আলমডাঙ্গায় ফুটপথ দখল ও অবৈধ পার্কিং উচ্ছেদে কঠোর অভিযান: দুই ব্যবসায়ীকে জরিমানা
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ফুটপথ দখল ও অবৈধ পার্কিং উচ্ছেদে কঠোর অভিযান: দুই ব্যবসায়ীকে জরিমানা
আলমডাঙ্গা শহরের ফুটপথ ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনা, মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে উপজেলা ও পৌর প্রশাসন। ফুটপথ দখলমুক্ত ও শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে শুরু হয়েছে অভিযান। অভিযানে দুই ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ফুটপথ দখল করে রাখা বিভিন্ন মালামাল ও মুরগির খাঁচা জব্দ করে পৌরসভায় নেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে আলিফ উদ্দিন সড়ক মোড় থেকে অভিযান শুরু হয়ে মাছ বাজার, মুরগি বাজার ও কাঁচাবাজার এলাকায় টানা প্রায় দুই ঘণ্টা চলে। অভিযানে নেতৃত্ব দেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাহীনূর আক্তার। এ সময় তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী।
প্রশাসনের পক্ষ থেকে অভিযানের কয়েকদিন আগে শহরের ফুটপথ দখলমুক্ত রাখতে মাইকিং করে ব্যবসায়ী ও দখলদারদের সতর্ক করা হয়। কিন্তু সতর্কবার্তা উপেক্ষা করে অনেকে ফুটপথে মালামাল রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।
প্রশাসনের অভিযান শুরু হওয়ার খবর ছড়িয়ে পড়তেই ফুটপথ দখল করে ব্যবসা করা দোকানিরা দ্রুত মালামাল সরিয়ে নিতে শুরু করেন। একই সঙ্গে ফুটপথে পার্ক করে রাখা মোটরসাইকেলও সরিয়ে নেওয়া হয়। অভিযানের সময় আলিফ উদ্দিন সড়কের মুরগি বাজার এলাকায় ফুটপথ দখল করে রাখা মুরগির খাঁচা, মালামাল রাখার খাঁচি ও অন্যান্য সামগ্রী জব্দ করে পৌরসভায় নিয়ে যাওয়া হয়।
এ সময় আলিফ উদ্দিন সড়কের ইলেকট্রনিকস মেকার লালুকে ফুটপথে ফ্রিজ রাখার অপরাধে ১ হাজার টাকা এবং মাছ বাজারের মাছ ব্যবসায়ী আব্দুল মজিদকে ফুটপথে বসে ব্যবসা পরিচালনার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাহীনূর আক্তার ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করে বলেন, ফুটপথ দখল করে ব্যবসা পরিচালনা, মালামাল রাখা কিংবা পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করলে কোনো ছাড় দেওয়া হবে না। ফুটপথে মোটরসাইকেল পার্কিংও সম্পূর্ণ নিষিদ্ধ। নির্দেশনা অমান্য করলে আইন অনুযায়ী জরিমানা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, সকাল থেকে রাত ৮টা পর্যন্ত কোনো ভারী যানবাহন শহরে প্রবেশ করতে পারবে না। একই সময়ের মধ্যে শহরের সড়কে মালামাল ওঠানামাও নিষিদ্ধ থাকবে। শহরের যানজট নিরসন ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।
প্রশাসনের এমন কঠোর অভিযানে শহরের ফুটপথ ও সড়ক দখল করে ব্যবসা করা এবং যত্রতত্র পার্কিংয়ের বিরুদ্ধে বার্তা স্পষ্ট হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, শহরের ফুটপথ ও সড়ক কারও ব্যক্তিগত সম্পত্তি নয় জনসাধারণের চলাচলের জায়গা দখল করে ব্যবসা কিংবা পার্কিং করার সুযোগ আর দেওয়া হবে না।
অভিযানে আলমডাঙ্গা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা, পৌরসভার কর্মকর্তা, কর্মচারী এবং আলমডাঙ্গা থানার এসআই কাজী শফিকুল ইসলামসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে আসলেন চুয়াডাঙ্গায়
২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রবাসী ব্যবসায়ী মেয়র প্রার্থী হাসিবুল হক লিপুর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন স্থাপন
৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ফুটপাত ও ব্রিজ দখলমুক্ত করতে অভিযান; আনন্দধামের ঝুঁকিপূর্ণ দোকান সরানোর নির্দেশ
১৬ ঘন্টা আগে