা ৮ মিনিট ৫০ সেকেন্ড, বয়স গ্রুপ ৪০–৪৪ বছর) এবং অস্ট্রেলিয়ার আসাদ আট্টামিমি (৯ ঘণ্টা ২০ মিনিট ৪ সেকেন্ড, বয়স গ্রুপ ৫০–৫৪ বছর)।
আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগিতায় অস্ট্রেলিয়ার জেড রেডবোন ৪ ঘণ্টা ৪ মিনিট ৫৫ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন, তাঁর বয়স গ্রুপ ২৫–২৯ বছর। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার লুরি ওয়াটসন (৪ ঘণ্টা ২১ মিনিট ৪৮ সেকেন্ড, বয়স গ্রুপ ১৮–২৪ বছর) এবং মালয়েশিয়ার ওই ইয়ি ইয়াপ (৪ ঘণ্টা ২২ মিনিট ৪৫ সেকেন্ড, বয়স গ্রুপ ১৮–২৪ বছর)।