সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ইতালিতে মজুরি বৃদ্ধি ও জনসেবায় বরাদ্দ বাড়ানোর দাবিতে হাজারো শিক্ষার্থীর তুমুল বিক্ষোভ
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অর্থনৈতিক নীতি ও বাজেট প্রস্তাবনার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে দেশজুড়ে সর্বাত্মক আন্দোলনে নেমেছেন হাজার হাজার শিক্ষার্থী ও শ্রমিক। মজুরি বৃদ্ধি এবং স্বাস্থ্য ও শিক্ষার মতো জরুরি সামাজিক খাতগুলোতে সরকারি খরচ বাড়ানোর দাবিতে দেশটির বৃহত্তম ট্রেড ইউনিয়ন সিজিআইএল (CGIL)-এর আহ্বানে এক সর্বাত্মক ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
জীবনযাত্রার ক্রমাগত ঊর্ধ্বমুখী ব্যয় এবং সরকারের সামরিক বাজেট বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে ইতালি ছাড়াও ইউরোপের বেশ কয়েকটি দেশে তরুণেরা রাস্তায় নেমেছেন। একই দিনে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, অস্ট্রিয়া এবং বেলজিয়ামেও তরুণ ও শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচি আয়োজনের সংবাদ পাওয়া গেছে।
ইতালির একাধিক শ্রমিক সংগঠন ও শিক্ষার্থী গ্রুপ ভিন্ন ভিন্নভাবেও ধর্মঘটের ডাক দিয়েছিল। দেশের প্রধান প্রধান শহরগুলোতে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সিজিআইএলের শীর্ষ নেতা মরিজিও লানদিনি বলেন, "আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুধু ইতালি নয়, পুরো ইউরোপজুড়েই তরুণেরা নতুন এক পরিবর্তনের দাবিতে রাস্তায় নেমে এসেছেন। সাধারণ মানুষের ক্ষোভ দিন দিন বাড়ছে।"
একদিনের এ ধর্মঘটে সরকারি ও বেসরকারি—উভয় খাতের বিপুলসংখ্যক চাকরিজীবী অংশ নেন। শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যসেবা খাতের কর্মচারীরাও কর্মসূচির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন। গণপরিবহনে ন্যূনতম বাধ্যবাধকতার সেবা চালু রাখা হলেও বিমান ও রেল পরিসেবা সাধারণ ধর্মঘটের আওতামুক্ত রাখা হয়েছিল। তবে আলাদা একটি রেল ধর্মঘটের কারণে ট্রেন চলাচলেও প্রভাব পড়ার কথা জানানো হয়েছে।
২০২৭ সালের পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে মেলোনি সরকারের ২৬ বিলিয়ন ইউরোর (প্রায় ৩ হাজার কোটি ডলার) প্রস্তাবিত বাজেট ঘিরে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বিক্ষোভকারীদের দাবি, এ বাজেটে তরুণ ও শ্রমজীবী মানুষদের জীবনমান উন্নয়নে সুনির্দিষ্ট ব্যবস্থা রাখা হয়নি। আয় বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় কমানোর প্রস্তাব উপেক্ষা করার অভিযোগ উঠেছে।
বিক্ষোভে অংশ নেওয়া ২৪ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লরা পেরিতোরে ক্ষোভ প্রকাশ করে বলেন, "বর্তমান সরকার ধাপে ধাপে আমাদের স্বাস্থ্যসেবা ও শিক্ষ খাতের বরাদ্দ কাটছাঁট করছে। তারা আমাদের বর্তমানকে অনিশ্চিত করে ভবিষ্যৎ কেড়ে নিতে চাচ্ছে। তবে আমরা পিছিয়ে যাব না, নিজেদের অধিকার আদায় করেই ছাড়ব।"
অন্যদিকে, দেশটির শিল্পমন্ত্রী আদোলফো উরসো ধর্মঘটকে 'সময়পূর্ব' আখ্যা দিয়ে দাবি করেছেন যে, বাজেটের পূর্ণাঙ্গ চিত্র দেখার আগেই ধর্মঘটের আহ্বান জানানো হয়েছে। তবে তিনি আন্দোলনকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, পার্লামেন্টে বাজেট নিয়ে চলমান আলোচনায় তাদের যৌক্তিক দাবিগুলো বিবেচনা করা হতে পারে।