আলমডাঙ্গায় অজ্ঞাত সাপের কামড়ে ৮ বছরের শিশুর মৃত্যু : একমাত্র ছেলেকে হারিয়ে শোকে পরিবার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় অজ্ঞাত সাপের কামড়ে ৮ বছরের শিশুর মৃত্যু : একমাত্র ছেলেকে হারিয়ে শোকে পরিবার
আলমডাঙ্গায় অজ্ঞাত সাপের কামড়ে হোসাইন আলী (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর রাতে ঘুম থেকে উঠে সে পরিবারের সদস্যদের জানায়, তাকে কোনো কিছু কামড় দিয়েছে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হোসাইনের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম।
নিহত হোসাইন আলী আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের সাইফুল ইসলামের ছেলে। বর্তমানে তারা আলমডাঙ্গা পৌর এলাকার আনন্দধাম দক্ষিণপাড়ায় আনন্দধাম থেকে এরশাদপুর গামী পাশ ক্যানেলের পাশে বাড়ি করে বসবাস করছিল। হোসাইন ছিল তার বাবা-মায়ের একমাত্র ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) দিনগত ভোর রাতে ঘুম থেকে উঠে হোসাইন পরিবারের সদস্যদের জানায়, তাকে কোনো কিছু কামড় দিয়েছে। বিষয়টি জানানোর পর পরিবারের সদস্যরা তাকে স্থানীয় ডাক্তারের নিকট নিয়ে যায়। তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সকাল ৮টার দিকে স্বজনরা তাকে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে হোসাইনকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যদের ধারণা, রাতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়েই তার মৃত্যু হয়েছে। তবে তার শরীলে সাপে কামড়ের কোন দাগ পাওয়া যায়নি।
একমাত্র ছেলেকে হারিয়ে বাবা-মা ও স্বজনরা দিশেহারা হয়ে পড়েছেন। আদরের সন্তানকে হারানোর শোকে তাদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। পরে হাসপাতাল থেকে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলে স্বজনরা তা বাড়িতে নিয়ে যান।
হোসাইনের এমন আকস্মিক মৃত্যুতে বেলগাছি গ্রামের স্বজন ও আনন্দধাম দক্ষিণপাড়ার প্রতিবেশীদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।