আলমডাঙ্গায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা ও পৌর এলাকার ৩৯টি পূজামণ্ডপের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা, যানবাহন চলাচল, সড়ক ব্যবস্থাপনা এবং স্বেচ্ছাসেবকদের দায়িত্বসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহীনূর আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর কুমার মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমীন আক্তার, পল্লি সঞ্চয় উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ার হোসেন, আলমডাঙ্গা থানার এসআই আমিনুর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, কালিদাসপুর জামায়াতের আমীর আশাদুল হক, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আল মামুন, আনসার-ভিডিপি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পল্লি বিদ্যুৎ আলমডাঙ্গা জোনাল অফিসের ডিজিএম বিজয় চন্দ্র কুন্ড, ওজোপাডিকোর উপসহকারী প্রকৌশলী সঞ্জয় কুমার সরকার, চুয়াডাঙ্গা জেলা হিন্দু মহাজোটের সদস্য সচিব রাম পদ সাহা, উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক ডা. অমল কুমার বিশ্বাস, সদস্য সচিব পরিমল কুমার কালু ঘোষ, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি জয় কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক তন্ময় ধর, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পলাশ কুমার আচার্য্যসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং ৩৯টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শাহীনূর আক্তার বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আলমডাঙ্গায় শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রত্যেক ধর্মের মানুষ যাতে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করতে পারেন, তা নিশ্চিত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।
তিনি বলেন, প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হবে। গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারিও জোরদার থাকবে। প্রতিটি পূজামণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনতে হবে এবং অগ্নিনিরাপত্তার বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, পূজা উদযাপনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা, গুজব বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করার সুযোগ দেওয়া হবে না। মণ্ডপের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আয়োজক কমিটি, স্বেচ্ছাসেবক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এছাড়া উপজেলা ও পৌর এলাকার সব পূজামণ্ডপে সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে হবে।
সভায় পূজামণ্ডপে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, যানজট নিয়ন্ত্রণ, মণ্ডপে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সেবা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
সভা শেষে সংশ্লিষ্ট সবার সমন্বিত সহযোগিতায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের প্রত্যয় ব্যক্ত করা হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় ফুটপাত ও ব্রিজ দখলমুক্ত করতে অভিযান; আনন্দধামের ঝুঁকিপূর্ণ দোকান সরানোর নির্দেশ
১১ ঘন্টা আগে
আলমডাঙ্গা ব্যায়ামাগার কর্তৃক নিউরো সার্জন অধ্যাপক ডা. মোখলেছুর রহমানকে সংবর্ধনা প্রদান
১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন
১৪ ঘন্টা আগে