আলমডাঙ্গার ডাউকি গ্রামে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা
দূর্ঘটনা আলমডাঙ্গার ডাউকি গ্রামে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা
শরিফুল ইসলাম রোকন : আলমডাঙ্গা উপজেলার ডাউকি গ্রামে পান বোরজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ জন কৃষকের কয়েক বছরের স্বপ্ন মুহূর্তেই ছাই হয়ে গেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, উপজেলার ডাউকি গ্রামের পশ্চিমপাড়া জান্নাতুল বাকী কবরস্থান সংলগ্ন মাঠে গ্রামের মোতালেপ (১৮ কাটা), আহম্মদ আলী (১২ কাটা), রিপন (১২ কাটা), টিপু (৫ কাটা) ও মিঠু (৬ কাটা) প্রায় ৪-৫ বছর আগে পান বোরজ স্থাপন করে চাষ শুরু করেন। এর আগে একবার বোরজ নষ্ট হয়ে গেলেও নতুন করে আবার স্বপ্ন বুনেছিলেন তারা। বর্তমানে প্রতিটি বোরজেই বিক্রির উপযোগী পান ভর্তি ছিল।
রোববার দুপুরে মোতালেপের বোরজের দিক থেকে আগুনের সূত্রপাত হয়। মাত্র কয়েক মিনিটের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের সব বোরজে। দাউ দাউ করে জ্বলতে থাকে পান ভর্তি বোরজগুলো। এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর আলমডাঙ্গা স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই অধিকাংশ বোরজ পুড়ে যায়।
স্টেশন অফিসার আল মামুন জানান, “সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি প্রায় সব পুড়ে গেছে। কিছু স্থানে অল্প আগুন ছিল, সেগুলো দ্রুত নিভিয়ে ফেলা হয়।
এলাকাবাসীর অভিযোগ, নির্জন এলাকা হওয়ায় মাঝে মাঝে সেখানে মাদকসেবীদের আড্ডা বসত। ঘটনাস্থলে মাদক সেবনের কিছু সরঞ্জামও পাওয়া গেছে বলে জানা গেছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক মোতালেপ কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ১৮ কাটা জমির বোরজে ৩-৪ লাখ টাকার পান ছিল। মাত্র বিক্রি শুরু করেছি। ভেবেছিলাম পান বিক্রি করে ঋণ শোধ করব। এখন আমি কীভাবে ঋণ পরিশোধ করব? আমার আর কিছুই রইল না, আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম।
আরেক কৃষক আহম্মদ আলী বলেন, আমারও অনেক টাকা ঋণ আছে। এই পানের টাকাতেই সংসার চলত। এখন মানুষ চায়ের দোকানে গেলেও হয়তো চা খাওয়াবে না। আমাদের সব স্বপ্ন আগুনে শেষ হয়ে গেল।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ কৃষকই এখন দিশেহারা। কয়েক বছরের পরিশ্রম আর ধারদেনা করে গড়া পান বোরজ মুহূর্তে পুড়ে যাওয়ায় পরিবারগুলো চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারের আর্থিক সহায়তা ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা ও উপজেলা নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা এবং ডাউকি ইউনিয়ন জামায়াতের আমীর সজিবুর রহমান ক্ষতিগ্রস্ত বোরজ ঘুরে দেখেন এবং কৃষকদের সঙ্গে কথা বলেন।
নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, কয়েক বছরের পরিশ্রম ও ধারদেনা করে গড়া বোরজ এভাবে পুড়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক। আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে আছি এবং থাকবো।
তারা প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্তদের তালিকা করে দ্রুত আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম্যানকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডেলিভারি ম্যান রহস্যজনকভাবে নিখোঁজ
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১
১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা
১ দিন আগে