সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড মাদকসম্রাট ‘এল চাপো ইসিদ্রো’ গ্রেপ্তার, সিনালোয়ায় সহিংসতা
মেক্সিকোর অন্যতম কুখ্যাত মাদকসম্রাট ফাউস্তো ইসিদ্রো মেজা ফ্লোরেস, যিনি ‘এল চাপো ইসিদ্রো’ নামে পরিচিত, দেশটির সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। তার সঙ্গে মাদক পাচারকারী সংগঠনের আরও দুই শীর্ষ নেতাকে আটক করা হয়েছে।
শুক্রবার রাতে মেক্সিকোর সিনালোয়া রাজ্যে একটি বড় ধরনের সামরিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে দেশটির নিরাপত্তা প্রধান এই গুরুত্বপূর্ণ গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন।
এল চাপো ইসিদ্রো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)-এর ১০ জন মোস্ট ওয়ান্টেড পলাতক আসামির একজন। মার্কিন পররাষ্ট্র দপ্তর সূত্রে জানা গেছে, তিনি ও তার অপরাধী চক্র ২০ বছরেরও বেশি সময় ধরে বিপুল পরিমাণ হেরোইন, মেথামফেটামিন, কোকেন এবং গাঁজা যুক্তরাষ্ট্রে পাচার করে আসছিলেন।
ইসিদ্রোকে ‘বেলত্রান লেইভা’ মাদক চক্রের অন্যতম প্রধান নেতা হিসেবে গণ্য করা হতো। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, এই চক্র শক্তিশালী সিনালোয়া কার্টেলের ‘লস মায়োস’ গোষ্ঠীর সঙ্গে জোটবদ্ধ হয়ে কাজ করত।
গ্রেপ্তারের পর ব্যাপক সহিংসতা
শুক্রবার রাতের সামরিক অভিযানের পর সিনালোয়া রাজ্যে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। মেক্সিকোর নিরাপত্তা বাহিনী এবং মাদক চক্রের সদস্যদের মধ্যে বিভিন্ন স্থানে সশস্ত্র সংঘর্ষ হয়। কয়েকটি এলাকায় মাদক কারবারিরা সড়কের ওপর প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাতে আগুন ধরিয়ে দেয়, যার ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।
মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছে, দেশটির সেনাবাহিনী ও ন্যাশনাল গার্ডের বিশেষ বাহিনী এই অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে নিবিড় সমন্বয় ছিল।
পোস্টে আরও উল্লেখ করা হয়েছে যে, আশপাশের বেশ কয়েকটি পৌর এলাকায় মাদক চক্রের সদস্যরা সড়ক অবরোধ করেছিল। এসব অবরোধ অপসারণের জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সিনালোয়ার গুয়াসাভে এলাকায় মেক্সিকোর নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার থেকে মাটিতে লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে। অন্য একটি ভিডিওতে দেখা যায়, একটি বেসবল খেলা চলাকালীন স্থানীয় বাসিন্দারা প্রাণ বাঁচাতে ছোটাছুটি করছেন এবং রাতের একটি বাজারের কাছেও কয়েকজনকে আশ্রয় নিতে দেখা যায়।
মার্কিন চাপ
এল চাপো ইসিদ্রোর গ্রেপ্তার এমন এক সময়ে ঘটল যখন যুক্তরাষ্ট্রের ক্রমাগত চাপের মুখে মেক্সিকো একের পর এক প্রভাবশালী সন্দেহভাজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার বা অভিযানে হত্যা করছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার হুমকি দিয়েছেন যে, যদি মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের প্রশাসন মাদক চক্রগুলোর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা না নেয়, তাহলে যুক্তরাষ্ট্র একতরফাভাবে মেক্সিকোর অভ্যন্তরে সামরিক অভিযান চালাবে।
এল চাপো ইসিদ্রোর গ্রেপ্তারের বিষয়ে তাৎক্ষণিক মন্তব্যের জন্য হোয়াইট হাউস, মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং এফবিআইয়ের সঙ্গে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।