সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অনুপ্রবেশের তথ্য দিলে পুরস্কারের ঘোষণা বিজিবির
যশোর সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপ্রবেশের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য দিতে পারলে তথ্যদাতাকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৫ নভেম্বর) বিকেলে যশোর ৪৯ ব্যাটালিয়ন সদর দফতরে সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি ও অনুপ্রবেশ রোধকল্পে আয়োজিত এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেন ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
মতবিনিময় সভায় লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম খান জানান, নানা অপকৌশল অবলম্বন করে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী ভারতে পালিয়ে গিয়েছেন, যাদের বড় একটি অংশ বর্তমানে কলকাতা ও পশ্চিমবঙ্গে অবস্থান করছেন। ভৌগোলিক দূরত্বের দিক থেকে যশোর ও সাতক্ষীরা সীমান্ত কলকাতা ও পশ্চিমবঙ্গের নিকটবর্তী হওয়ায় ধারণা করা হচ্ছে, এসব সীমান্ত পথ ব্যবহার করে তারা পুনরায় বাংলাদেশে প্রবেশের অপচেষ্টা চালাতে পারেন। তাই এই দুটি সীমান্তে অনুপ্রবেশ ঠেকানোর জন্য ৪৯ ব্যাটালিয়নের আওতাধীন এলাকা জুড়ে বিজিবির কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে।
বিজিবির এই ঊর্ধ্বতন কর্মকর্তা আরও জানান, সীমান্ত এলাকার স্পর্শকাতর পয়েন্টগুলোতে ইতোমধ্যেই সিসিটিভি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়েছে। নাইট টহলের সময় পোর্টেবল সার্চলাইটের পাশাপাশি প্রয়োজনে ড্রোন ব্যবহারের মাধ্যমে আকাশপথেও সার্ভেইল্যান্স চালানো হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে বিজিবি স্থানীয়দের পাশে নিয়ে দিনরাত টহল কার্যক্রম বাড়াবে।
তিনি আশ্বস্ত করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্যের অনুপ্রবেশ ঘটলে সেই তথ্য বিজিবিকে জানালে তথ্যদাতার নাম-পরিচয় সম্পূর্ণ গোপন রেখে তাকে বিশেষ পুরষ্কারে ভূষিত করা হবে। এখন পর্যন্ত কোনো অনুপ্রবেশকারীকে সীমান্তে সুযোগ দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও কাউকে ঢুকতে দেওয়া হবে না বলে তিনি দৃঢ় হুঁশিয়ারি ব্যক্ত করেন।