সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ড | পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরালেন শিক্ষিকা
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ক্লাস টেস্ট চলাকালীন সময়ে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটলেও, তাৎক্ষণিক পদক্ষেপের কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই আকস্মিক দুর্যোগে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনারকলি ফারজানা শ্রেণীকক্ষে আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে বিচক্ষণতার সাথে শিক্ষার্থীদের দ্রুত ক্লাস থেকে বের করে নিরাপদ স্থানে সরিয়ে নেন। খবর পেয়ে বামন্দী পল্লী বিদ্যুৎ অফিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিদ্যুতের লাইন মেরামত করে।
স্থানীয়রা জানান, শর্ট সার্কিট থেকে আগুনের খবর শুনে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং দেখতে পান শিক্ষার্থীদের সবাই নিরাপদে বের হয়ে এসেছে। তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে, বড় ধরনের বিপদ থেকে সবাই রক্ষা পেয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারতো বলে তাদের ধারণা।
তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তামিম আহাম্মেদ ও মহিমা খাতুন জানায়, আগুন ও ধোঁয়া উড়তে দেখে তাদের ম্যাডাম দ্রুত তাদের ক্লাস থেকে বাইরে বের করে নিরাপদে সরিয়ে নেন। তারা খুব ভয় পেয়ে গিয়েছিল, তবে তাদের কোনো ক্ষতি হয়নি। তাদের শিক্ষক প্রথমে শিক্ষার্থীদের বের করে দেন এবং তারপর নিজে বের হন। ভয়ে তারা তাদের বইপত্র ফেলেই ঘর থেকে বেরিয়ে এসেছিল।
সহকারী শিক্ষক আনারকলি ফারজানা বলেন, "আমি ইসলাম শিক্ষার ক্লাস টেস্ট পরীক্ষা নিচ্ছিলাম। পরীক্ষার শুরুতেই বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন ও ধোঁয়া দেখতে পাই। তাৎক্ষণিক আমি শিক্ষার্থীদের দ্রুত ক্লাস থেকে বের করে দিই। আল্লাহ সবাইকে হেফাজত করেছেন, বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।" তিনি আরও যোগ করেন, "আমাদের বিদ্যালয়ে ফায়ার এক্সটিংগুইশার ছিল, যা দ্রুত ব্যবহার করে আগুন নেভানো সম্ভব হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমি নিজেকে স্বাভাবিক রেখেছিলাম।"
বামন্দী সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (ও এন্ড এম) মো: কামাল হোসেন জানান, বামন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট থেকে আগুন লাগার খবর পেয়ে তাদের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং বিদ্যুতের লাইনের কিছু জরুরি কাজ সম্পন্ন করে। বাকি কাজ আগামীকাল শেষ করা হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান বলেন, "আমাদের এক সহকারী শিক্ষিকা ক্লাস টেস্ট পরীক্ষা নিচ্ছিলেন। সে সময় আগুন বা ধোঁয়া দেখে তিনি শিক্ষার্থীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেন। আল্লাহ আমাদের বড় বিপদ থেকে রক্ষা করেছেন। যদি এই আগুন পুরো ঘরে ছড়িয়ে যেত, তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেত।"
গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রশীদ জানান, তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন এবং খোঁজখবর নিয়েছেন। এতে কারো কোনো ক্ষতি হয়নি। বামন্দী পল্লী বিদ্যুৎ অফিসের সাথে কথা হয়েছে এবং তারা সব কিছু ঠিক করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।