সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
অবৈধ অস্ত্রের অবাধ ব্যবহার | খুলনাসহ দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে প্রাণহানি
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ ও আতঙ্ক ক্রমাগত বাড়ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত খুন, ডাকাতি ও ছিনতাইয়ের খবর আসছে, যা নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে। এসব অপরাধের নেপথ্যে রয়েছে অবৈধ আগ্নেয়াস্ত্রের অবাধ ব্যবহার। সম্প্রতি খুলনার দিঘলিয়ায় নাসিমুল করিম নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। এছাড়া গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খুলনা লবণচরা থানা বিএনপির নেতা মো. ইকবাল শেখ। এর আগে গত সোমবার আক্তার ঢালী (৬০) নামের এক বৃদ্ধকে তাঁর বাড়ির সামনে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। মাত্র দেড় মাস আগে তাঁর ছেলে জয় ঢালীকেও (২৭) একইভাবে হত্যা করা হয়েছিল।
পুলিশ ও মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) সাম্প্রতিক তথ্যমতে, দেশজুড়ে অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। চলতি বছরের প্রথম ৯ মাসে ঢাকা, খুলনা ও চট্টগ্রামসহ দেশের ২১টি জেলায় মোট ১৩৮টি গুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ৬৭ জন নিহত এবং ১৪৫ জন আহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে খুলনা বিভাগে, যেখানে ৩৯টি ঘটনায় ১৫ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। চট্টগ্রামে নিহতের সংখ্যা ১৩ জন। অন্যদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, গত ৯ মাসে রাজধানীতে ১৭টি গুলির ঘটনায় ৬ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া ৫ হাজার ৭৬৩টি অস্ত্রের মধ্যে প্রায় ১ হাজার ৩০০টিরও বেশি অস্ত্র এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এই বিশাল পরিমাণ অস্ত্রের একটি বড় অংশ এখন অপরাধীদের হাতে চলে গেছে। এর বাইরেও সীমান্ত পেরিয়ে অবৈধ পথে দেশে আসছে চোরাই অস্ত্র। জননিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত পাহারা জোরদার করার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে অবিলম্বে একটি সমন্বিত ও কঠোর অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা।