আলমডাঙ্গায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডার থেকে পাওয়া শাড়ি বিতরণ
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডার থেকে পাওয়া শাড়ি বিতরণ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আলমডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বী দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডার থেকে পাওয়া শাড়ি বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) আলমডাঙ্গা উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলমডাঙ্গা পৌরসভা ও ১৫টি ইউনিয়নে বিভিন্ন গ্রামের সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নারীদের মাঝে ১শ ৮০টি শাড়ি বিতরণ করা হয়।
শাড়ি বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। এময় তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসবের আনন্দ যেন সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের ঘরেও পৌঁছে যায়, সে জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধেরও বহিঃপ্রকাশ। আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই, যেখানে সব ধর্মের মানুষ নিরাপদে ও আনন্দের সঙ্গে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলা উদ্দিন ও উপজেলা প্রকৌশলী মেজবাহুর রহমান। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উজ্জ্বল কুমার কুণ্ডুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপুসহ উপজেলার বিভিন্ন গ্রামের সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গ্রামের অসচ্ছল ও অসহায় সনাতন ধর্মাবলম্বী নারীদের হাতে শাড়ি তুলে দেওয়া হয়। শারদীয় দুর্গোৎসবের আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়।